খরচ সামলাতে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম ওয়াসা

অবৈধ গ্রাহকদের কারণে দিন দিন বাড়ছে সিস্টেম লস বকেয়া আদায়ে রাজস্ব ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে ৮ মনিটরিং টিম গঠন

শুকলাল দাশ | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:১০ পূর্বাহ্ণ

পানির উৎপাদন খরচ বৃদ্ধি ও অন্যান্য খরচ সামলাতে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। বিশাল অংকের বকেয়া আদায়ে গঠন করা হয়েছে ৮টি মনিটরিং টিম। মনিটরিং টিমের মাধ্যমে বকেয়াধারী গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে বিল আদায় কার্যক্রম আগের যে কোনো সময়ের চেয়ে আরও জোরদার করা হয়েছে। চট্টগ্রাম ওয়াসার রাজস্ব বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, চট্টগ্রাম ওয়াসার বকেয়া রাজস্ব আদায়ে পুরোদমে মাঠে কাজ করছে রাজস্ব ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে গঠন করা আটটি মনিটরিং টিম।

চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী, রাজস্ব কর্মকর্তা, রাজস্ব তত্ত্বাবধায়ক ও মিটার পরিদর্শকদের সমন্বয়ে এ মনিটরিং টিম গঠন করা হয়েছে। সকল মনিটরিং টিমের কার্যক্রম তদারকির দায়িত্বে আছেন উপ–ব্যবস্থাপনা পরিচালক (অর্থ)। বকেয়া বিল আদায়ের পাশাপাশি অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ, জরিমানা ও লাইসেন্সবিহীন গভীর নলকূপ চিহ্নিত করে বন্ধ বা জরিমানা দিয়ে লাইসেন্স গ্রহণপূর্বক বৈধ করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম।

চট্টগ্রাম ওয়াসার রাজস্ব বিভাগের কর্মকর্তা এবং প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীদের সাথে কথা বলে জানা গেছে, বৈশ্বিক অর্থনীতির কারণে পানির উৎপাদন খরচ বৃদ্ধি ও অন্যান্য খরচ সামলাতে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। এজন্য বিশাল অংকের বকেয়া আদায়ের গতি আরো বাড়ানো হয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, চট্টগ্রাম ওয়াসা বকেয়া রাজস্ব আদায়ে বদ্ধ পরিকর। এ জন্য ডিএমডি (অর্থ) এর তদারকিতে আটটি মনিটরিং টিম জোরালোভাবে কাজ করছে। বকেয়া গ্রাহকগণের কাছে আমার অনুরোধ হলো এটি সরকারের রাজস্ব, তাই মওকুপ করার সুযোগ নাই। সকল বকেয়া গ্রাহকগণ বিল পরিশোধ করে ওয়াসার সেবা উত্তোরোত্তর বৃদ্ধিতে সহায়তা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। অবৈধ সংযোগ ও লাইসেন্সবিহীন গভীর নলকূপ স্থাপনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়ে ওয়াসার এমডি বলেন, আমাদের এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে অভিযান আরো জোরালো করা হবে। সকলকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বৈধ গ্রাহক এবং নলকূপের লাইসেন্স করার জন্য অনুরোধ করছি।

বকেয়া রাজস্ব আদায় কার্যক্রম জোরদারে কোর্ট পরিচালনার বিষয়ে চট্টগ্রাম ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দে বলেন, চট্টগ্রাম ওয়াসা সমপ্রতি বকেয়া আদায়ে জোর তৎপরতা শুরু করেছে। অবৈধ গভীর নলকূপ স্থাপনকারীদের বিরুদ্ধেও ওয়াসা আইনি পদক্ষেপ গ্রহণ করছে। বকেয়া আদায়, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং অনুমোদনহীন গভীর নলকূপের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। যেখানেই অবৈধ সংযোগের খবর পাওয়া যাচ্ছে সেখানেই অভিযান চালানো হচ্ছে। বকেয়ার পরিমান বাড়ছে, বকেয়া আদায়ও বাড়ছে। অনুমোদনহীন গভীর নলকূপের বিরুদ্ধে অভিযানের জন্য আমাদের রাজস্ব ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে গঠন করা আটটি মনিটরিং টিম বাসায় বাসায় যাবে। অনুমোদনহীন গভীর নলকূপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বকেয়া আদায়ে জনসচেতনা : চট্টগ্রাম ওয়াসা বকেয়া আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে জুলাই মাস হতে মহানগরীর প্রতিটি ওয়ার্ডে মাইকিং ও লিফলেট বিতরণ করে আসছে।

বকেয়া আদায়ে পদক্ষেপ ও সংযোগ বিচ্ছিন্নকরণ : বকেয়া আদায়ে ২০ হাজার টাকার বেশি বকেয়াধারী গ্রাহকদের দ্বারে দ্বারে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসার মনিটরিং টিম। গ্রাহকের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বকেয়া টাকা আদায় করার চেষ্টা করা হয়। গ্রাহক বকেয়া দিতে অস্বীকৃতি জানালে সংযোগ সাময়িক বিচ্ছিন্ন করার তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করা হয়। পরবর্তীতে সরকারি রাজস্ব আদায়ে চট্টগ্রাম ওয়াসা বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা করে।

অবৈধ সংযোগ বৈধকরণ : চট্টগ্রাম ওয়াসার অনুমতিবিহীন অবৈধভাবে সংযোগকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানা করার কার্যক্রম কঠোরভাবে হাতে নেওয়া হয়েছে। অবৈধ গ্রাহকদের কারণে সিস্টেম লস দিন দিন বৃদ্ধি পায়। চট্টগ্রাম ওয়াসার আইন অনুযায়ী অবৈধ গ্রাহকদের জরিমানা প্রদানপূর্বক বৈধ গ্রাহক হিসেবে অর্ন্তভুক্ত করার সুযোগ দেয়া হচ্ছে। এতে সংস্থার রাজস্ব আদায় বাড়বে এবং সিস্টেম লস কমে আসবে।

লাইসেন্সবিহীন গভীর নলকূপ বন্ধ ও জরিমানা : চট্টগ্রাম ওয়াসার অনুমতিবিহীন গভীর নলকূপ স্থাপনকারীদের বিরুদ্ধে নলকূপ বন্ধসহ জরিমানার আদায়ে কঠোর কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন রাজস্ব বিভাগের কর্মকর্তারা। এই কার্যক্রমের অংশ হিসেবে লাইসেন্সবিহীন গভীর নলকূপ স্থাপনকারীদের চট্টগ্রাম ওয়াসার আইন অনুযায়ী জরিমানা করে লাইসেন্সের আওতায় আনা হচ্ছে। এতে সংস্থার রাজস্ব আদায় বাড়বে বলে মনে করেন ওয়াসা কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধদেশে হামের উপসর্গের রোগী আড়াই লাখ ছাড়াল, এক দিনে আরও ৫ মৃত্যু
পরবর্তী নিবন্ধথাইরয়েড ক্যান্সার রোগীদের রেডিও আয়োডিন ক্যাপসুলের সরবরাহ স্বাভাবিক