আনোয়ারায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নটু মিত্র (৫৮) নামে এক ফার্মাসিস্ট নিহত হয়েছেন। আহত হয়েছেন কলেজছাত্রী মিফতাহুল জান্নাতসহ (১৯) তিনজন। গত মঙ্গলবার রাতে টানেল সড়কের চাতরী চৌমুহনী বাজার এলাকায় দুটি সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষে নটু মিত্র নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হন। নিহত নটু মিত্র আনোয়ারা সদর ইউনিয়নের বোয়ালগাঁও গ্রামের হিমাংশু মিত্রের ছেলে। তিনি বারখাইন ইউনিয়নের হাজিরহাটে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন। মঙ্গলবার রাতে চৌমুহনী বাজার থেকে সিএনজি টেঙি করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, টানেল সড়কের গোলচত্বরের উত্তর পাশে বিপরীত দিক থেকে আসা দুটি টেঙির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নটু মিত্র গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, মঙ্গলবার সকালে টানেল সড়কের চাতরী চৌমুহনী বাজারের উত্তরে উল্টো পথে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় কলেজছাত্রী জান্নাত গুরুতর আহত হন। তিনি সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাতাব উদ্দীন চৌধুরী জানান, নটু মিত্রকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আহত কলেজছাত্রীর শরীরে গুরুতর জখম থাকায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, নটু মিত্রের মৃত্যুর ঘটনায় দুটি সিএনজি টেঙি আটক করা হয়েছে।












