এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর গতিশীল তত্ত্বাবধানে উক্ত পরীক্ষা দু–একটি ত্রুটি–বিচ্যুতি নিয়ে সম্পন্ন হয়েছে। ত্রুটির মধ্যে ছিল প্রশ্নপত্রে ভুল থাকা। আর বিচ্যুতি হলো, পরিবেশগত কারণে চট্টগ্রামের কয়েকটি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে পরে পরীক্ষা গ্রহণ করা। তবে এসব বিষয়ে মন্ত্রীর আন্তরিকতা ছিল, এটা ঠিক।
এবারের পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী ফরম পূরণ করে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছিল। অবশ্য কিছু পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। সুখের কথা হলো, নির্ধারিত সময় পার করে আন্তশিক্ষা বোর্ডের কর্মতৎপরতায় যথাসময়ে, অর্থাৎ ৩১ অক্টোবর, উক্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
ফল প্রকাশের পর দেখা গেল, অর্ধেকের কাছাকাছি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। অর্থাৎ কৃতকার্য হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। বাকি ৫ লাখের বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। পরদিন, অর্থাৎ ১ নভেম্বর ২০২৬ তারিখের প্রথম আলোর পাতায় বড় করে শিরোনাম হয়েছে, ‘২২ বছরের মধ্যে বড় অবনতিতে এইচএসসির ফলাফল’। জিপিএ–৫ প্রাপ্তির ক্ষেত্রেও বড় ধস নেমেছে। এবার জিপিএ–৫ পেয়েছে মাত্র ৩৫ হাজার ৯৪৮ জন, যা ২০২৫ সালের জিপিএ–৫ প্রাপ্তির সংখ্যার তুলনায় অনেক কম। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ৬৩ হাজার ২১৯ জন।
২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল একটি শিক্ষাবৈরী পরিবেশে। তারপরও ওই বছর এবারের তুলনায় পাসের হার ও জিপিএ–৫ প্রাপ্তির সংখ্যা অনেক বেশি ছিল। কিন্তু এবারের ঘাটতিটা কোথায়? পরীক্ষা পরিচালনায়? নাকি শিখনঘাটতিতে? অন্য কোনো অবহেলায়? নাকি শিক্ষার মান বাড়ানোর উদ্দেশ্যে? অথবা পরীক্ষার প্রশ্নপত্র তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে অমনোযোগিতার কারণে? মনে হয়, এসব কারণের সব কটিই এবারের ফল বিপর্যয়ের পেছনে ভূমিকা রেখেছে।
এবার অবশ্য কয়েক বছর আগের পুনঃপরীক্ষার নিয়ম আবার ফিরিয়ে আনা হয়েছে। অর্থাৎ এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে শুধু ওই বিষয়গুলোতে পুনঃপরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে। এর ফলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের আর আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এ ধরনের পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।
পত্রপত্রিকার খবর থেকে জানা যায়, পাবলিক বিশ্ববিদ্যালয়সহ ভালো মানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বেশ কয়েকটি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বরের মধ্যেই ভর্তির প্রাথমিক আবেদন গ্রহণ সম্পন্ন করবে। বুয়েট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও নভেম্বর মাসে আবেদন গ্রহণ শুরু হবে। তা ছাড়া এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।
যদি তাই হয়, তবে পুনঃপরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এসব ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ, ৯ নভেম্বর পুনঃপরীক্ষার্থীদের ফরম পূরণের শেষ দিন এবং পরীক্ষা শুরু হবে ১ ডিসেম্বর। আবার যারা পুনঃর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে, তাদেরও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সম্ভাবনা কম বলে মনে হচ্ছে। আরও একটি বিষয় রয়েছে। যারা তিন বিষয়ে অকৃতকার্য হয়েছে এবং পুনর্নিরীক্ষণের আবেদন করার পর তাদের ফল যদি পরিবর্তিত হয়ে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার পর্যায়ে আসে, তাদের পুনঃপরীক্ষা নেওয়া হবে কবে? তারাও তো ভর্তি আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হবে। অথচ পরবর্তী সময়ে উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীরা যাতে উচ্চশিক্ষায় অংশগ্রহণ করতে পারে, সে উদ্দেশ্যেই মন্ত্রণালয় পুনঃপরীক্ষার এমন উদ্যোগ নিয়েছে।
অবশ্য এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ৯ নভেম্বর ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আগামী জানুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম শুরু এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী সিদ্ধান্ত বহাল রেখেছে। সবকিছু বিবেচনা করে ভর্তি কার্যক্রমে ধারাবাহিক সমন্বয় নিশ্চিত করার জন্য একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এটি কার্যকর হলে সব ধরনের উত্তীর্ণ শিক্ষার্থী হয়তো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে বলে আশা করা যায়।
