নগরীর হালিশহর এলাকায় জেলা পুলিশ লাইনসের সড়ক থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। গতকাল বেলা পৌনে তিনটার দিকে ছোটপুল এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধায় নগরীর কর্ণফুলী থানাধীন ফকিরহাট এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে। তবে ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িটিতে উঠে দ্রুত সেটি নিয়ে চলে যাচ্ছেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, হালিশহর থানার পুলিশ সদস্যরা একটি পুরোনো পিকআপ ভ্যান নিয়ে টহলে বের হয়েছিলেন। গাড়িতে তিন পুলিশ সদস্য ছিলেন। তারা গাড়িটি জেলা পুলিশ লাইনসের সামনের সড়কে রেখে পাশের একটি রেস্তোরাঁয় খেতে যান। ফিরে এসে দেখেন, গাড়িটি নেই। তিনি জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি নকল চাবি ব্যবহার করে গাড়িটি নিয়ে গেছেন। নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) আলমগীর হোসেন জানান, ঘটনার পরপর অভিযান চালিয়ে ফকিরহাট থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে। চোরকে শনাক্ত করা গেলেও এখনো ( গত রাত ৯টা) গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনায় মামলা দায়ের হয়েছে জানিয়ে তিনি বলেন, কেন, কী উদ্দেশ্যে পুলিশের গাড়ি চুরির ঘটনা ঘটেছে, সে বিষয়ে চোরকে গ্রেপ্তারের পর বিস্তারিত জানা যাবে।












