দেশ হতে দেশান্তরে

মরুতে স্কন্ধকাটা

সেলিম সোলায়মান | রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

স্কন্ধকাটা ভূতের গল্প পড়েছিলাম সেই কবে? শৈশবে ! কুমিল্লায়। এখন দেখছি রিয়াদের এই মরুতে নিজেই হয়ে গেছি স্কন্ধকাটা ! হুম নামটা আছে ঠিকই; তবে মুখ নাই। অর্থাৎ ছবি নাই অধমের। এইমাত্র হেড কোয়ার্টার থেকে নতুন ইনডাইরেক্ট বা ফাংশানাল বস, মারকুস রোরভাইল্ডের পাঠানো অরগানোগ্রাম বলছে সেটাই। সাথে সাথেই ষষ্ঠইন্দ্রিয় দিল সঙ্কেত, আলামত ভাল মনে হচ্ছে না। ভালকথা, এই বছরের এবং মাসের শুরুতে, ঢাকায় মুক্তকচ্ছ হয়ে দৌড়াচ্ছিলাম ত্রিভিসাভিযানে। একই সাথে খাচ্ছিলাম হাবুডুবু, পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা জনিত কারণে জমে উঠা সাংসারিক কাজের অঘাত জলে। সেসময় হেডকোয়ার্টারের মেইল জানিয়েছিল নতুন বছরের উপহার হিসেবে পেয়েছি নতুন ইনডাইরেক্ট বস, জার্মান মারকুসকে! আদার বেপারি আমি। বড়সড় জাহাজের খবর রাখি কম। এ নামও শুনিনি তাই আগে। এই খবরে তাই বিশেষ কিছু ভাল বা খারাপ মনে হয়নি। শুধু মনে হয়েছিল, হায়রে, গত দুই বছরে নিজ দেশ বাদে সিঙ্গাপুর আর সৌদি আরবে কাজ করতে গিয়ে, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট মিলে মোট চার বসের সাথে কাজ করলাম। পেলাম এখন পঞ্চমজনকে। শুরু হবে ফের ফ্রিকুয়েন্সি মেলানোর কাজ! তারপরও অবশ্য মন কিছুটা খারাপই হয়েছিল, ফিলের বন্ধু এবং আমারও পরম সুহৃদ ইটালিয়ান সিলি্‌ভওর জন্য। বেচারা গত কয়েক মাস এই পদটি অস্থায়ীভাবে ভালই চালাচ্ছিল। ধরে নিয়েছিলাম তাই নতুন বছরের উপহার হবে তার স্থায়ী হওয়ার ঘোষণা। নাহ, তা আর হল না। তাহলে সুইস এই কোম্পানির হেডকোয়ার্টারে তথাকথিত জোরদার জার্মান লবির যে কথা ফিস ফিস করে অবিরল, সেটিই কি জয়ী হল?

মাসকয়েক আগে, এশিয়া, অস্ট্রেলিয়া, মিডলইস্ট , আফ্রিকার মোট ৭০ টি দেশ মিলে যে রিজিওন কোম্পানির , সেটির প্রধান হিসেবে স্বল্পবাক পারফেক্ট জেন্টেল জার্মান রেইনার আসার পর , মনে হয়েছিল, উনি ঐসব লবিং ফবিংয়ের ধার ধারবেন না। কারণ এসেই তিনি তার ডান হাত রিজিওনাল কমার্শিয়াল হেড পদ থেকে বেলজিয়ান এরিককে, কোরিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশের কান্ট্রি হেড করে পাঠিয়েছিলেন। তারপর খালি পদটি অস্থায়ীভাবে দিয়েছিলেন, এরিকের টিমেরই সিলি্‌ভওকে। কিন্তু এখন যা হল, তাতে কি ঐ কথিত জার্মানভূতের আছরের ব্যাপারটিই সপ্রমাণিত হল? নাকি এ সবই বেহুদা শোনা কথা?

