মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তল-গুলিসহ আটক ২

মিরসরাই প্রতিনিধি | শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১১:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসাইয়ের করেরহাটে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা শান্তি পরিবহনের বাসটি করেরহাট পৌঁছালে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা দুজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে জোরারগঞ্জ থানা-পুলিশের অভিযানিক দল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমের নেতৃত্বে ১ নম্বর করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় তল্লাশিচৌকি বসানো হয়। বাসটি চৌকি অতিক্রমের সময় থামিয়ে তল্লাশি করা হলে যাত্রী সালাহউদ্দিন আকবর (৪৪) ও ইবনে জাহিদ (৩৪)-এর হেফাজত থেকে অস্ত্র ও গুলি পাওয়া যায়।

ওসি আব্দুল হালিম বলেন, “ঢাকার উদ্দেশে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা বাসটির দুই যাত্রীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

পূর্ববর্তী নিবন্ধদুই মাসের ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল বোয়ালখালীর প্রকৌশলীর