সাজেকে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলির খবর, জেএসএসের অস্বীকার

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ৫:২৯ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সংগঠনের গোলাগুলির খবর পাওয়া গেছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের মাচালং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

সাজেক থানার ওসি মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির খবর শুনেছি। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

নিরাপত্তাবাহিনীর সূত্রগুলো বলছে, শনিবার সকালে মাচালংয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যরা সেনাবাহিনীর ওপর গুলি ছোড়েন। পরে সেনাবাহিনীও পাল্টা গুলি ছোড়ে।

জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক এবং মুখপাত্র সজীব চাকমা আজাদীকে বলেন, ‘সাজেকে গোলাগুলির কোনো খবর আমার জানা নেই। আর গোলাগুলি হলেও এ ঘটনার সঙ্গে জনসংহতি সমিতির কোনো সম্পৃক্ততা নেই।’

এ বিষয়ে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
এর আগে গত ২২ অক্টোবর সাজেকের উজোবাজারে সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছিল আইএসপিআর। তবে ইউপিডিএফ তা অস্বীকার করে।

প্রসঙ্গত, সাজেক ইউনিয়ন থেকে জেএসএসের ‘সশস্ত্র’ সদস্যদের প্রত্যাহারের দাবিতে ইউপিডিএফ-সমর্থিত স্থানীয় দুটি সংগঠন কয়েক দফায় সড়ক অবরোধের ডাক দেয়। টানা অবরোধের কারণে সাজেক পর্যটনকেন্দ্র সড়কে এখনো যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধ চলাকালে গত ৩১ অক্টোবর ও ১ নভেম্বর সাজেকের দুটি এলাকায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়। তবে দুই পক্ষই তা অস্বীকার করেছিল।

পূর্ববর্তী নিবন্ধএসএসসিতে এক শিক্ষার্থীর ১১ বিষয়ে ফল পরিবর্তন, চট্টগ্রাম বোর্ডের তিন কর্মচারী গ্রেপ্তার