দেশে হামের উপসর্গের রোগী আড়াই লাখ ছাড়াল, এক দিনে আরও ৫ মৃত্যু

ডেঙ্গুতে মারা গেছে আরও পাঁচজন

| বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:১০ পূর্বাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ জন।

সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৫৩ জনের মৃত্যু হল। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২১৮ জন। মারা যাওয়াদের মধ্যে হাম শনাক্ত হয়েছে মাত্র ১০৫ জনের। গত সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জন, সিলেট বিভাগে ২ জন ও চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছে। খবর বিডিনিউজের।

স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর হামের উপসর্গ থাকা রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৭৯৭ জন। যার মধ্যে ২৫ হাজার ৫২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

ডেঙ্গুতে আরও পাঁচ মৃত্যু : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের ডেঙ্গু বুলেটিনের তথ্যানুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই পাঁচজন ডেঙ্গু রোগী মারা গেছে।

তাদের নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭ জনে। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৯ হাজার ৫২৮ জন। এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৫ হাজার ৬০৯ জন রোগী।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে বিশৃঙ্খলা ছড়ানোর আগেই ট্রিটমেন্ট চান বিরোধীদলীয় নেতা
পরবর্তী নিবন্ধখরচ সামলাতে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম ওয়াসা