এবার যেহেতু উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা কম, তাই সব ধরনের উত্তীর্ণ পরীক্ষার্থীর ভালো প্রস্তুতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার একটা ক্ষীণ আশা থেকেই যায়। স্নাতক (সম্মান) শ্রেণিতে সারা দেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে ১৪ লাখের বেশি আসন রয়েছে। অথচ এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মাত্র প্রায় সাড়ে ছয় লাখ শিক্ষার্থী। ফলে লাখ লাখ আসন খালি পড়ে থাকার আশঙ্কা রয়েছে। আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে থাকবে বিপুলসংখ্যক অনুত্তীর্ণ শিক্ষার্থী।
আমার মনে একটি ছোট প্রশ্ন এত অনুত্তীর্ণ পরীক্ষার্থী আমরা কেন পেলাম? কেন এমন হলো? সিলেবাস তো আগেরটাই। শিক্ষকগণও অভিজ্ঞ ও পুরোনো। সময়ও তো তেমন কম পাওয়া যায়নি। বরং এবার অন্তত ২০২৫ সালের পরীক্ষার চেয়ে ভালো ফল হওয়ার কথা ছিল। কেননা, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ অনেক ভালো ছিল।
মাননীয় শিক্ষামন্ত্রীর একটি ভিডিও ক্লিপে দেখলাম, তিনি বলছেন, ‘শিক্ষার্থীরা যেমন পড়েছে, তেমন পরীক্ষা দিয়েছে, তেমন রেজাল্ট পেয়েছে।’ কথাটি ঠিক, কিন্তু বাস্তবতা ভিন্ন। যদি তাই হয়, তাহলে কি শিক্ষার্থীরা সারা বছরই কম পড়েছে? এই কম পড়া শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিশ্চয়ই নির্বাচনী পরীক্ষার মাধ্যমে যাচাই–বাছাই করে চূড়ান্ত পরীক্ষার্থী হিসেবে নির্বাচন করেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কম পড়া শিক্ষার্থীদের বাছাই করা হলো কেন? তখন যদি কম প্রস্তুত শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়া হতো, তাহলে পরীক্ষায় পাসের হারের এই অবনতি ঠেকানো যেত কি না, তা ভেবে দেখার বিষয়।
পরীক্ষার ফলাফলে এত বেশি শিক্ষার্থী অকৃতকার্য হলো কেন? এর একটি কারণ হতে পারে, নির্বাচনী পরীক্ষা যদি শিক্ষা বিভাগের নিয়ন্ত্রণে থাকত এবং এ বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া হতো, তাহলে পরীক্ষার্থীর সংখ্যা হয়তো কমত, কিন্তু অকৃতকার্যের হার এত বেশি হতো না। মন্ত্রীর স্বপ্ন তথা শিক্ষার মানও ধরে রাখা সম্ভব হতো। বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষই আশা করে, শিক্ষার মানের এই অধঃপতন রোধ হোক। কিন্তু আমাদের আর্থিক স্বার্থ রক্ষা করতে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের হয়রানির শিকার হতে হচ্ছে। সময়ের কাজ সময়ে সম্পন্ন না করার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে বিশেষজ্ঞ ব্যক্তিদের অভিমত।
দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতার আলোকে বুঝতে পারি, শিক্ষার্থী নির্বাচন করার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর নানা ধরনের চাপ থাকে। বিশেষ করে রাজনৈতিক চাপ এবং বিভিন্ন মহলের সুপারিশের কাছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনেক সময় অসহায় হয়ে পড়ে। তা ছাড়া শিক্ষার পরিবেশের ওপর দীর্ঘদিনের বিরূপ প্রভাবও এখনো পুরোপুরি দূর হয়নি। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদেরও অনেক ক্ষেত্রে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে বাধ্য হয়। আর সে কারণেই যা হওয়ার, তা–ই হয়।
কিন্তু যদি শিক্ষা বিভাগের কেন্দ্রীয় নজরদারি ও কঠোর তত্ত্বাবধানে নির্বাচনী পরীক্ষা নেওয়া হতো এবং পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার জন্য নির্বাচন করা হতো, তাহলে শিক্ষার্থীরা আরও সচেতন হতো এবং পড়াশোনায় মনোযোগী থাকত। অকৃতকার্য পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার খাতা পর্যবেক্ষণ করলেও এ বিষয়ে সত্যতা পাওয়া যেতে পারে।
মাননীয় মন্ত্রী মহোদয় কিংবা বর্তমান সরকার শিক্ষার মান বাড়ানোর ক্ষেত্রে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা ও পর্যবেক্ষণ করলে সুফল পাওয়া যাবে বলে মনে করি। শিক্ষা বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের অভিমত থেকেও ধারণা পাওয়া যায়, প্রযুক্তির যুগে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষাখাতকে এগিয়ে নিতে হলে শিক্ষার মান বাড়ানো অত্যন্ত জরুরি।
মনোযোগী শিক্ষার্থী তৈরিতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সর্বোপরি সরকারের আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন ঘটুক এটাই সাধারণ জনগণের প্রত্যাশা।
লেখক: প্রাবন্ধিক, সাবেক অধ্যক্ষ, হুলাইন ছালেহ–নূর কলেজ।











