স্লিপার বাসের জন্য নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। একইসঙ্গে স্লিপার বাস পরিচালনার জন্য নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না তা রুলে জানতে চাওয়া হয়েছে। রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার বেঞ্চ এ রুল জারি করে। রুলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান, পুলিশের আইজিপিসহ সংশ্লিষ্ট ৯ বিবাদীকে আগামী ছয় সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। খবর বিডিনিউজের।
গত ২ নভেম্বর ১৯ জন স্লিপার বাস মালিক এ রিট আবেদন করেন। রিটকারী পক্ষের আইনজীবী তানভীর আহমেদ বলেন, স্লিপার বাসের নীতিমালা করার যে নিষ্ক্রিয়তা, সেটাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং নীতিমালা করার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল দিয়েছে।







