মননশীল প্রাবন্ধিক ও গবেষক ড. শামসুল আলম সাঈদ

আরিফ চৌধুরী | শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

সকল প্রতিভাময়ী মানুষের জীবন সাধনার মধ্য দিয়ে অতিবাহিত হয় কালের সময়। কীর্তিমান মানুষের অস্তিত্বকে খুঁজে শিল্পের অনন্ত পরিধির মাঝে তাকে খুঁজে শিল্প, সাহিত্যের দীঘল পথচলায়। সমাজের মানুষের মাঝে তুলে আনার সৃজনমুখী প্রচেষ্টায় নীত হলেই যে কোনো কীর্তিমান মানুষ তার স্মৃতির যথাযথ মূল্যায়নে সমাজের কাছে বিকশিত হয়ে উঠে। তেমনি একজন প্রগতিশীল ও মননশীল প্রাবন্ধিক, গবেষক ড. শামসুল আলম সাঈদ। যার সাহিত্যের সাধনার অনুজ্জ্বল দীপ্তিতে তার মৌলিক অবস্থানের সাথে সাহিত্য সাধনা ছিল তার মূল আত্মপ্রকাশ মাধ্যম।

তার সাহিত্য সাধনায় নিরন্তর অধ্যবসায় লেখার নিয়মিত চর্চায় অপ্রতিদ্বন্দ্বী অবদান বাংলা কথাসাহিত্যকে সমৃদ্ধি করেছে।

সমাজ ও সমাজের অসুন্দরের বিরুদ্ধে তার মননশীল ও সুস্থ ধারার মৌলিক সাহিত্য সাধনা আমাদের সামনে তুলে ধরেছে তার নতুন এক চেতনার ধারা। তার সৃষ্টির মাধ্যমে আমরা তাকে পাঠকের কাছে নিবিড়ভাবে উপস্থাপনাই আজকে এমন কৃতিমান মানুষকে নতুন করে পরিচয় করিয়ে দিতে পারে। যান্ত্রিক সভ্যতার নাগরিক জীবনের টানাপোড়েন মাঝে ও তিনি নিমজ্জন ছিলেন অসামপ্রদায়িক গণতান্ত্রিক অধিকার ও চেতনায় সাহিত্য সাধনায় মগ্ন।

লেখালেখির শুরু থেকে সাহিত্যের প্রতিটি শাখায় ধাপে পদচারণা থাকলেও মূলত: তিনি একজন আলোকিত মননশীল কথাকার, প্রাবন্ধিক, গবেষক হিসাবে খুব অল্প সময়েই ড. শামসুল আলম সাঈদের সুখ্যাতি স্বীকৃত হয়েছে। জীবনের টানাপোড়েনের চলার পথের শুরুতে তিনি শিক্ষকতা পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যম, সংবাদপত্র ও সাময়িকীতে নিবন্ধ, প্রবন্ধ, কলাম লিখে সমাদৃত হয়েছিলেন।

লেখালেখির শুরু কবিতা দিয়ে হলেও তিনি সংবাদপত্রের পাতায় ১৯৫৭ সালে প্রথম গল্প লিখে তার পথচলা শুরু করেছিলেন। ১৯৯০ সালে চট্টগ্রামে অবস্থানকালে তিনি চট্টগ্রামের মানস সম্পদ লিটল ম্যাগাজিনের বিষয় নিয়ে আগ্রহ প্রকাশ করেন। চট্টগ্রামের প্রকাশিত ১৯৪৭ সাল থেকে ১৯৯০ সাল নাগাদ প্রকাশিত লিটল ম্যাগাজিনের গতিপথ ও সংখ্যা নিয়ে নিরন্তর গবেষণায় লিপ্ত হলেন তিনি।

তথ্যবহুল লিটল ম্যাগাজিনের বিষয়, তার চরিত্র, লেখকদের লেখার বিষয়, প্রকৃতি ও লিটল ম্যাগাজিনের গতিপথ নিয়ে গবেষণায় দীর্ঘদিন ধরে তার পরিশ্রমের ফসল আকর গ্রন্থ ‘চট্টগ্রামের মানস সম্পদ’ (১৯৯২)।

বইয়ের ভূমিকায় তিনি লিখেছিলেন– চট্টগ্রামকে ভালোবাসার ফল ও দীর্ঘ পরিশ্রমের পর আমার এ মানস সম্পদ নিয়ে এ গ্রন্থ কোন একটা মূল্য বহন করতে পারে তবে তাতেই আমার সার্থকতা। এই বই পাঠকের খোলা দৃষ্টিতে প্রথম আলোকপাতে হয়তোবা কোন আলো দেবে না কিন্তু দিব্য দৃষ্টিতে তা এড়িয়ে যাবার কোন উপায় নেই। আজ থেকে তিরিশ বছর পরে হলেও পাঠক ও গবেষকদের জন্য এ বইখানা বিশ্বস্ত আকর হিসাবে যোগ্যতা অর্জন করবে বলে মনে করি।

