মহাকাশ নির্ভর চলচ্চিত্র নির্মাণের খবর দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন নির্মাতা তানিম রহমান অংশু। এবার জানালেন মহাকাশ যাত্রায় তার প্রথম সঙ্গীর খবর। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে যুক্ত হয়েছেন চিত্রনায়ক শরিফুল রাজ। আজ এই নায়কের জন্মদিন। জন্মদিনেই পেলেন তার নতুন যাত্রার খবর। খবর বাংলানিউজের।
সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির পোস্টার শেয়ার করে অংশু লেখেন, মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই।
যাচ্ছি, ফিরে আসবো, অন্যরকম এক জগত সঙ্গে নিয়ে..!’ একই ক্যাপশনে এই যৌথযাত্রার কথা শেয়ার করেছেন শরিফুল রাজও। ‘ন ডরাই’খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশুর নতুন এই সিনেমাটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম স্পেস ড্রামা ও কসমিক রোমান্স ঘরানার চলচ্চিত্র। মহাকাশের প্রেক্ষাপটে নির্মিতব্য সিনেমাটির গল্প, ভিজ্যুয়াল এফেক্টস ও নির্মাণ পরিকল্পনা নিয়ে আগেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আন্তর্জাতিক মানের নির্মাণের লক্ষ্যে তিনটি ভিন্ন দেশে সিনেমাটির শুটিং করার পরিকল্পনা রয়েছে নির্মাতার। ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির আগে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতেও সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।











