চট্টগ্রাম বন্দরের অত্যন্ত গুরুত্বপূর্ণ চিটাগাং কন্টেনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার জন্য আহুত টেন্ডার নিয়ে শিপিং সেক্টরে বিতর্ক সৃষ্টি হয়েছে। অত্যন্ত সংগোপনে ছয় মাসের জন্য অপারেটর নিয়োগের জন্য এই টেন্ডার আহ্বান করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন) গত ১৭ নভেম্বর এই টেন্ডার আহ্বান করেন। টেন্ডারে ২৪ নভেম্বর থেকে আগামী ২৩ মে পর্যন্ত ছয় মাসের জন্য টার্মিনালটিতে কন্টেনার ও কন্টেনারজাত পণ্য হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু মাত্র দুইদিনের মাথায় এমন গুরুত্বপূর্ণ এই টেন্ডার দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। আজ দুপুর ১২টা পর্যন্ত এই টেন্ডার দাখিলের কথা রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের মাত্র দুই দিনের মধ্যে দরপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে। সবচেয়ে বিতর্কিত বিষয় হচ্ছে, উন্মুক্ত দরপত্রের পরিবর্তে লিমিটেড টেন্ডারিং মেথডে এই দরপত্র আহ্বান করা হয়েছে।
ফলে কারা দরপত্র দেওয়ার সুযোগ পাচ্ছেন, কীভাবে প্রতিষ্ঠানগুলোকে নির্বাচন করা হয়েছে এবং কেন এত স্বল্প সময় দেওয়া হয়েছে, তা নিয়ে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে প্রশ্ন উঠেছে। বার্থ অপারেটর ও শিপিং ব্যবসায়ীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ একটি টার্মিনাল পরিচালনার মতো স্পর্শকাতর কাজের দরপত্র সম্পর্কে তারা কিছুই জানে না। গতরাতে খবর পাওয়ার পর তারা নিজেরাই যোগাযোগ করে জানতে পারে যে, মাত্র চারটি প্রতিষ্ঠান টেন্ডারে অংশ নিচ্ছে। এদের মধ্যে একটি প্রতিষ্ঠান বন্দরে দীর্ঘদিন কাজ করলেও বাকি তিনটি প্রতিষ্ঠানকে কেউ চিনে না। বিষয়টি শিপিং ব্যবসায়ী এবং বার্থ ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন) কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দরপত্রের রেফারেন্স নম্বর দেওয়া হয়েছে ডিটি/ শিপ/সিসিটি/২০২৬ ( পার্ট–২)। দরপত্রের নিরাপত্তা জামানত নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ টাকা এবং টেন্ডার ডকুমেন্টসের মূল্য ১৫ হাজার টাকা। দরপত্র খোলার সময় নির্ধারণ করা হয়েছে আজ (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা।
এতে আরও বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব তহবিল থেকে এই কাজের ব্যয় নির্বাহ করবে। দরপত্র আহ্বানের পদ্ধতি হিসেবে লিমিটেড টেন্ডারিং মেথড উল্লেখ করা হয়েছে। তবে কাদের নিয়ে এই লিমিটেড টেন্ডারিং করা হচ্ছে তার বিস্তারিত বা অপারেটরের যোগ্যতা কি সে সম্পর্কে কোন তথ্য প্রকাশিত দরপত্রে উল্লেখ করা হয়নি।
চট্টগ্রাম বন্দরের কন্টেনার পরিবহনে সিসিটির গুরুত্ব অত্যন্ত বেশি বলে উল্লেখ করে সূত্র বলেছে, ২০২৫ সালে বন্দরের মোট কন্টেনার হ্যান্ডলিংয়ের প্রায় ১৬ শতাংশ হয়েছে এই টার্মিনালের মাধ্যমে। একই সময়ে নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) হ্যান্ডলিং করেছে প্রায় ৪৪ শতাংশ, জেনারেল কার্গো বার্থ (জিসিবি) ৩৬ শতাংশ এবং পতেঙ্গা কন্টেনার টার্মিনাল (পিসিটি) প্রায় ৪ শতাংশ। বন্দরের মোট কন্টেনার পরিবহনের একটি বড় অংশ পরিচালিত হয় সিসিটির মাধ্যমে।
২০২৫–২৬ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে সর্বমোট ৩৫ লাখ ১৮ হাজার ৮৪১ টিইইউস কন্টেনার হ্যান্ডলিং হয়েছে। আগের অর্থবছরে এই সংখ্যা ছিল ৩২ লাখ ৯৬ হাজার ৬৭টি। এক বছরের ব্যবধানে কন্টেনার হ্যান্ডলিং বেড়েছে ৬ দশমিক ৭৬ শতাংশ। একই অর্থবছরে বন্দরে ১৩ কোটি ৭৭ লাখ ৪০ হাজার টন পণ্য হ্যান্ডলিং হয়েছে। জাহাজ এসেছে ৪ হাজার ৩২৪টি।
