বৈরী আবহাওয়ার কারণে টানা তিন দিন বন্ধ থাকার পর আবারও সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকালে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে পাঁচটি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। এসব জাহাজে করে ১ হাজার ৮৭০ জন পর্যটক দ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৭টা থেকে ৮টার মধ্যে পর্যায়ক্রমে জাহাজগুলো যাত্রা শুরু করে। বিকেল সাড়ে তিনটার দিকে জাহাজগুলো সেন্ট মার্টিন থেকে আটকে পড়া আট শতাধিক পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছে।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে পড়ায় গত বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ ছিল। এতে দ্বীপে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েন। তাঁদের মধ্যে কয়েক শ পর্যটক গতকাল শনিবার সার্ভিস ট্রলার ও কাঠের নৌকায় করে টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে ফিরে আসেন। তবে আরও আট শতাধিক পর্যটক দ্বীপে থেকে যান।
স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানান, তিন দিনের অনিশ্চয়তা কাটিয়ে আটকে পড়া পর্যটকদের ফেরার পথ খুলেছে। একই সঙ্গে দ্বীপের পর্যটন কার্যক্রমেও স্বাভাবিক পরিবেশ ফিরে আসার আশা করছেন তাঁরা।











