গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি–এর নাসিরাবাদ ও গুলশান করপোরেট শাখা থেকে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ১৪০ কোটি টাকা লোন বানিয়ে আত্মসাতের অভিযোগে মামলা দায়ের হয়েছে। এতে গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের বিনিয়োগ বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম মিজানুর রহমান ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জিহাদসহ ৮ জনকে আসামি করা হয়েছে। দণ্ডবিধি ও দুর্নীতি দমন প্রতিরোধ আইনে চট্টগ্রামের সিনিয়র বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করেছেন নগরীর মাঝিরঘাটের বাসিন্দা মোহাম্মদ ইমরান। পেশায় তিনি একজন আইনজীবী। আদালত মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন। আইনজীবী মোহাম্মদ ইমরান দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর আজকে (গতকাল) আদেশটি পেয়েছি। বিচারক দুদককে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার অন্যান্য আসামিরা হলেন, ‘গ্রীন ক্যাসেল ট্রেডিং হাউজ’–এর স্বত্বাধিকারী ও গ্যারান্টার মো. আবু সালেহ, মুরাদ এন্টারপ্রাইজ, আনসার এন্টারপ্রাইজ এবং হেলালুর রহিম, মো. রাশেদুল আলম ও মো. ইমরান।
মামলার আরজি সূত্রে জানা যায়, বাদী মোহাম্মদ ইমরান দীর্ঘদিন ধরে অত্যন্ত দক্ষতার সাথে আইন পেশায় নিযুক্ত আছেন। বাদীর সঙ্গে উক্ত ব্যাংকের কোনো ব্যবসায়িক বা ঋণ সংক্রান্ত লেনদেন না থাকা সত্ত্বেও আসামিরা পরষ্পর যোগসাজশে তার নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে গ্রীন ক্যাসেল ট্রেডিং নামের একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠান সাজায়। আসামিরা বাদীর স্বাক্ষর জাল করে প্রথমে ৮০ কোটি টাকার ‘বাই মুরাবাহা (হাইপো)’ লোনের ভুয়া আবেদনপত্র তৈরি করে। পরবর্তীতে বাদী বা কোনো বৈধ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ধাপে ধাপে তা বাড়িয়ে ১২০ কোটি এবং সর্বশেষ ১৪০ কোটি টাকায় উন্নীত দেখানো হয়। এরপর ভুয়া পে–অর্ডারের মাধ্যমে উক্ত টাকা ব্যাংক থেকে তুলে আত্মসাৎ করা হয়। ব্যাংকিং জামানতের গুরুত্বপূর্ণ নথিপত্রে বাদীর স্বাক্ষর জালের পাশাপাশি মূল চুক্তিপত্রে বাদীর নামের বানান ভুল রাখা হয় এবং চুক্তিপত্রের তারিখসহ গুরুত্বপূর্ণ কলামগুলো খালি রাখা হয়। মামলার আরজিতে বলা হয়, গত ২ আগস্ট গ্লোবাল ইসলামী ব্যাংকের পক্ষে প্রেরিত একটি লিগ্যাল নোটিশ পেয়ে বাদী এই বিশাল জালিয়াতির বিষয়ে জানতে পারেন। নোটিশে তাকে ১৪০ কোটি টাকার খেলাপি ঋণের গ্রহীতা ও গ্যারান্টার হিসেবে দাবি করা হলে বাদী অবিলম্বে আইনি জবাব দেন এবং ব্যাংকে গিয়ে ব্যাখ্যা চান। তবে ব্যাংক কর্তৃপক্ষ কোনো সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়। পরবর্তীতে বাদী প্রতিকার চেয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এবং নগরীর পাঁচলাইশ থানায় এজাহার পাঠালেও দীর্ঘদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়ে বাদী আদালতের শরণাপন্ন হয়েছেন। ২০২১ সালের ২৭ এপ্রিল থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর সময়ের মধ্যে জালিয়াতি ও প্রতারণার এ ঘটনা ঘটেছে বলেও এজাহারে বলা হয়। আইনজীবী মোহাম্মদ ইমরান জানান, একই রকম জালিয়াতির মাধ্যমে ইউনিয়ন ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকেও তার নামে লোন নিয়ে আত্মসাতের ঘটনা ঘটেছে। ব্যাংকের লোকজনসহ একটি চক্র এসব কাজ করছেন। তদন্তে পুরো বিষয়টি স্পষ্ট হবে–এমন আশা করছেন তিনি।









