সৌদি নেতৃত্বাধীন জোটের বিশেষ সামরিক অভিযানের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ার পর সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। খবর বাসসের।
চলতি গ্রীষ্মে প্রতিবেশী ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে সৌদি আরবের ওপর হামলার মাত্রা বেড়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিচ্ছে রিয়াদ। অন্যদিকে দেশটির হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন জোট। এএফপির একজন সাংবাদিক জানিয়েছেন, সৌদি কর্তৃপক্ষ রাজধানী রিয়াদে শত্রুপক্ষের আকাশপথে হামলার আশঙ্কা জানিয়ে সতর্কতা জারি করার কিছুক্ষণ পরই শহরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ওই সতর্কতা প্রত্যাহার করা হয়। এরপর সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রাজধানী রিয়াদ অভিমুখে ছোড়া হুতিদের তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
ইরান–সমর্থিত হুতিরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, তারা সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানী রিয়াদও রয়েছে। শুক্রবার লোহিত সাগর উপকূলের বন্দরনগরী হোদেইদা এবং অন্যান্য স্থানে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল হুতিরা। এর পরই নতুন করে হামলার ঘটনা ঘটল। জোটের দাবি, হোদেইদা বন্দরে অস্ত্র চোরাচালান এবং অস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত স্থাপনাগুলো লক্ষ্য করে বিশেষ অভিযান চালানো হয়েছে। এ ছাড়া সানা, সাদা ও তাইজ প্রদেশেও হামলা চালানো হয়েছে। কয়েক মাস ধরে চলা সংঘাতের পর এসব হামলার মধ্য দিয়ে ইয়েমেনে সহিংসতা আরও বেড়েছে।