সে যাক, বিষয় হচ্ছে দেশে তুমুল হুল্লোড়ের মধ্যে এর বেশী ভাবারই অবকাশ পাইনি। দশ্মুখি ব্যস্ততায় উঠেছিল নাভিশ্বাস। তার মধ্যেই আবার পণ করেছিলাম, একটা ব্যাপার কিছুতেই মিস না করার। উদগ্রীব ছিলাম সে বিষয়েও বেজায়। আর তা ছিল, দেশের চিকিৎসক সমাজের তিন দিকপালের সাথে সরাসরি দেখা করে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতাজ্ঞাপন। একদিকে তাঁরা যেমন আমার অনুপস্থিতিতে অসুস্থ আব্বার চিকিৎসার দায় নিয়ে আমাকে দুশ্চিন্তা মুক্ত রেখেছেন, তেমনি এই কিছুদিন আগে পেশাগতভাবেও পেয়েছিলাম তাঁদের আশীর্বাদ।

একটু খুলেই বলি। বিষয় হচ্ছে, গত বছরের শেষদিকে হেডকোয়ার্টারের ট্যালেন্ট ম্যানেজম্যান্ট, আমাকে তাদের ডেভেলপমেন্ট প্রোগ্রামে ঢুকিয়েছিল। বস ফিলের ভাষায় ঐ প্রোগ্রাম হল আসলে আমার পরবর্তী পদে, যাওয়ার ট্রেন। সেই ট্রেন নিয়ে হাজির হয়েছিলেন, বিশ্বখ্যাত ম্যানেজম্যান্ট কনসালটেন্ট কোম্পানি হে গ্রুপের রিজিওনাল হেড, ভারতের অরবিন্দ পণ্ডিত। বিষয় আমার ট্রেন চালানোর দক্ষতা দেখা, যে ট্রেন আমাকেই চালিয়ে নিয়ে যেতে হবে উপরের দিকের স্টেশনে।

তারই প্রেক্ষিতে, মুখোমুখি হতে হয়েছিল ৩৬০ ডিগ্রী লিডারশিপ এসেসম্যান্ট নামের এক আয়োজনের। এ অবশ্য নতুন কোন কিছু না। অনেকবারই মুখোমুখি হয়েছি এটির। এ নিয়ে আমার করনীয় ছিল শুধুই সেলফ এসেসম্যান্ট। তারপর, প্রায় ২৫০ টি প্রশ্ন সম্বলিত ঐ এসেসম্যান্টের উত্তর নিতে হবে, আমার টিমের প্রত্যেকের কাছ থেকে। বসের থেকে। আমার সমমর্যাদার অন্য ডিপার্টমেন্টের সহকর্মীদের কাছ থেকে। সবশেষে যদি সম্ভব হয় কাস্টমারদের থেকে।

এই কোম্পানিতে যিনিই নেতৃত্ব জাতীয় পদে কাজ করেন, তাদের সবাইকেই বলা চলে দু বছর পর পর এই পরীক্ষার মুখোমুখি হতে হয়। আবার কারো যদি পরবর্তী পদে যাওয়ার সময় হয়, তখনও মুখোমুখি হতে হয় তাকে একই এসেসম্যান্টের। মানে চাকরী টিকিয়ে রাখতেও লাগে, আবার উপরে উঠতেও লাগে, এই এসেসম্যান্ট। এবার যেহেতু এসেছে আমার জন্য উর্ধগামি হওয়ার ট্রেন, সঙ্গী হয়েছে সেটির ঐ ৩৬০ ডিগ্রিও।

অতি উৎসাহে তানিয়ে এবার নিয়েছিলাম নতুন সিদ্ধান্ত। আগে বহুবার ঐ পরীক্ষা দিলেও, কাস্টমার অংশটি যেহেতু অবশ্য করনীয় নয়, তাই ওটা বাকীদের মতো ফাঁকাই রেখেছিলাম। কিন্তু মরুর গরমে ট্রেন চালানোর আনন্দে মাথাগরম হয়ে উঠায়, হঠাৎ করেই কেন জানি মনে হয়েছিল, নাহ নিয়েই দেখি না এবার কাস্টমার ফিডব্যাক। দেখি না, তাঁরা কেমন নেতা মনে করেন, অধমকে।

যেই ভাবা সেই কাজ। প্রথমেই সেদিন ফোন করেছিলাম দুই পরম সুহৃদ ডাঃ মোসলেহ উদ্দিন ভাই ও ডাঃ হাসানাত ভাইকে। স্বভাবতই পেয়েছিলাম তাঁদের তুমুল উৎসাহব্যঞ্জক সাড়া। আর তা এমনি যে, এনালগ আপাদমস্তক ভালমানুষ মোসলেহউদ্দিন ভাই, অনলাইনের ঐ এসেসম্যান্টের জন্যই প্রথমবারের মতো খুলেছিলেন নিজের ই মেইল একাউন্ট !

