জনপ্রতি ৭০ হাজার টাকায় মালয়েশিয়া যাত্রা, পেকুয়ায় দালালসহ আটক ১০

পেকুয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফের দিকে যাওয়ার পথে পেকুয়ায় এক দালালসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বহনকারী একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে পেকুয়ার চৌমুহনী এলাকায় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আমির হোসেন (৩০), মোহাম্মদ হোসেন (২৫), হুমায়ুন কবির (২৪), রহিম উদ্দিন (৩০), মো. আজম নুর (৩০), মো. মিজান (৩০) এবং আবুল কাশেম (৩০)। তাদের বাড়ি বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়। এছাড়াও আটক করা হয়েছে মাইক্রোবাসের চালক সোহেল আকবর (৩৫), সহকারী মুজিবুর রহমান (১৫) ও আলমগীর (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কয়েকজন ব্যক্তি অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফের দিকে রওনা হন। তাদের বহনকারী মাইক্রোবাসটি পেকুয়া চৌমুহনী এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া পুলিশের চেকপোস্টে তল্লাশির মুখে পড়ে। এ সময় মাইক্রোবাসে থাকা ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, আমির হোসেন নামে এক ব্যক্তি দালাল হিসেবে কাজ করছিলেন। জনপ্রতি ৭০ হাজার টাকা চুক্তিতে তাদের মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন তিনি।

এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইমরুল হাসান জানান, অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি টেকনাফের দিকে যাচ্ছিলেন। পথে পেকুয়া চৌমুহনী এলাকায় পুলিশের চেকপোস্টে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন দালাল রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে
পরবর্তী নিবন্ধ৩৮ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল