আমাদের দেশের একজন প্রথিতযশা শিক্ষাবিদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যার একবার বলেছিলেন, “মানুষ তার স্বপ্নের সমান বড়।” কী চমৎকার এ উক্তি! ব্যক্তির জীবনে উচ্চাশা, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আর কাঙ্ক্ষিত স্বপ্নের দোরগোড়ায় পৌঁছানোর কী অমূল্য প্রেরণাদায়ক উক্তিটি এ বরেণ্য শিক্ষাবিদ ও লেখক করেছেন। ধন্যবাদ হে গুণী শিক্ষক, আপনাকে সহস্র প্রণাম ও কৃতজ্ঞতা জানাই এমন একটা কালজয়ী ও উচ্চমানসম্পন্ন প্রেরণাদায়ক উক্তিটির জন্য।
এখন কথা হচ্ছে, অমূল্য এ উক্তিটি কেবল শুনে, বুঝে আর মুখস্থ করে নিলেই কি আমরা আমাদের জীবনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারব? পারব কি সফলতার কাঙ্ক্ষিত শীর্ষে উপনীত হয়ে বিজয়ের বর্ণিল পতাকা পৎপৎ করে ওড়াতে? এক কথায় এর উত্তর হলো না।
শৈশবে স্বপ্ন আমরা কে–না দেখি? কথাটা ঘুরিয়ে বলা যায় এভাবে শৈশবে স্বপ্ন আমাদেরকে কে না দেখান? কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগেই বাড়িতে মা–বাবা আর বয়োজ্যেষ্ঠরা একটা শিশুকে নানা ধরনের স্বপ্ন দেখাতে শুরু করে দেন। শিশুমন কৌতূহলবশতই সেসব বর্ণিল বিষয় নিয়ে ভাবতে শুরু করে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে শুরু করলে শিক্ষকগণ আরও নানাবিধ স্বপ্নে শিশুমনকে বিভোর করে তোলেন। পড়াশোনার পাশাপাশি শিশুমন এসব নিয়েও সীমিতভাবে সক্রিয় হয়ে ওঠে। এরপর কৈশোরে তার স্বপ্ন আরও দানা বেঁধে ওঠে। কেউ হতে চায় কবি–সাহিত্যিক, চিত্রশিল্পী, খেলোয়াড়, আবার কেউবা হতে চায় দেশবরেণ্য কণ্ঠশিল্পী, রাজনীতিক, বিজ্ঞানী, দার্শনিক আরও কত কী! কিন্তু সবাই কি এসব হয়ে ওঠার মতো পারিবারিক, সামাজিক কিংবা প্রাতিষ্ঠানিক সুযোগ লাভ করে? সঠিক উত্তর হলো না। যারা তাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে কিংবা অভীষ্ট লক্ষ্যে পৌঁছুতে গিয়ে অনুকূল পরিস্থিতি লাভ করে, বলা চলে তারা ভাগ্যবান। আর যারা প্রতিকূল পরিবেশ–পরিস্থিতির ভেতর দিয়ে এগোতে থাকে, তাদের ভাগ্য আদৌ সুপ্রসন্ন নয় বলেই ধরে নেওয়া যায়। এরা জীবনযুদ্ধে হোঁচট খেতে খেতে একসময় ব্যর্থ মানুষে পরিণত হয়। শৈশবে–কৈশোরে দেখা তাদের স্বপ্ন কেবল স্বপ্ন হিসেবেই তাদের জীবনে থেকে যায়, সফলতা তাদের জন্য অধরাই থেকে যায় আমৃত্যু।
এমন উদাহরণ আমাদের সমাজে ভূরি ভূরি। সুপ্রিয় পাঠকবৃন্দ, স্বপ্ন সফল হওয়ার প্রশ্নে একটু আগেই আমি অনুকূল পরিবেশের কথা বলেছি। তো এক্ষেত্রে আমি কিন্তু সব ধরনের পরিবেশের প্রতিই ইঙ্গিত দিয়েছি। পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক এমনকি রাষ্ট্রীয় নানাবিধ অনুকূল পরিবেশ–পরিস্থিতিই পারে একজন শিশু–কিশোর কিংবা অধিকতর বয়স্ক ব্যক্তিকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে। তবে কোনো আনুকূল্যই কাজে আসবে না যদি না একজন স্বপ্নবান মানুষ তার কাজে আন্তরিক, সৎ, নিবেদিতপ্রাণ, বিশ্বস্ত আর যথাযথ পরিশ্রমী না হন।
হ্যাঁ, এ কথা সত্য যে, কোনো কাজে দেশসেরা কিংবা বিশ্বসেরা হতে হলে শৈশবে–কৈশোরে স্বপ্ন যেমন দেখতে হয়, তেমনি যত দ্রুত সম্ভব শুরু করতে হয় নির্দিষ্ট কাজটিও। আর এ কাজে তাকে সাহায্য নিতে হবে এক বা একাধিক দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তির– যিনি হবেন তার গাইড ও নির্ভরযোগ্য পথপ্রদর্শক। পরিবার, সমাজ ও প্রতিষ্ঠানের অনুকূল সমর্থন, উৎসাহ আর সাহায্য–সহযোগিতা সর্বক্ষেত্রেই একান্ত জরুরি বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
পাঠক, এ প্রসঙ্গে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতে চাই। শৈশবে–কৈশোরে আমি আমার চারপাশে ও শিক্ষাপ্রতিষ্ঠানে বেশ কিছু প্রতিভাবান মুখ দেখেছিলাম। যাদের কেউ কেউ ভালো ফুটবল কিংবা ক্রিকেট খেলত, কেউ লিখত কবিতা কিংবা নাটক, কেউ করত অভিনয়, কেউ গাইত গান, আবার কেউবা বাজাত বাঁশি। কিন্তু দুঃখের বিষয়, তাদের কারোরই স্বপ্ন এ যাবৎ সফল হয়নি। তাদের কেউ হয়েছে ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউবা ভিন্ন কোনো পেশায় নিয়োজিত হয়েছে। কিন্তু বিশ্বসেরা তো শেষের কথা, দেশসেরা খ্যাতিমান ব্যক্তিতেও কেউ পরিণত হতে পারেনি। কাজেই একথা শতভাগ সত্য যে, শৈশবে–কৈশোরে কোনো ব্যক্তি (পুরুষ কিংবা নারী) কোনো বিষয়ে স্বপ্ন দেখলেই কিংবা তার স্বপ্নের পথ ধরে কিছুদূর হাঁটলেই যে তিনি তার স্বপ্নকে ছুঁতে পারবেন কিংবা তার স্বপ্নের সমান বড় হতে পারবেন, তা কিন্তু নয়। শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের উক্তিটির তেমন ধরনের কোনো অর্থও নেই। তাঁর উক্তিটির যথার্থ অর্থ হলো, স্বপ্নের সমান বড় হতে হলে স্বপ্নবান মানুষটিকে দীর্ঘ সময় ধরে সততা, নিষ্ঠা, একাগ্রচিত্ততা ও আন্তরিকতার সঙ্গে পরিশ্রম করে যেতে হবে। তবেই যথাসময়ে বিজয়ের ইপ্সিত মুকুটটি তার মাথায় শোভা পাবে, অন্যথায় নয়।
লেখক: প্রাবন্ধিক; অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক, মিরসরাই, চট্টগ্রাম।