কিন্তু বর্তমান সময় পর্যন্ত চট্টগ্রামের লিটল ম্যাগাজিন নিয়ে এ গ্রন্থটি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সাহিত্য সমালোচনা ও চেতনায় একমাত্র আকর গ্রন্থ হিসেবে বিবেচিত ও সমাদৃত হবে যুগ যুগ ধরে।

মুক্তিযুদ্ধ বিষয়ক লেখার প্রতি স্বাধীনতা পরবর্তী সময় থেকেই শামসুল আলম সাঈদের ছিল চিন্তা ও দুর্বলতা। এই চেতনায় হয়তো বাঙালির সৃষ্টি চেতনার স্মারক মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করতে ছুটে গিয়েছিলেন তিনি। তিনি মুক্তিবাহিনীর সাথে পাকবাহিনীর মর্মস্পর্শী যুদ্ধের ঘটনাবলীকে ধারণ করে রচনা করেছিলেন ‘মুক্তিযুদ্ধের মুখ চট্টগ্রাম’ (১৯৯০)। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে চট্টগ্রামের প্রত্যক্ষ সংগ্রামের পরিস্থিতির আলোকে বাস্তব জীবনে চিত্রায়ণ পরিলক্ষিত হয় এই বইটিতে। ‘একাত্তরের বিজয়’(১৯৯৭) শামসুল আলম সাঈদের একটি অনন্য গ্রন্থ। বাঙালির যুদ্ধ–পরবর্তী সময়ের সামাজিক জীবনের টানাপোড়েন বেদনাবোধ, পাওয়া না পাওয়ার স্বপ্নভঙ্গের বিবরণ লেখকের দৃষ্টিকোণ থেকে অনুধাবন করেছেন তিনি।

মুক্তিযুদ্ধের পটভূমিতে পরবর্তী সময়ের সমাজ জীবন ও যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে লেখা উপন্যাস ‘ঠিকানা একাত্তর’ উপন্যাসে তৃণমূল পর্যায়ের মানুষের জীবনের চাওয়া ও প্রকাশ বাঙালি জীবনের দুঃসাহস ও দুঃসময়, রাজাকার ও রাজনৈতিক উত্থান–পতন ও বিধ্বস্ত সময়ের দায় নিয়ে নির্মোহ প্রকাশ এ গ্রন্থটি।

ড. শামসুল আলম সাঈদের জন্ম ১৯৪০ সাল, ১৩৪৬ বাংলা, ১৪ই কার্তিক চট্টগ্রামের জেলার মিরসরাই উপজেলার ইছাখালী গ্রামে। তাঁর পিতা ছিলেন সৈয়দুল হক ও মাতা রাফিয়া খাতুন। শৈশব থেকেই তিনি সাহিত্যপাঠ, সংস্কৃতি ও জ্ঞানচর্চার প্রতি গভীর অনুরাগী ছিলেন। পড়াশোনা করেন গ্রামের বেচুরহাট, সাহেবদী নগর প্রাথমিক বিদ্যালয়ে, আবুরহাট ও মিঠানালা স্কুল ছাড়াও ঢাকা কলেজ, ফেনী কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও পরবর্তীতে ভারতের বিশ্বভারতী, শান্তিনিকেতন থেকে ‘মূল্যবোধ ও বাংলা উপন্যাস’ বিষয়ের ওপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন (১৯৮২–১৯৮৫)। তাঁর গবেষণার মূল ক্ষেত্র ছিল বাংলা সাহিত্য, মানবিক মূল্যবোধ এবং সাহিত্যদর্শন।

তিনি শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন চৌমুহনী কলেজ, সিলেটের সি এম সি কলেজ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম কমার্স কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। ১৯৯৭ সালে শিক্ষকতা জীবন থেকে অবসর নিয়ে তিনি পূর্ণ উদ্যমে লেখালেখিতে মনোনিবেশ করেন।

ড. শামসুল আলম সাঈদ ছিলেন বহুমাত্রিক একজন লেখক। তিনি কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, গবেষণা এবং ইতিহাসভিত্তিক গ্রন্থ রচনা করেছেন। বিশেষ করে বাংলা সাহিত্য, চর্যাপদ, বৈষ্ণব পদাবলী, রবীন্দ্রচিন্তা, ওমর খৈয়াম, হাফিজ, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর গবেষণা করেছেন। বাংলার প্রাচীন পদাবলি চর্যাপদ নিয়ে নিবিষ্ট গবেষণা করে প্রকাশ করেছেন চর্যাপদ সমীক্ষা ও পদাবলী সাহিত্যের উদ্ভব ও বিকাশ নামক মূল্যবান গ্রন্থ।

