ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর প্রলোভন, ৫ হাজার জাল ভিসাসহ গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ১০:৪৭ অপরাহ্ণ

সার্বিয়ায় পাঠানোর কথা বলে জনপ্রতি ছয় লাখ টাকা নেওয়া হতো। ভুক্তভোগীদের বিশ্বাস অর্জনে তাঁদের হাতে তুলে দেওয়া হতো ভিসাও। তবে সেই ভিসা ছিল জাল। বিমানবন্দরে অভিবাসন পুলিশের যাচাইয়ে জালিয়াতি ধরা পড়ার আগেই প্রতারক চক্রের সদস্যরা হাতিয়ে নিত টাকা।

এভাবে বিদেশে যাওয়ার আশায় প্রতারণার শিকার হয়েছেন কয়েকজন। এমন একটি চক্রের সদস্য আবদুল মাবুদকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ।

আজ রোববার সকালে চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকার একটি হোটেল থেকে আবদুল মাবুদকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে বিভিন্ন এলাকার ১৭টি পাসপোর্ট ও সার্বিয়ার পাঁচ হাজার জাল ভিসা উদ্ধার করা হয়। গ্রেপ্তার মাবুদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া পাসপোর্টগুলো ময়মনসিংহ, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার ব্যক্তিদের। সার্বিয়ায় যাওয়ার আশায় এসব ব্যক্তি প্রতারক চক্রের হাতে পাসপোর্ট তুলে দিয়েছিলেন। বিদেশে পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে চক্রটি তাদের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করেছিল।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নগরের একটি হোটেলে অভিযান চালিয়ে আবদুল মাবুদকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বিভিন্ন এলাকার ১৭টি পাসপোর্ট পাওয়া গেছে। এ ছাড়া সার্বিয়ার পাঁচ হাজার ভিসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে সেগুলো জাল বলে শনাক্ত করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, চক্রটির প্রতারণার কৌশল ছিল পরিকল্পিত। প্রথমে ছয় লাখ টাকার বিনিময়ে সার্বিয়ায় পাঠানোর প্রস্তাব দেওয়া হতো। বিদেশে যাওয়ার আগ্রহীদের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহের পর তাদের বিশ্বাস অর্জনের জন্য ভিসা দেওয়া হতো। ভিসা হাতে পাওয়ার পর অনেকেই বিদেশযাত্রা নিশ্চিত হয়েছে বলে মনে করতেন। কিন্তু এর আগেই তাদের কাছ থেকে টাকা নিয়ে নিত চক্রের সদস্যরা।

ওসি জাহেদুল কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল মাবুদ এসব কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, চক্রটি ভুক্তভোগীদের জাল ভিসা দিয়ে বিমানবন্দরে পাঠাত। সেখানে অভিবাসন পুলিশের যাচাইয়ে ভিসা জাল বলে ধরা পড়ত। তখন চক্রের সদস্যরা ভুক্তভোগীদের অন্য কোনো সমস্যা থাকার কথা বলে দায় এড়ানোর চেষ্টা করতেন।

ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে মাবুদ জানিয়েছেন, এভাবে কয়েকজন বিমানবন্দর থেকে ফিরে এসেছেন। তবে প্রতারণার সঙ্গে চক্রের আর কারা জড়িত, কতজন এর শিকার হয়েছেন এবং তাদের কাছ থেকে মোট কত টাকা নেওয়া হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে কার্নিভাল : ক্যাম্পিং থেকে গো-কার্টিং, থাকছে ২৪ ঘণ্টার বিনোদন
পরবর্তী নিবন্ধপুলিশের ভ্যান চুরির ঘটনায় এক এসআইসহ বরখাস্ত ৪ সদস্য