আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে চিটাগাং পোর্ট স্পোর্টস কমপ্লেক্স এবং বেসিক ক্রিকেট একাডেমি নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। গতকাল ১৬ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে দিনের প্রথম খেলায় চিটাগাং পোর্ট স্পোর্টস কমপ্লেক্স ২৯ রানে নিও ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। গ্রুপ ‘ডি’ এর এই খেলায় টসে জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে নিও ক্রিকেট একাডেমি। আর প্রথমে ব্যাট করতে নেমে চিটাগাং পোর্ট স্পোর্টস কমপ্লেক্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইকবাল হোসেন জিসান ৪১ বলে ২টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করেন। এছাড়া ওপেনার ইয়াহিয়া মাহির ৪৫ এবং আব্দুন নূর অপরাজিত ৯ রান করেন। নিও ক্রিকেট একাডেমির মেহেদী হাসান তপু ২৮ রান দিয়ে ৪টি উইকেট লাভ করেন, যার মধ্যে পরপর তিন বলে তিনটি উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করেন। এছাড়া নুর উদ্দিন সুজন ৩টি এবং আজফার আহমেদ ১টি উইকেট নেন। ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিও ক্রিকেট একাডেমি ১৮.১ ওভারে ১১৯ রানে অলআউট হয়। দলের পক্ষে সুহু ইবনে শাহিদ ৩৪,আবুল হাসেন রায়হান ২৪ এবং নাঈমুল আলম অপরাজিত ১১ রান যোগ করেন। চিটাগাং পোর্ট স্পোর্টস কমপ্লেক্সের বোলারদের মধ্যে আল দাইয়ান ওয়াসি ৩টি, হৃদওয়ান ইসলাম এবং মুবাশ্বির হুদা ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন চিটাগাং পোর্ট স্পোর্টস কমপ্লেক্সের ইকবাল হোসেন জিসান।

তার হাতে পুরস্কার তুলে দেন বিসিবি ভেন্যু ম্যানেজার এবং সাবেক খেলোয়াড় ফজলে বারি খান রুবেল। দিনের অপর খেলায় বেসিক ক্রিকেট একাডেমি ৩৪ রানের ব্যবধানে নাজিম উদ্দিন ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। গ্রুপ ‘এফ’ এর এই খেলায় টসে জিতে ব্যাটিং করতে নামে বেসিক ক্রিকেট একাডেমি।
প্রথমে ব্যাট করতে নেমে বেসিক ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইসরাক মাহমুদ ৪৪,ওপেনার আদিল চৌধুরী ২৫, দেবজয় চৌধুরী ২২, অধিনায়ক শেখ রিয়েল করিম ১৯ এবং সুফিয়ান আলম অপরাজিত ১৮ রান করেন। নাজিম উদ্দিন ক্রিকেট একাডেমির বোলারদের মধ্যে জুবায়ের মাহমুদ ২টি, আসাদ ওয়াহিদ এবং সিয়াম উল আউয়াল প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করেন। ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নাজিম উদ্দিন ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাদমান শাহরিয়ার ৪০ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৬২ রান করেন। এছাড়া ইহতেসাব সিদ্দিকী ১৮,ওপেনার রাদিব হোসেন ১৫ এবং অধিনায়ক পিনন শর্মা ১১ রান যোগ করেন। বেসিক ক্রিকেট একাডেমির বোলার শেখ রিয়েল করিম ২টি, ইসরাক মাহমুদ এবং আদিল চৌধুরী প্রত্যেকে ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন বেসিক ক্রিকেট একাডেমির ইসরাক মাহমুদ। তার হাতে পুরস্কার তুলে দেন এটরাস ইমপোর্টস–এর ব্যবস্থাপনা পরিচালক আহসান হাবিব।