শামসুল আলম সাঈদ বাংলা সাহিত্যের অসামান্য প্রতিভাধর বেশ কয়েকজন প্রধানতম কবিদের কাব্যদর্শন, জীবনবোধ, চেতনার স্বরূপ ও কাব্যভাষাকে সুচিন্তিত পরিকল্পনায় ও গবেষণায় প্রকাশ করেছেন শ্রমসাধ্য গ্রন্থ ‘কাব্য বিশ্বাসের কবি ও কবিতা’ (১৯৯৫)। মননশীল লেখনি শক্তিতে নয়টি সমৃদ্ধ প্রবন্ধে তিনি ওমর খৈয়াম, রুবাইয়াত, মধ্যযুগের কবি চণ্ডীদাশ, মহাকবি আলাওল, রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালি জাতীয়বোধের কবি মহাকবি নবীনচন্দ্র সেন, বাংলা সাহিত্যের প্রতিভাধর কবি হুমায়ুন কবির, আধুনিক চেতনার কবি ফররুখ আহমদকে নিয়ে কাব্যপ্রতিভার মূল্যায়নধর্মী এই সব লেখায় তার শক্তিমত্তার পরিচয় তুলে ধরেছেন।

কর্মজীবনের পাশাপাশি তিনি মেধা ও মননের সমীকরণে তিনি বাংলা সাহিত্য নিয়ে পরীক্ষা–নিরীক্ষায় মননশীল গবেষণায় আমাদের পাঠকদের ও গবেষকদের যা উপহার দিয়েছেন তা বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ হয়ে থাকবে। তার রচনায় ইতিহাসচেতনা, মানবিক মূল্যবোধ, জাতীয়তাবোধ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। তিনি বিশ্বাস করতেন, সাহিত্য কেবল নান্দনিকতার বিষয় নয়; এটি মানুষকে নৈতিক ও মানবিকভাবে সমৃদ্ধ করার একটি শক্তিশালী মাধ্যম। তাঁর গবেষণাগ্রন্থগুলো বাংলা সাহিত্যসমালোচনায় গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে।

জীবনের শেষ সময়ে দৈনিক যুগান্তর পত্রিকায় এক সাক্ষাৎকারে তিনি বলেছেন – “মুক্তিযুদ্ধের তথ্য ও উপাত্ত সংগ্রহ করে তিনি নতুন করে মুক্তিযুদ্ধের পটভূমিতে ইতিহাস লেখায় মনোনিবেশ করেছেন।” একজন মুক্তিযুদ্ধের সংগ্রামী, মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা তার মুক্তিযুদ্ধের ইতিহাস গ্রন্থটি তিনি জীবদ্দশায় শেষ করে যেতে পারেননি।

বাংলা সাহিত্য নিয়ে পরীক্ষা–নিরীক্ষায় তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫০–এর অধিক। তার মধ্যে প্রথম কবিতাগ্রন্থ –সুবর্ত অনিষ্ট দাঘিমা উজ্জ্বল উদ্ধার কেড়ে নেবো, প্রাণ বসন্ত সংকাশ, ও ঠিকানা একাত্তর (উপন্যাস), নিতুই অরণ্য অসুরী, ওমর খৈয়াম কাব্যদর্শন, হাফিজ ও বিস্ময়কর দিওয়ান ও তাজমহল দর্শন, একাত্তরের জীবনযুদ্ধ, মুক্তিযুদ্ধের মুখ: চট্টগ্রাম, চট্টগ্রামের মানস সম্পদ, বাঙালি জীবনে একুশ, চর্যাপদ: তাত্ত্বিক সমীক্ষা, উপন্যাসে জীবনবোধ ও মূল্যবোধ, ওমর খৈয়াম, রবীন্দ্রনাথের মুসলমানচিন্তা, পদাবলী সাহিত্যের উদ্ভব ও বিকাশ ও সাহিত্যদর্শন। তার জীবনকর্ম ও বাংলা সাহিত্যের বিশাল সৃষ্টিকর্ম ও সাহিত্য সমালোচনা ও সাধনায় গবেষণাধর্মী গ্রন্থাবলী যথাযথ সংরক্ষণ ও প্রকাশ করে পাঠকের কাছে যদি পৌঁছানো সম্ভব হয় তবে ড. শামসুল আলম সাঈদের মতো বরেণ্য লেখকের মূল্যায়ন হবে আগামী প্রজন্মের কাছে। তার সৃষ্টিকর্মের চর্চা ও গবেষণায় প্রজন্মের নিবেদিত প্রাণ লেখক ও গবেষকেরা এগিয়ে আসলে একজন নিভৃতচারী গবেষকের সঠিক মূল্যায়ন সম্ভব বলে সে আশা করতে পারি।

লেখক: কবি, প্রাবন্ধিক, সংগঠক।

পূর্ববর্তী নিবন্ধবিচারহীনতার আইন
পরবর্তী নিবন্ধমেরুদণ্ড সুস্থ থাকুক, জীবন চলুক স্বচ্ছন্দে