ব্রাজিলের সাবেক তারকা দানি আলভেসের জীবনে বড় পরিবর্তন এসেছে কারাগারে কাটানো সময়ের পর। একসময় ফুটবল মাঠে আলো ছড়িয়ে লাখো ইউরো আয় করেছেন। অথচ স্পেনের কারাগারে কাজ করে পাওয়া মাত্র ১১৩ ইউরোতেই নাকি পেয়েছেন বেশি সুখ। সমপ্রতি এক ধর্মীয় আলোচনায় নিজের জীবনের এই পরিবর্তনের কথা তুলে ধরেছেন সাবেক এই ডিফেন্ডার। ধর্মীয় প্রচারক হিসেবে বক্তব্য দিতে গিয়ে আলভেস জানান, বিশ্বাস ও স্রষ্টার প্রতি আস্থা তাকে এমন এক সুখ ও পরিতৃপ্তি দিয়েছে, যা খেলোয়াড়ি জীবনে কখনো পাননি। বার্সেলোনার কাছের ব্রায়ান্স–২ কারাগারে ১৪ মাস কাটানোর অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, সেখানে কাজ করে পেয়েছিলেন ১১৩ ইউরো। শ্রোতাদের উদ্দেশে আলভেস বলেন, ‘সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা, আমি লাখো ইউরো আয় করেছি। কিন্তু কারাগারে ১১৩ ইউরো আয় করেও লাখো ইউরো আয়ের সময়ের চেয়ে বেশি সুখী ছিলাম।’ স্রষ্টার সঙ্গে নিজের সম্পর্ক ও জীবন সম্পর্কে বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি আরও বলেন, ‘আমি অনেক প্রশ্ন করি। তার সামনে আমি যেন এক শিশু। সবকিছু নিয়েই তাকে প্রশ্ন করি।’ সামপ্রতিক সময়ে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশে অংশ নিচ্ছেন আলভেস। ইভানজেলিক্যাল ধর্মীয় প্রচারক হিসেবে কাজ শুরু করার পর প্রকাশ্যে কারাবাসের অভিজ্ঞতা এবং নিজের আধ্যাত্মিক পরিবর্তনের কথা বলছেন তিনি। ২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইটক্লাবে এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে আলভেসের বিরুদ্ধে। এর পর ২০২৩ সালের জানুয়ারিতে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে একটি আদালত তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেন। তবে এক মিলিয়ন ইউরো জামিনে ওই বছরের মার্চেই সাময়িক মুক্তি পান তিনি। এর আগে প্রায় ১৪ মাস বিচার–পূর্ব কারাবাসে ছিলেন। পরে ২০২৫ সালের মার্চে কাতালোনিয়া অঞ্চলের সর্বোচ্চ আদালত আপিলের শুনানি শেষে আগের রায় বাতিল করে আলভেসকে খালাস দেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, আগের রায়ে বেশ কিছু অসংগতি ছিল এবং নির্দোষ থাকার আইনি অনুমান নাকচ করার মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। মাঠের খেলায় ইউরোপের বড় বড় ক্লাবে খেলেছেন আলভেস। বার্সেলোনা, জুভেন্টাস ও প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে জিতেছেন অসংখ্য ঘরোয়া ও আন্তর্জাতিক শিরোপা। বার্সেলোনার পরিসংখ্যান অনুযায়ী, ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপাজয়ী খেলোয়াড়দের একজন তিনি। তার ঝুলিতে রয়েছে ৪৬টি আনুষ্ঠানিক শিরোপা। বার্সেলোনার হয়ে ৪০৯ ম্যাচে ২৩ গোল করেছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। জিতেছেন ২৩টি ট্রফি, যার মধ্যে রয়েছে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও ছয়টি লা লিগা। জুভেন্টাসের হয়ে জিতেছেন সিরি আ এবং পিএসজির হয়ে দুবার ফরাসি লিগ শিরোপা। ব্রাজিল জাতীয় দলের হয়ে ১২৬ ম্যাচ খেলেছেন আলভেস। ২০০৭ ও ২০১৯ সালে জিতেছেন কোপা আমেরিকা। এ ছাড়া ২০০৯ ও ২০১৩ সালে কনফেডারেশন্স কাপও জিতেছেন তিনি।












