নদী চলে কলোকলো কী দারুণ ছন্দে
মাতোয়ারা চারিদিক সুবাসিত গন্ধে।
ফুল ফোটে পাখি গায় নদী নীড় বনে
রাখালের বাঁশি বাজে দূরে নির্জনে।
সবুজের হাতছানি বিস্তৃত মাঠ
মানুষের সমারোহে মেতে থাকা হাট।
ছয়ঋতু রূপ ঢেলে করে মনোহর
এই রূপ দেখে যেন ভরে অন্তর।
সাগরের জলরাশি আকাশের নীল
বর্ষায় ডুবে থাকা ডোবা খাল বিল।
গ্রীষ্মের তাপদাহ শরতের কাশ
হেমন্তে পাকা ধানে ভরে চারপাশ।
কনকনে ঠাণ্ডায় আসে দেশে শীত
বসন্তে শোনা যায় পাখিদের গীত।
ক্ষণে ক্ষণে বদলায়, রূপ রঙে সাজে
গান হয়ে এই দেশ বুকে রোজ বাজে।









