‘চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’

জাতীয় শ্রমিক শক্তি চট্টগ্রাম মহানগর শাখার সংবাদ সম্মেলন

| শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

​চট্টগ্রাম বন্দর, গণপরিবহন, ঘাট ও শিল্পাঞ্চলগুলোতে বছরের পর বছর ধরে চলা চাঁদাবাজি ও সিন্ডিকেট রাজত্বের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তি, চট্টগ্রাম মহানগর। গতকাল ​শুক্রবার বিকাল ৫টায় জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের কর্ণফুলী হলে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ ও অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ এই হুঁশিয়ারি দেন। ​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় শ্রমিক শক্তি, চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক সাহাদাত হাছান সবুজ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব ঋআজ মোরশেদ, এছাড়া আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংগঠক ফারুক হোসেন এবং চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব আমজাদ হোসেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দর, গণপরিবহন, ঘাট এবং শিল্পাঞ্চলগুলোকে কেন্দ্র করে যারা বছরের পর বছর ধরে কোটি কোটি টাকার চাঁদাবাজি ও সিন্ডিকেট রাজত্ব চালিয়ে আসছেন, তাদের সুদিন শেষ। শ্রমিকের কষ্টের টাকায় কোনো চাঁদাবাজ বা রাজনৈতিক মাফিয়ার পকেট ভরতে দেওয়া হবে না। যদি আর একটি টাকাও কোনো শ্রমিকের কাছ থেকে জোরপূর্বক আদায় করার চেষ্টা করা হয়, তবে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি চুপ করে বসে থাকবে না; রাজপথেই সেই সিন্ডিকেটের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সদস্য সচিব ঋআজ মোরশেদ ​গার্মেন্টস মালিক ও শিল্পপতিদের উদ্দেশ্যে বলেন, শ্রমিকদের রক্তের ওপর দাঁড়িয়ে অর্জিত মুনাফা ভোগ করবেন, অথচ তাদের ন্যায্য পাওনা, বকেয়া বেতন এবং কাজের নিরাপদ পরিবেশ দেবেন না, এই শোষণ আর সহ্য করা হবে না

শ্রম আইন লঙ্ঘন করে শ্রমিক ছাঁটাই, হয়রানি কিংবা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা শ্রমিকদের ন্যায়সংগত দাবিতে তাদের সঙ্গে নিয়ে আইনি ও রাজপথের আন্দোলন গড়ে তুলব। ​এ সময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে নবগঠিত জাতীয় শ্রমিক শক্তি, চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়া নেওয়ার কথা বলে ৮ দিন সাগরে, শেষে সৈকতে নামিয়ে দিল পাচারকারীরা
পরবর্তী নিবন্ধআহত শিক্ষার্থীকে হাসপাতালে দেখতে গেলেন উপাচার্য