মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৮ দিন সাগরে, শেষে সৈকতে নামিয়ে দিল পাচারকারীরা

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

মালয়েশিয়া নেওয়ার কথা বলে মাছ ধরার একটি ট্রলারে তোলা হয়েছিল ৭২ নারী, পুরুষ ও শিশুকে। উদ্ধার হওয়া ব্যক্তিদের অভিযোগ, এরপর টানা আট দিন তাঁদের সাগরে ভাসিয়ে রাখে মানবপাচারকারী চক্র।

একপর্যায়ে ট্রলারের মাঝিমাল্লা ও পাচারকারীদের মধ্যে বিরোধ দেখা দিলে ট্রলারটি কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের কাছে তীরে ভেড়ানো হয়। এরপর পাচারকারীরা পালিয়ে যান।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টায় এ ঘটনায় ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়াদের মধ্যে একজন শিশু, দুজন নারী ও ২৫ জন পুরুষ। তাঁরা জানিয়েছেন, ট্রলারের অন্য যাত্রীরা বিভিন্ন দিকে চলে গেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১২ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট মাছ ধরার নৌকায় করে যাত্রীদের সাগরে অবস্থানরত একটি বড় ট্রলারে তোলা হয়।

উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস বলেন, কয়েক দিন তাঁদের সাগরে ভাসমান থাকতে হয়। এ সময় ট্রলারে থাকা ১৭ জন মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয়ে কথা-কাটাকাটি ও বিরোধ শুরু হয়। পরে ট্রলারটি লাবণী পয়েন্টের কাছে তীরে ভেড়ানো হলে পাচারকারীরা নেমে পালিয়ে যান। ইলিয়াসের অভিযোগ, ট্রলারে থাকা দুজনকে বেঁধে রাখা হয়েছিল। তাঁর ভাষ্য, ট্রলারে মোট ৭২ জন ছিলেন; পুলিশ ২৮ জনকে উদ্ধার করেছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ট্রলারটি তীরে পৌঁছালে পাচারকারীরা লাফ দিয়ে পালিয়ে যান। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে পাচার চক্রের কেউ আছেন কি না, তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ করা হবে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমুক্তি কক্সবাজারের-কর্মশালা
পরবর্তী নিবন্ধ‘চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’