মনে হয়েছিল তাতে, আরে এই দুইজন যে এসেসমেন্ট করবেন, অবশ্যই থাকবে তাতে তুমুল পক্ষপাত! আচ্ছা দেখি না একটু চেষ্টা করে দেশের চিকিৎসক সমাজের দিকপালদের, যারা আমাকে চেনেন, রাজী হন কি না তাঁরা?

দুরু দুরু বক্ষে তাই ফোন করেছিলাম একে একে, গ্যাস্ট্রোএন্টেরেলজির দিকপাল প্রফেসর মাহমুদ হাসান, মেডিসিনের কিংবদন্তী প্রফেসর এম এন আলম এবং ডায়াবেটিসের দেশসেরা প্রফেসর জাফর লতিফ স্যারদের। হতবাক করে দিয়ে, তিনজনই রাজী হয়েছিলেন একবাক্যে। এর মধ্যে জাফর স্যার তো বলেছিলেন– ‘শোনেন সেলিম, কি লিখলে আপনার ভাল হবে, সেটা বলেন, আমি ওটাই লিখে দেব।’

হাসতে হাসতে বলেছিলাম স্যার এই পরীক্ষায় প্রশ্ন আগেই ফাঁস করা হয়। তারপরেও এর উত্তর ফাঁস করে লাভ হয় না। এ এমনি পরীক্ষা। প্রতি প্রশ্নের সাথে যে চারটা উত্তর থাকবে তার থেকে একটা বেছে নিতে হয়। কোন উত্তরই ভুল বা শুদ্ধ না। প্রায় দুই আড়াই ঘণ্টা লাগবে । আপনার তুমুল ব্যস্ত সময় থেকে আমার জন্য ঐ দুই ঘণ্টা বরাদ্দ করাই হবে আশীর্বাদ!

এ আমার এক বিরাট সৌভাগ্য যে, তাঁরা পাঁচজনই যাবতীয় ব্যস্ততাসত্বেও দীর্ঘ ঐ অনলাইন এসেসম্যান্ট শেষ করেছিলেন ডেডলাইন মেনে। অতএব দেশে এসে যাবতীয় ব্যস্ততা সত্ত্বেও ছিলাম উদগ্রীব সর্বক্ষণ ওনাদের সাথে দেখা করার জন্য। করেছিলামও। জেনেছিলাম তাতে, দুর্বল ইন্টারনেট আর ঘন ঘন লোড শেডিংয়ের সাথে পাল্লা দিয়ে তাঁরা প্রত্যেকেই তিন চার দিন লাগিয়ে কিভাবে ঐ দীর্ঘ প্রসেসটি শেষ করেছিলেন !

এতোসব কাজের ভিড়ে, নতুন বছরে যে নতুন ইনডাইরেক্ট বস পেলাম, সেদিকে নজর দিতে পারিনি তেমন, সে সময়। হ্যাঁ, কোম্পানির কেতামাফিক তাঁকে অবশ্যই মেইল করে স্বাগতম ও অভিনন্দন জানিয়ে লিখেছিলাম, লুকিং ফরোয়ার্ড টু ওয়ার্ক উইথ ইউ। কিন্তু আর যেটা করা দরকার ছিল, তা হল তার সাথে একটা টেলিফোন কনফারেন্স। তা করার ফুরসতই পাইনি। সে কারণেই কি তার অর্গানোগ্রামে আমি স্কন্ধকাটা?

আচ্ছা আমাকে এই মরুতে এনে রোপণ করেছিলেন যে এর আগের কমার্শিয়াল হেড এরিক, তার সাথে মারকুসের সম্পর্ক কী রকম? এমনিতে এইসব পদে যারাই আসেন তাঁরা সাধারণত গুরুত্বপূর্ণ পদ গুলোতে নিজেদের পছন্দের লোক বসান। সৌদি এই রিজিওনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। অতএব আছি আমি ঐ মহাজনদের প্রখর দৃষ্টির নীচে। এমতাবস্থায় নতুন বসের সাথে যদি আগের জনের সম্পর্ক খারাপ থাকে তবে খেতে হবে জোর ধাক্কা। এমন কি হয়ে যেতে পারি ইন্নালিল্লাহও। এদিকে এবার দেশে গিয়ে, দিয়েছি ঢাকায় আমাদের এ যাবত কালের ভাসমান জীবনের অবসান ঘটানোর লক্ষে, একটা স্থায়ী ঠিকানার বুকিং।

