কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ বিস্ফোরক, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস(আইইডি) তৈরির খোল ও অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ধারণা, দেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতার ছক ছিল পাচারকারীদের।
এ ঘটনায় দুটি অটোরিকশার চালককে আটক করা হয়েছে। পালিয়ে গেছেন মোটরসাইকেলে থাকা আরও তিন ব্যক্তি। জব্দ করা হয়েছে দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল।
আজ রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের নতুন পল্লানপাড়ার আবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার মো. হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮)।
বিজিবি জানায়, শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বটতলী থেকে পর্যটনপাড়া আদর্শগ্রাম হয়ে অস্ত্র ও বিস্ফোরকের একটি বড় চালান পরিবহনের খবর পাওয়া যায়। এরপর সংশ্লিষ্ট এলাকায় পাঁচটি চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান শুরু করে বিজিবি।
অভিযান চলাকালে আদর্শগ্রামের একটি কাঁচা সড়ক দিয়ে আসা দুটি অটোরিকশাকে থামার সংকেত দেন বিজিবি সদস্যরা। চালকদের জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, গাড়িতে থাকা মালামাল সামনের একটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের। পরে মোটরসাইকেলটি থামানোর চেষ্টা করলে আরোহীরা পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন। একপর্যায়ে মোটরসাইকেলে থাকা তিনজন সেটি ফেলে অন্ধকারে পালিয়ে যান।
পরে অটোরিকশা দুটি বিজিবি সদর দপ্তরে নিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বস্তার ভেতরে প্লাস্টিকের ড্রাম ও এলপিজি গ্যাস সিলিন্ডারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক এবং ২৫৪ রাউন্ড গুলি। এ ছাড়া আইইডি তৈরির ১০৩টি খালি ধাতব কৌটা, বৈদ্যুতিক তার, স্কচটেপ, টুলস বক্স ও দিয়াশলাইয়ের বাক্স উদ্ধার করা হয়েছে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৩ কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গানপাউডার, ১ কেজি ৮৫২ গ্রাম মোটা দানার বিস্ফোরক, ২ কেজি ৭০৮ গ্রাম মাঝারি দানার বিস্ফোরক এবং ২ কেজি ৪৯ গ্রাম মিহি দানার বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের বল ও ৩ কেজি পেরেক জব্দ করা হয়।
বিজিবির প্রাথমিক ধারণা, দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে একটি চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করে পরিবহন করছিল। মিয়ানমার থেকে চোরাই পথে এসব সামগ্রী আনা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে বাহিনীটি। তবে চালানটির প্রকৃত মালিক এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের বিষয়।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক মজুত এবং পরিবহন প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
আটক দুই ব্যক্তি, উদ্ধার করা অস্ত্র-বিস্ফোরক ও জব্দ যানবাহনের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।