টার্মিনালটির অবকাঠামোগত গুরুত্বও অনেক বলে উল্লেখ করে সূত্র জানায়, প্রায় ৪৫০ মিটার দীর্ঘ জেটি এবং দুটি বার্থ রয়েছে সিসিটিতে। কন্টেনার ওঠানামার জন্য রয়েছে চারটি কি–গ্যান্ট্রি ক্রেন। এ ছাড়া মোবাইল হারবার ক্রেন, ইন্টারনাল ট্রান্সফার ভেহিকল, রাবার টায়ারড গ্যান্ট্রি ক্রেন, স্ট্র্যাডল ক্যারিয়ার ও ফর্কলিফটের মতো সরঞ্জাম রয়েছে। বন্দরের টার্মিনাল অপারেটিং সিস্টেম অনুযায়ী, এর ইয়ার্ডের ধারণক্ষমতা ৮ হাজার ৩৭৬ টিইইউস।
সূত্র বলেছে, সিসিটি পরিচালনা নিয়ে গত কয়েক মাস ধরেই বন্দরে নানা ধরনের আলোচনা চলছে। দীর্ঘ ছয় বছর ধরে টার্মিনালটি পরিচালনা করে আসছিল দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড। ২০১৯ সালের ১৭ অক্টোবর প্রতিষ্ঠানটির সঙ্গে ছয় বছরের চুক্তি হয়েছিল, যার মেয়াদ শেষ হয় ২ নভেম্বর। বন্দর কর্তৃপক্ষ চুক্তির মেয়াদ আর নবায়ন না করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের (আরএসজিটিআই) কাছে সিসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়। গত ২৮ সেপ্টেম্বর নৌপরিবহন মন্ত্রণালয় বন্দর কর্তৃপক্ষকে প্রতিষ্ঠানটির নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার নির্দেশ দেয়। ডিপি ওয়ার্ল্ড, আরএসজিটিআই এবং দেশীয় এমজিএইচ গ্রুপও সিসিটি পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছিল। আরএসজিটিআই সিসিটির পাশাপাশি জেনারেল কার্গো বার্থ পরিচালনা এবং প্রস্তাবিত বে টার্মিনাল প্রকল্পেও আগ্রহ দেখিয়েছে।
সাইফ পাওয়ারটেকের চুক্তি শেষ হওয়ার পর নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় বন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে আরও তিন সপ্তাহ টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেয়। ২ নভেম্বর থেকে এই অতিরিক্ত সময়ের জন্য সাইফ পাওয়ারটেককে কাজ চালিয়ে যেতে বলা হয়। বিদেশি অপারেটরের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়ায় আরও সময় লাগতে পারে বলে তখন বন্দরসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছিলেন।
কিন্তু সেই তিন সপ্তাহের অন্তবর্তীকালীন ব্যবস্থার মধ্যেই ছয় মাসের জন্য নতুন এই সীমিত দরপত্র আহ্বান করা হয়েছে। ফলে বিদেশি অপারেটর নিয়োগের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং ছয় মাসের অন্তবর্তীকালীন পরিচালনা ব্যবস্থার মধ্যে সমন্বয় কীভাবে হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
দরপত্রটি নিয়ে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গুরুত্বপূর্ণ একটি কন্টেনার টার্মিনাল পরিচালনার জন্য দরপত্র আহ্বান করা হলেও বিজ্ঞপ্তি প্রকাশ থেকে দরপত্র জমা দেওয়ার সময় রাখা হয়েছে মাত্র দুই দিন। ১৭ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ, ১৮ নভেম্বর দরপত্র দলিল বিক্রির শেষ দিন এবং ১৯ নভেম্বর দুপুর ১২টায় দরপত্র জমার শেষ সময়। একই দিন দুপুর সাড়ে ১২টায় দরপত্র খোলার কথা।
দরপত্র আহ্বানের পদ্ধতি হিসেবে লিমিটেড টেন্ডারিং মেথড (এলটিএম) ব্যবহার করা হয়েছে। এটি উন্মুক্ত দরপত্র নয়। ফলে কারা এতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন, কাদের কাছে দরপত্রের আমন্ত্রণ পাঠানো হয়েছে এবং কী যোগ্যতার ভিত্তিতে তাদের নির্বাচন করা হয়েছে বন্দরের বিদ্যমান বার্থ অপারেটরেরা সে প্রশ্নও তোলেন। দরপত্রে ছয় মাসের জন্য কন্টেনার হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেওয়ার কথা বলা হলেও কাজের বিস্তারিত পরিধি, সম্ভাব্য হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা, অপারেটরের যোগ্যতা এবং মূল্যায়নের মানদণ্ডসহ কোন কিছুই বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই বলেও তারা ক্ষোভ প্রকাশ করেন।
