চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইয়াসিন বাহিনীর ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে নগরের পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, আব্দুর শুক্কুর, মো. পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান ও মো. আনোয়ার হোসেন। পুলিশের দাবি, তাঁদের বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসসহ একাধিক মামলা রয়েছে।
আজ বুধবার বেলা তিনটায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম। তিনি বলেন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানার নেতৃত্বে জেলা সাইবার ইউনিটের একটি দল এ অভিযান চালায়। এ সময় আটটি অ্যান্ড্রয়েড ও দুটি ফিচার ফোন উদ্ধার করা হয়। ফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ইয়াসিনের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন আব্দুর শুক্কুর। জমি কেনাবেচাসহ বিভিন্ন বিষয় দেখভাল করতেন তিনি। ইয়াসিনের ভাগনে মেহেদী ও সাকিবুল ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি’ নামের একটি ফেসবুক পেজের অ্যাডমিন। ইয়াসিনের আরেক ভাগনে আনোয়ার ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে প্রচারণা চালাতেন বলে অভিযোগ পুলিশের। আর পারভেজকে ইয়াসিনের সহযোগী হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, ইয়াসিনের নির্দেশে তাঁর অনুসারীরা রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোর মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ ছাড়া ফেসবুক পেজ ও আইডি ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও সরকারি সিদ্ধান্ত নিয়ে মিথ্যা ও উসকানিমূলক তথ্য ছড়ানো হতো। অর্থের বিনিময়ে এসব পোস্ট বুস্ট করে প্রচারের তথ্যও পেয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মুঠোফোন পর্যালোচনা করে ৩৯টি ফেসবুক আইডি ও পেজের তথ্য পাওয়া গেছে। এগুলো নজরদারিতে রাখা হয়েছে। তদন্তে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এসব অপরাধের পেছনে কোনো প্রভাবশালী চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। আলিনগরের বাসিন্দাদের উচ্ছেদ করা হবে না বলেও জানান তিনি।












