শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আজীবন সোচ্চার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনে প্রস্তুতি সম্পন্ন করেছে ভাসানীর পরিবার, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠান।
১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ভাসানী। পরে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে সমাহিত করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তোষ, রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি নেওয়া হয়েছে।
ইতিমধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সংলগ্ন মাজার প্রাঙ্গণে শুরু হয়েছে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘ভাসানী মেলা’। মেলায় ভক্ত, অনুসারী ও সাধারণ মানুষের সমাগম ঘটছে।
আজ সকালে মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মূল কর্মসূচি শুরু হবে। ভাসানীর পরিবার, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ভাসানী ফাউন্ডেশন ও রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী আলোচনা সভা, ওরস ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। দেশের বিশিষ্ট ব্যক্তিরাও মাজারে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় অংশ নেবেন বলে জানা গেছে।
এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি জাতীয় কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং সদস্যসচিব প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান ছাড়াও বিএনপি, এনসিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মাজারে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে।
১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল হামিদ খান ভাসানী। শৈশবে বাবা-মাকে হারান তিনি। প্রথাগত শিক্ষার পাশাপাশি ভারতের দারুল উলুম দেওবন্দে ইসলামি শিক্ষা ও দর্শনে জ্ঞান অর্জন করেন। টাঙ্গাইলের কাগমারিতে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করলেও পরে কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নিজেকে নিয়োজিত করেন।
সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ ও শোষণবিরোধী সংগ্রামে উপমহাদেশের প্রগতিশীল রাজনীতিতে ভূমিকা রাখেন ভাসানী। কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিতি পান।
আসামের ধুবড়ী জেলার ভাসানচরে বসবাসের সময় প্রজাস্বত্ব ও কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। এ অবদানের স্বীকৃতিস্বরূপ জনতা তাঁকে ‘ভাসানী’ উপাধি দেয়।
ব্রিটিশ আমলে আসামের ‘লাইন প্রথা’ ও ‘বাঙালি খেদাও’ আন্দোলনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন তিনি। জমিদারি প্রথা উচ্ছেদ ও কৃষকের ভূমির অধিকার প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখেন। ১৯৪৭ সালের সিলেট গণভোটে সিলেটকে পূর্ব বাংলার অন্তর্ভুক্ত করার আন্দোলনে সামনের সারিতে ছিলেন।
পাকিস্তান প্রতিষ্ঠার পর শাসকগোষ্ঠীর বৈষম্যের বিরুদ্ধে ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’। তিনি দলটির প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন। ১৯৫৭ সালে অসাম্প্রদায়িক ও সাম্রাজ্যবাদবিরোধী রাজনীতি সংগঠিত করতে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রতিষ্ঠা করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের অন্যতম প্রধান সংগঠক হিসেবে অংশ নিয়ে কারাবরণ করেন।
১৯৫৭ সালে টাঙ্গাইলের সন্তোষে অনুষ্ঠিত কাগমারী সম্মেলনে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্যের প্রতিবাদে ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ করেন তিনি। এর মাধ্যমে পূর্ব বাংলার সম্ভাব্য স্বাধীনতার ইঙ্গিত দিয়েছিলেন বলে রাজনৈতিক ইতিহাসে ঘটনাটি গুরুত্বপূর্ণ।
১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে আইয়ুব খানের স্বৈরশাসনবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন ভাসানী। তাঁর নেতৃত্বে আন্দোলন তীব্র হলে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারে সরকার বাধ্য হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সভাপতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে কাজ করেন।
স্বাধীনতার পরও অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় এবং পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষার দাবিতে ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা লংমার্চের নেতৃত্ব দেন। ৯৬ বছর বয়সে বার্ধক্য উপেক্ষা করে করা এ পদযাত্রা দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য। কৃষক-শ্রমিকের স্বার্থে আপসহীন অবস্থান, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম ও সাধারণ জীবনযাপনের জন্য তিনি দেশ-বিদেশে স্মরণীয়।









