চট্টগ্রাম হবে দেশের অর্থনৈতিক ও লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

পলোগ্রাউন্ডে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন

আজাদী প্রতিবেদন | শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামের সম্ভাবনা কেবল বাণিজ্যিক রাজধানীর পরিচয়ে সীমাবদ্ধ নয়। বরং চট্টগ্রাম হবে সমগ্র বাংলাদেশের অর্থনৈতিক ও লজিস্টিকস হাব। চট্টগ্রামকে এ হাবে পরিণত করার পরিকল্পনা সরকার ইতোমধ্যে গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ ও পূর্ণাঙ্গ সমর্থনে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, গভীর সমুদ্রবন্দর নির্মাণ, চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ এবং কার্গো ভিলেজ ও কোল্ড চেইন সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বিকেলে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৩২তম আর্ন্তজাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আরও বলেন, মহেশখালীসহ দেশের কয়েক স্থানে গভীর সমুদ্রবন্দর এবং চট্টগ্রাম ও খুলনাকেন্দ্রিক এনার্জি হাব প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সমগ্র অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো হবে। চট্টগ্রাম বিমানবন্দরসহ অবকাঠামো খাতের সমপ্রসারণ ও লজিস্টিকস খাতের উন্নয়নে এডিবির অর্থায়ন রয়েছে। এডিবি ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্টের আওতায় ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (আইজিএনডি) প্রকল্পের অধীনে দেশব্যাপী প্রায় ৮০ বিলিয়ন ডলারের যে বৃহৎ উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে তার সিংহভাগ বাস্তবায়িত হবে চট্টগ্রামকে ঘিরে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে পরিকল্পনা চূড়ান্ত হয়েছে এবং আগামী দুই বছরের মধ্যে জ্বালানি খাতের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে। সরকারের নেয়া এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরিত হবে। অর্থনৈতিক উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সমাজের সকল শ্রেণি–পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অর্থনীতির গণতন্ত্রীকরণ, বিনিয়োগ সমপ্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উন্নয়নের সুফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংযোগ বাড়াতে দুবাইয়ের জেবেল আলী বন্দর এলাকায় ২০০ থেকে ৩০০ একর জায়গা চিহ্নিত করা হয়েছে। সেখানে গুদাম ও পণ্য সংরক্ষণ অবকাঠামো গড়ে তোলা হবে। এসব সুবিধা থেকে চট্টগ্রাম, বাংলাদেশসহ পুরো অঞ্চলকে পণ্য সরবরাহ করা যাবে। চট্টগ্রাম বন্দর নদীভিত্তিক হওয়ায় বড় জাহাজ চলাচলে সীমাবদ্ধতা রয়েছে। এ সীমাবদ্ধতা কাটাতে গভীর সমুদ্রবন্দর নির্মাণের দিকে এগোচ্ছে সরকার। সিঙ্গাপুরের পিএসএ’র সহযোগিতায় একটি বন্দর প্রকল্প হচ্ছে, সেটি তুলনামূলক গভীর হলেও পুরোপুরি গভীর সমুদ্রবন্দর নয়। এ কারণে মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে। খুলনাতেও আরেকটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব বন্দরে ১৫ থেকে ২০ মিটার গভীরতা থাকবে, যাতে বড় জাহাজ ভিড়তে পারে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে সরাসরি যোগাযোগ ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে।

তিনি আরো বলেন, শিল্প–বাণিজ্যের উন্নয়নে গ্যাস সরবরাহ বাড়াতে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল (এফএসআরইউ) করা হচ্ছে। মহেশখালীতে গ্যাস সরবরাহের জন্য কোরীয় একটি কোম্পানি ইতিমধ্যে কাজ শুরু করেছে। জাপানি আরেকটি কোম্পানিও এ খাতে এগিয়ে এসেছে।

দেশের অর্থনৈতিক সংকট তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বিগত সরকারের ব্যাপক লুটপাট, দুর্নীতি ও অনিয়মের কারণে বড় অঙ্কের ঋণের বোঝা টানতে হচ্ছে। ধ্বংস হওয়া ব্যাংকিং খাত পুনর্গঠন করতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত শেয়ারবাজারকে ঠিক করতে হচ্ছে। এর সঙ্গে যুদ্ধ পরিস্থিতির কারণে উচ্চমূল্যে জ্বালানি কেনার চাপ রয়েছে। এত সংকটের মধ্যেও সরকার বড় ও উচ্চাকাঙ্ক্ষী উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, বিভিন্ন জায়গায় অগ্নি সন্ত্রাস হচ্ছে। কিন্তু চট্টগ্রামকে আমরা নিরাপদ রাখবো। ব্যবসাবান্ধব নগরী গড়তে গত দুই বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম নগরীকে পর্যটন বান্ধব করতে করা হয়েছে সাইকেল ট্র্যাক। তিনি বলেন, ১৯৯১ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত চট্টগ্রামে সিটি গভর্নমেন্ট ছিল। আওয়ামী লীগ সরকার তা বন্ধ করে দেয়। সিটি গভর্নমেন্ট বাস্তবায়িত হলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে সিটি কর্পোরেশন। তিনি চট্টগ্রাম নগরীকে সত্যিকার অর্থে বাণিজিক রাজধানী রূপান্তরিত করতে সিটি গভর্নমেন্ট পুনরায় বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীর সহায়তা কামনা করেন।

চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, বর্তমান সরকার ব্যবসা–বাণিজ্যকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও যাতে ব্যবসা–বাণিজ্য বাধাগ্রস্ত না হয় সেই লক্ষ্যেও কাজ করে যাচ্ছে জনগণের নির্বাচিত বিএনপি সরকার।

চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, সরকার ট্রেড ফ্যাসিলেশনের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু কাস্টমস সংক্রান্ত বিভিন্ন জটিলতার সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। তিনি কাস্টমস সংক্রান্ত জটিলতা নিরসন এবং চট্টগ্রাম বিমান বন্দর রাত ১০ টার পরেও যেন বন্ধ হয়ে না যায় সেজন্য অর্থমন্ত্রীকে বিমান বন্দরকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার সরকারি পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। তিনি সরকারের ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে রূপান্তরে ব্যবসায়ীদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ বলেন, ১৯৯৩ সালের তিনদিনের মেলা এখন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পরিণত হয়েছে। তিনি ঢাকা–চট্টগ্রামের যোগাযোগ দূরত্ব দুই ঘণ্টা থেকে আড়াই ঘণ্টা কমানোর লক্ষ্যে ঢাকা–চট্টগ্রাম রেলওয়ের লাকসাম–নারায়ণগঞ্জ কর্ড লাইন স্থাপন এবং ইলেক্ট্রিক ট্রেন চালুর উদ্যোগ নিতে অর্থমন্ত্রীর প্রতি আহবান জানান।

চেম্বারের সিনিয়র সহ–সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী বলেন, ঢাকার বাণিজ্য মেলার নির্দিষ্ট ভেন্যু রয়েছে। ফলে প্রতিবছর একই সময়ে মেলা অনুষ্ঠিত হয়। বাণিজ্যিক নগরী চট্টগ্রামেও যাতে নির্দিষ্ট সময়ে পলোগ্রাউন্ড মাঠে মেলা আয়োজন করা যায় সেই লক্ষ্যে অর্থমন্ত্রীর সহায়তা কামনা করেন।

চেম্বার সহ–সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন বলেন, চট্টগ্রামে যেসব সংস্থার প্রধান কার্যালয় রয়েছে সেগুলোর কর্তা বসেন রাজধানী ঢাকায়। চট্টগ্রামকে বাণিজ্যিক ও বিনিয়োগ হাবে পরিণত করতে হলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর জন্য প্রশাসনিক বিকেন্দ্রিকরণের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।

মেলা কমিটির চেয়ারম্যান এস.এম সাইফুল আলম মেলার সার্বিক বৈশিষ্ট্য উল্লেখ করে বক্তব্য প্রদান করেন। তিনি চট্টগ্রাম বাণিজ্য মেলার কলেবর ও নানন্দিকতা আরো বৃদ্ধির জন্য প্রশাসন ও ব্যবসায়ীদের অধিকতর সক্রিয় সহযোগিতা কামনা করেন।

এ সময় অন্যদের মধ্যে চেম্বারের সাবেক সভাপতি ও মেলা কমিটির উপদেষ্টা আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, বর্তমান পরিচালক পরিচালকবৃন্দ মো. নাসির উদ্দিন চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, আমান উল্লা আল ছগির ছুট্টু, আবু হায়দার চৌধুরী আমজাদ, ইঞ্জিনিয়ার মো. গোলাম সরওয়ার, আসাদ ইফতেখার, মোহাম্মদ হাবিবুর রহমান, ক্যাপ্টেন মো. আলাউদ্দিন আল আজাদ, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, সরোয়ার আলম খান, শহীদুল আলম, মোহাম্মদ শফিউল আলম বাদশা ও মো. সেলিম নুরসহ চেম্বারের সাবেক সভাপতি, সিনিয়র সহ–সভাপতি, সহ–সভাপতি ও সাবেক পরিচালকবৃন্দ এবং সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ, কূটনৈতিক ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উল্লেখ্য, মাসব্যাপী এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা পলোগ্রাউন্ডে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে।

পূর্ববর্তী নিবন্ধএক পরিবারের ৪ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী