চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুরে ছাত্রদল ও যুবদলের একটি মোটরসাইকেল মিছিলে হামলার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নেতা-কর্মীদের দাবি, এ সময় মিছিলের পেছনে থাকা দুইটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। ঘটনার জের ধরে ছাত্রদল ও যুবদলের কর্মীরা স্থানীয় এক যুবলীগ নেতার বাড়িতে ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে নানুপুর ইউনিয়নের কিপাইত নগর এলাকায় এ ঘটনা ঘটে।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের অভিযোগ, বিকেলে তাঁরা ৩৫ থেকে ৪০টি মোটরসাইকেল নিয়ে কিপাইত নগর এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে অতর্কিত হামলা চালান।
তাঁদের দাবি, হামলাকারীরা দুটি মোটরসাইকেলে আগুন দেন এবং মারধর করেন। এতে ছাত্রদল ও যুবদলের ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় মঞ্জু নামের আহত একজন আজাদীকে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে মাইকে ঘোষণা দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা চালানো হয়েছে।’
মিছিলে হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা স্থানীয় যুবলীগ নেতা রেজাউল করিমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান আজাদীকে বলেন, মাইকে ‘ডাকাত’ বলে ঘোষণা দিয়ে মিছিলে থাকা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ভুক্তভোগীরা দুটি মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ করলেও ঘটনাস্থলে এখন পর্যন্ত একটি মোটরসাইকেল পাওয়া গেছে।
ওসি আরও বলেন, হামলার পর উত্তেজিত নেতাকর্মীরা রেজাউল করিমের বাড়ির জানালার কাচ ভাঙচুর করেছেন। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
উল্লেখ্য, ঘটনার আগের দিন শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের সময় রেজাউল করিমের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল বের হয়েছিল।