নাহ, এক্ষুণি গিয়ে একটু খোঁজ নেই এই ব্যাপারে ফিলের কাছ থেকে। সরাসরি বস ঠিক থাকলে যে কোন বড় ধাক্কা সামলানো যায়। তদুপরি হেডঅফিসে ফিলের আছে বিস্তৃত নেটওয়ার্ক। তার কাছে আমার স্কন্ধকাটা হওয়ার বিশেষ কোন অর্থ আছে কি না, জানা যাবে। বাংলাদেশের মার্কেটিং হেড ছিলাম তো বহুদিন। তখন এই লিস্টে আমার নাম ওঠেনি । কারণ দেশকে মাপে এরা ডলারের ওজনে। সৌদিতে আসার কারণেই সুযোগ হল গ্লোবাল ম্যাপে নিজের নাম ও ছবি ওঠানোর। আর হল কিনা তা আধাআধি!

ওহ, হো মনে পড়েছে, দেশে থাকতেই মারকুসের কাছ থেকে একটা মেইল এসেছিল ছবি চেয়ে। তা তো পাঠিয়েছিলাম। আর আমি না পাঠালেও, সহজেই তা মেলে হেডকোয়ার্টারের এইচ আর থেকে। তা না করে সেই বা কেন দিকে দিকে ছবি চেয়ে মেইল পাঠাল?

এই যে পেলাম সেই মেইলের ছবিসমেত দেয়া উত্তর। হুম, বুঝলাম সমস্যা এবার! দেশের দশ্মুখি ধুন্দমার ব্যস্ততায় সময়মতো তার মেইলটি চোখে না পড়ায়, ডেডলাইন মিস হয়েছিল। দেরি করেছিলাম সুই দিন। তবে কি মারকুসের জার্মান মানসিকতা ওটাকে অধমের বিরাট খামখেয়ালিপনা জ্ঞান করেছে। সে জন্যই যদিও এই অরগানগ্রামটি সে পাঠিয়েছে আজ, মানে আমার ছবি পাওয়ারও গুনে গুনে তিন সপ্তাহ পর, ইচ্ছে করেই বসায়নি ছবিটি?

আরে মামুর বেটা, আছি এখানে কোন ঝামেলায়, তা বোঝার কোন চেষ্টাই তো করলা না। এখন পর্যন্ত ইকামারাই দেখা নাই। আছি উপরন্তু জ্বলন্ত উনুনের গরম কড়াইয়ে। তুমিতো আছো মিয়া এ গ্রহের ভূস্বর্গ সুইজারল্যান্ডের শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে। একটু বোঝার চেষ্টা কর, এই বেঙ্গলগোট পলিমাটি থেকে এই মরুতে উড়ে এসে, পড়েছে কোন ঝামেলায়!

নাহ, এসব নিয়ে চিন্তা করে লাভ নাই। হয় যা হবে, হউক। ঘুরে আসি বরং ফিলের কাছ থেকে। দূরের ইনডাইরেক্ট বসতো দূরেই আছে, কাছের ডাইরেক্ট জনের সাথে একটু খোসগল্প করে আসি। ডাইরেক্ট বস নাখোশ না হলে, ইনডাইরেক্ট নানান ধরনের যন্ত্রণা দেয়া ছাড়া, আর কিছুই করতে পারবে না।

আরেহ, পাপ্পু ভাই দেখি ফোন করেছেন, আসসালামু আলাইকুম। “ওয়ালাইকুম আসসালাম। সেলিম ভাই আপনে কী ঢাকা, কুয়ালালামপুর নাকি রিয়াদে এখন?” জি ভাই রিয়াদে। সরি, সরি। তিন চার দিন হইলো ফিরছি। দৌড়ের উপর ছিলাম, তাই আপনারে জানাইতে ভুলে গেছি। ‘আরে না না কি যে বলেন? শোনেন আগামীকাল মানে বৃহস্পতিবার সন্ধ্যায় আমার বাসায় আসবেন। শীতের পিঠা খাবো একসাথে। আমার কিছু দেশী বন্ধুও থাকবেন।’ ওহ মরুতে পিঠাউৎসব! অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই মিস করবো না। উৎসব টুৎসব কিছু না। ঘরোয়া আয়োজন। আপনাকে আমার বাসায় আসার রোডম্যাপ পাঠিয়ে দেব। আসবেন কিন্তু। খোদা হাফেজ।

লেখক : প্রাবন্ধিক, ভ্রমণসাহিত্যিক।

পূর্ববর্তী নিবন্ধমায়ের যত্নে গড়ে ওঠে ভালোবাসার সংসার
পরবর্তী নিবন্ধশরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং শতবর্ষে ‘পথের দাবী’