বকেয়া বেতন, গ্র্যাচুইটি, সার্ভিস বেনিফিটসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কন্টেনার টার্মিনাল (সিসিটি) গতকাল ৫ ঘণ্টা অচল ছিল। সাইফ পাওয়ারটেক লিমিটেডের শ্রমিক–কর্মচারীরা দাবি আদায়ের লক্ষ্যে সকাল ৯টা থেকে এই দুটি গুরুত্বপূর্ণ টার্মিনালে কার্যক্রম বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন।
এতে টার্মিনাল দুটিতে কন্টেনার হ্যান্ডলিং বন্ধ হয়ে পড়ার পাশাপাশি বন্দর থেকে পণ্য ডেলিভারির কার্যক্রমও ব্যাহত হয়। পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সাইফ পাওয়ারটেক এবং শ্রমিক প্রতিনিধিদের মধ্যে জরুরি বৈঠকের পর দুপুর ২টা নাগাদ শ্রমিক–কর্মচারীরা কাজে যোগ দিলে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়। তবে আজ বুধবারের মধ্যে দাবিগুলো পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আবারও আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক কর্মচারীরা।
দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং সিসিটি টার্মিনাল পরিচালনা করে আসছিল বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল) সাময়িকভাবে এনসিটির পরিচালনার দায়িত্ব নেয়। বাংলাদেশ নৌবাহিনী–সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিডিডিএল বর্তমানে টার্মিনালটি পরিচালনা করছে। তবে বাস্তবে সাইফ পাওয়ারটেকের নিয়োগ করা শ্রমিক–কর্মচারীরাও কাজ করছেন। বন্দর কন্টেনার হ্যান্ডলিং সংশ্লিষ্ট অর্থ পরিশোধ করে ড্রাইডককে। ড্রাইডক পরিশোধ করে সাইফ পাওয়ারটেককে। তারা শ্রমিক–কর্মচারীদের বেতন–ভাতা পরিশোধ করে।
ইতোমধ্যে এনসিটি পরিচালনার জন্য দুবাইভিত্তিক আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করেছে সরকার। আগামী কয়েক মাসের মধ্যে প্রতিষ্ঠানটির কাছে টার্মিনালটির পরিচালন দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। এতে শ্রমিক–কর্মচারীরা তাদের পাওনা এবং চাকরি নিয়ে শংকিত হয়ে ওঠেন।
অপরদিকে সিসিটিও পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক। ইতোমধ্যে বন্দর কর্তৃপক্ষের ছয় বছর মেয়াদি চুক্তির মেয়াদ ২ নভেম্বর শেষ হয়। নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া চলমান থাকায় প্রতিষ্ঠানটির চুক্তি সাময়িকভাবে আরও তিন সপ্তাহ বাড়িয়ে তাদেরকে ২৩ নভেম্বর পর্যন্ত কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়।
এই টার্মিনালটিও বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া চলছে। এতে করে টার্মিনাল দুটিতে কর্মরত সাইফ পাওয়ারটেকের শ্রমিক–কর্মচারীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন অপারেটর দায়িত্ব নেওয়ার পর তাদের চাকরি বহাল থাকবে কি না, আগের প্রতিষ্ঠানের কাছে পাওনা কীভাবে নিষ্পত্তি হবে এবং অভিজ্ঞ শ্রমিকদের নতুন ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করা হবে কি না–এসব প্রশ্নের কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেছেন শ্রমিক–কর্মচারীরা।
এনসিটি ও সিসিটিতে সাইফ পাওয়ারটেকের অধীনে এক হাজারের বেশি শ্রমিক–কর্মচারী কাজ করেন। টার্মিনাল দুটি হ্যান্ডলিং বিদেশি কোম্পানির হাতে যাওয়ার পর এই বিপুল সংখ্যক শ্রমিকের চাকরি ও আর্থিক সুবিধা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
শ্রমিকদের আশঙ্কা, নতুন অপারেটর দায়িত্ব নেওয়ার আগে আগের প্রতিষ্ঠানের কাছ থেকে তাদের গ্র্যাচুইটি, অর্জিত ছুটির টাকা ও অন্যান্য পাওনা আদায় করা না গেলে ভবিষ্যতে এসব অর্থ পাওয়া কঠিন হয়ে পড়বে। এ কারণে শ্রমিকেরা নতুন অপারেটর নিয়োগের বিরোধিতার পাশাপাশি তাদের দীর্ঘদিনের পাওনা নিষ্পত্তি এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। এই অনিশ্চয়তায় বন্দরের শ্রমিক অসন্তোষ বাড়ছে বলে সূত্র জানিয়েছে।
শ্রমিকেরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা দফায় দফায় বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করেছেন। চিঠি দিয়েছেন। কিন্তু কার্যকর উদ্যোগের অভাব তাদেরকে ক্ষুদ্ধ করে তোলে।
গতকাল সকাল ৯টার দিকে শ্রমিক–কর্মচারীরা একজোট হয়ে বন্দরের দুটি টার্মিনালের কাজ বন্ধ করে দিয়ে মানববন্ধন এবং বিক্ষোভ করেন। এতে করে এনসিটি ও সিসিটির জাহাজ হ্যান্ডলিং কার্যক্রম বন্ধ হয়ে যায়। জেটিতে অবস্থানরত জাহাজগুলোর কন্টেনার ওঠানামা বন্ধ হয়ে যায়। শ্রমিক–কর্মচারীরা দীর্ঘদিনের বকেয়া গ্র্যাচুইটি ও সার্ভিস বেনিফিট পরিশোধ, অব্যবহৃত অর্জিত ছুটির টাকা প্রদান, করোনাকালে দায়িত্ব পালনকারীদের ঝুঁকি ভাতা এবং চাকরির মেয়াদ অনুযায়ী আইনগতভাবে প্রাপ্য সব ধরনের সুযোগ–সুবিধা নিশ্চিত করার দাবি জানান।
বন্দর সূত্র জানিয়েছে, কর্মবিরতির কারণে এনসিটিতে বার্থিংয়ে থাকা পাঁচটি এবং সিসিটিতে থাকা দুটি জাহাজের কন্টেনার হ্যান্ডলিং বন্ধ হয়ে যায়। ফলে জাহাজ থেকে আমদানি পণ্যভর্তি কন্টেনার নামানো এবং রপ্তানি পণ্যভর্তি কন্টেনার জাহাজে তোলার কাজ ব্যাহত হয়।
দেশের আমদানি–রপ্তানি বাণিজ্যের প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের দুটি গুরুত্বপূর্ণ টার্মিনালে একযোগে বন্ধ হয়ে পড়ায় ব্যবসায়ী এবং বন্দর ব্যবহারকারীদের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়। এই দুই টার্মিনাল দিয়ে বন্দরের মোট কন্টেনার পরিবহনের প্রায় ৫৮ শতাংশ হ্যান্ডলিং হয়। কর্মবিরতি চলাকালে শ্রমিক–কর্মচারীদের সাথে আলোচনায় বসে বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট পক্ষগুলো। জরুরি বৈঠকে শ্রমিকদের পাওনা এবং ভবিষ্যৎ কর্মসংস্থান সংক্রান্ত উদ্বেগ নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর দুপুর ২টা নাগাদ শ্রমিকেরা কাজে যোগ দেন এবং টার্মিনাল দুটিতে কন্টেনার হ্যান্ডলিং পুনরায় শুরু হয়।
শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু আশ্বাস নয়, তাদের ন্যায্য পাওনা পরিশোধের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত চান তারা। আজকের মধ্যে দাবিগুলো পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে পুনরায় কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।












