নগরীর বহদ্দারহাটে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ড্রেন নির্মাণ কাজের সময় চট্টগ্রাম ওয়াসার ২৪ ইঞ্চি ট্রান্সমিশন পাইপলাইন (মেইন পাইপ লাইন) ক্ষতিগ্রস্ত হওয়ায় নগরীর বেশ কিছু এলাকায় গত তিনদিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত পাইপলাইনের মেরামতের জন্য কালুরঘাট বুস্টার ৩৬ ঘণ্টা বন্ধ রাখতে হবে বলে চট্টগ্রাম ওয়াসা বিজ্ঞপ্তিতে জানালেও মেরামতের পর ক্ষতিগ্রস্ত পাইপলাইন আবার ফেটে যাওয়ার কারণে গতকাল সারাদিনও পানি সরবরাহ বন্ধ ছিল। যার ফলে নগরীর বেশ কিছু এলাকার জনগণ চরম ভোগান্তিতে পড়েছেন। এই ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন আজাদীকে জানান, গত ১৬ নভেম্বর বহদ্দারহাট মোড়ে পানি উন্নয়ন বোর্ডের সামনে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের সময় ওয়াসার ২৪ ইঞ্চি পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হয়। মেইল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে নগরীর বেশ কিছু এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। মানুষের কিছুটা কষ্ট হচ্ছে। আমরা রাত–দিন মেরামতের কাজ শেষে আজকে সকালে (গতকাল বুধবার) লাইন চালু করার পর ক্ষতিগ্রস্ত পাইপ লাইনের পাশে ভারী যানবাহন চলাচল করায় আবার ফেটে যায়। সারাদিন মেরামতের কাজ চলছে। আশা করছি রাতের মধ্যে মেরামতের কাজ শেষ হবে এবং পানি সরবরাহ স্বাভাবিক হবে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ২৪ ইঞ্চির এই মেইন পাইপ লাইন দিয়ে মদুনাঘাট ও মোহরা পানি শোধনাগারের পানি নগরীতে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। মেইন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মদুনাঘাট ও মোহরা পানি শোধনাগারের উৎপাদন বন্ধ রয়েছে। পাশে জলবদ্ধতা নিরসর প্রকল্পের কাজ চলমান থাকায় সেনাবাহিনীর একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে ওয়াসার সাথে কাজে সমন্বয় করেন। খবর নিয়ে জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ নগরীর বেশ কিছু এলাকার জনগণ পানির সীমাহীন দুর্ভোগে পড়েছেন। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীরা যাতে ভোগান্তিতে না পড়েন এ জন্য চট্টগ্রাম ওয়াসা এবং সিটি কর্পোরেশন তাদের ভাউচারে করে পানি সরবরাহে দিয়েছে বলে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।
চট্টগ্রাম ওয়াসার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন, সমপ্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের আওতায় বহদ্দারহাটে আরসিসি ড্রেন নির্মাণকাজ চলছে। উক্ত নির্মাণকাজ চলাকালে মইল পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হয়। পাইপলাইনের লিকেজ মেরামতের জন্য কালুরঘাট বুস্টার ৩৬ ঘণ্টা বন্ধ রাখতে হবে। এতে আরাকান রোড ও তৎসংলগ্ন এলাকা, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট, বাদুরতলা, নবাব সিরাজউদ্দৌলা রোড ও তৎসংলগ্ন এলাকা, চকবাজার, চন্দনপুরা, বাকলিয়া, আন্দরকিল্লা, খাজা রোড ও তৎসংলগ্ন এলাকা, শাহ আমানত সেতু সংযোগ সড়ক ও তৎসংলগ্ন এলাকা, কে বি আমান আলী রোড, রাহাত্তারপুল, মিয়া খান নগর রোড, কালামিয়া বাজার, কল্পলোক আবাসিক এলাকা, তুলাতলী ও রাজাখালীতে পানি সরবরাহ বিঘ্নিত হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ।










