দুই মাসের ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন। কত স্বপ্ন ছিল, প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে আবার ফিরে যাবেন কাতারে। সেখানে অপেক্ষায় ছিল তাঁর কর্মজীবন, আর দেশে রেখে যেতে হবে স্ত্রী ও আট মাসের ছোট্ট মেয়েকে। কিন্তু কে জানত, এই ফেরা হবে জীবনের শেষ ফেরা! ডেঙ্গু কেড়ে নিল ৩৪ বছর বয়সী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজের প্রাণ। প্রিয়জনদের কাছে রেখে গেলেন একরাশ স্মৃতি, অপূর্ণ স্বপ্ন আর বুকভাঙা এক বিদায়।
মৃত্যুর আগে হাসপাতালের বিছানায় শুয়ে হয়তো নিজের পরিণতি কিছুটা আঁচ করতে পেরেছিলেন পারভেজ। তাই শেষ মুহূর্তে ভগ্নিপতি গিয়াস উদ্দিনকে কাছে ডেকে বুকের ওপর তাঁর হাত রেখে বলেছিলেন, ‘আমি মনে হয় বাঁচব না। আমার ছোট্ট কলিজা মেয়েকে আপনার হাতে দিয়ে গেলাম।’
বাবার মুখে এমন কথা শোনার বয়সও হয়নি ছোট্ট ফারহিনানা পারভেজ আয়রার। মাত্র আট মাস বয়সী মেয়েটি হয়তো কোনো দিন জানতেও পারবে না, জীবনের শেষ মুহূর্তে তার কথা ভেবেই কতটা ব্যাকুল ছিলেন বাবা। যে মেয়েকে ঘিরে ছিল তাঁর ভবিষ্যতের স্বপ্ন, সেই মেয়েকেই রেখে না ফেরার দেশে চলে গেলেন তিনি।
গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভেজ। পাঁচ দিন আগে জ্বর নিয়ে শুরু হয়েছিল তাঁর অসুস্থতা। পরে রক্ত পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হয় তাঁকে।
পারভেজের বাবা আহম্মদ নবী ছেলের অসুস্থতা ও মৃত্যুর খবর বলতে গিয়ে যেন হারিয়ে ফেলেছেন ভাষা। যে ছেলেকে ঘিরে ছিল পরিবারের অনেক আশা-ভরসা, সেই ছেলেই আজ নেই। বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাংলা পাড়া নুর হোসেন সওদাগরের বাড়ির সন্তান পারভেজ ছিলেন দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড়।
২০১৮ সালে জীবিকার সন্ধানে কাতারে পাড়ি জমান পারভেজ। সেখানে ব্যবসা করতেন তিনি। প্রবাসজীবনে এর আগে তিনবার দেশে এসেছিলেন। এবার প্রায় ২০ থেকে ২৫ দিন আগে দুই মাসের ছুটিতে দেশে ফেরেন। ভেবেছিলেন, ছুটি শেষে আবার ফিরবেন কর্মস্থলে। কিন্তু ডেঙ্গুর আকস্মিক আঘাতে থেমে গেল তাঁর পথচলা।
পারভেজের ছোট বোনের স্বামী গিয়াস উদ্দিন জানান, দুই বছর আগে দেশে এসে বিয়ে করেন পারভেজ। স্ত্রী আছমিরা মেহনাজের সঙ্গে তাঁদের সংসারে আসে ছোট্ট কন্যা ফারহিনানা পারভেজ আয়রা। মেয়েকে ঘিরেই ছিল তাঁর অনেক স্বপ্ন। অথচ সেই মেয়েকে বড় হতে দেখার সুযোগটুকুও আর হলো না তাঁর।
হাসপাতালে পারভেজের শেষ সময়ের সাক্ষী ছিলেন গিয়াস উদ্দিন। মৃত্যুর আগে হাতের ইশারায় তাঁকে কাছে ডেকে নিজের বুকের ওপর তাঁর ডান হাত রেখে মেয়ের দায়িত্ব নেওয়ার আকুতি জানান। একজন বাবার জীবনের শেষ মুহূর্তে সন্তানের ভবিষ্যৎ নিয়ে এমন উদ্বেগ যেন পুরো পরিবারকে স্তব্ধ করে দিয়েছে।
গিয়াস উদ্দিনের কণ্ঠেও ঝরে পড়ে স্বজন হারানোর বেদনা। তিনি বলেন, ‘দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন পারভেজ। কিন্তু প্রবাসে আর ফেরা হলো না তাঁর। ফিরতে হলো মাটির কবরে।’
শনিবার জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয় পারভেজকে। মাটির নিচে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। কিন্তু বাড়িতে রয়ে গেল তাঁর অপেক্ষায় থাকা স্ত্রী, আট মাসের নিষ্পাপ কন্যা আর শোকে মুহ্যমান পরিবার। যে বাবা মেয়ের হাত ধরে বড় হওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেই বাবার স্মৃতিই একদিন হয়তো মেয়ের কাছে হয়ে থাকবে সবচেয়ে বড় পরিচয়।