অপরদিকে গত ৫ নভেম্বর সরকার চট্টগ্রাম বন্দরে বার্থ, টার্মিনাল ও জাহাজ হ্যান্ডলিং অপারেটর নিয়োগের নতুন বিধিমালা গেজেট আকারে প্রকাশ করেছে। ওই বিধিমালায় প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি দেশি–বিদেশি প্রতিষ্ঠানকে নির্ধারিত যোগ্যতা ও সরকারি অনুমোদন সাপেক্ষে অংশগ্রহণের সুযোগ দেওয়ার কথা রয়েছে। দরপত্র প্রক্রিয়া সরকারি ক্রয়বিধি অনুসরণ করে ই–জিপি ব্যবস্থায় অথবা বিশেষ অনুমোদন নিয়ে অফলাইনে পরিচালনার সুযোগ রাখা হয়েছে।
নতুন বিধিমালা কার্যকর হওয়ার মাত্র ১২ দিন পর সিসিটির জন্য সীমিত দরপত্র আহ্বান করায় এ প্রক্রিয়া নতুন বিধিমালার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়েও প্রশ্ন তোলেন বার্থ অপারেটরেরা। তারা বিজ্ঞপ্তিটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে তার কোন হদিশ নেই বলেও উল্লেখ করেন।
অবশ্য বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) সরকারি দরপত্র পোর্টালে বিজ্ঞপ্তিটি পাওয়া গেছে। সেখানে ১৭ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত দরপত্রটি অনুমোদিত হিসেবে তালিকাভুক্ত রয়েছে। অপরদিকে নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়ার পাশাপাশি সিসিটির শ্রমিক–কর্মচারীদের বকেয়া পাওনা নিয়েও পরিস্থিতি উত্তপ্ত। গত ১৭ নভেম্বর সাইফ পাওয়ারটেকের অধীনে কর্মরত শ্রমিকেরা বেতন, বোনাস, গ্র্যাচুইটি, ছুটির পাওনা ও অন্যান্য আর্থিক সুবিধার দাবিতে কর্মবিরতি পালন করেন। এতে এনসিটি ও সিসিটিসহ বন্দরের একাধিক স্থানে কন্টেনার ওঠানামা ব্যাহত হয়। এই পরিস্থিতিতে নতুন অপারেটর নিয়োগের পাশাপাশি বিদ্যমান শ্রমিকদের চাকরি, বকেয়া বেতন ও অন্যান্য পাওনা নিষ্পত্তির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলেছেন, সিসিটির মতো গুরুত্বপূর্ণ স্থাপনার পরিচালনার দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট প্রচার, প্রতিযোগিতা ও প্রস্তুতির সুযোগ রাখা প্রয়োজন ছিল। এই টার্মিনালের কার্যক্রমে সামান্য বিঘ্ন ঘটলেও জাহাজের অবস্থানকাল, কন্টেনার খালাস, আমদানি–রপ্তানি পণ্য পরিবহন এবং সামগ্রিক বন্দর পরিচালনায় বড় ধরণের নেতিবাচক প্রভাব পড়ে। তারা বলেন, যেখানে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া চলমান এবং নতুন বিধিমালায় প্রতিযোগিতামূলক দরপত্রের কথা বলা হয়েছে, সেখানে মাত্র দুই দিনের সময় দিয়ে সীমিত দরপত্র আহ্বান কেন সে প্রশ্ন তোলেন ব্যবসায়ীরা। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের মতো কৌশলগত স্থাপনায় অপারেটর নির্বাচনের ক্ষেত্রে দ্রুত নিয়োগের চেয়ে প্রতিষ্ঠানের অভিজ্ঞতা, যন্ত্রপাতি, দক্ষ জনবল, আর্থিক সক্ষমতা এবং কন্টেনার হ্যান্ডলিংয়ের দক্ষতা যাচাই করা জরুরি। একই সঙ্গে শ্রমিকদের পাওনা ও কর্মসংস্থানের নিশ্চয়তার বিষয়টি নিশ্চিত করাও জরুরি।
বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস এন্ড টার্মিনাল অপারেটস ওনার্স এসোসিয়েশনের চেয়ারম্যান ফজলে ইকরাম চৌধুরী গতরাতে বিস্ময় প্রকাশ করে দৈনিক আজাদীকে বলেন, সিসিটির মতো একটি গুরুত্বপূর্ণ টার্মিনালের টেন্ডার আহ্বান করা হলো, অথচ আমরা ১২জন বার্থ অপারেটরের ১০ জনই কিছু জানি না। এমন গুরুত্বপূর্ণ একটি টেন্ডার কেন সংগোপনে আহবান করা হলো তা আমাদের বোধগম্য নয়।
বিষয়টি নিয়ে বন্দরের মূখপাত্র ও সচিব সৈয়দ রেফায়েত হামীমের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। টার্মিনাল অপারেটর গোলাম মো. সারওয়ারুল ইসলামকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।










