একসময় ডায়াবেটিসকে বয়স্ক মানুষের রোগ মনে করা হলেও বর্তমানে তরুণ, মধ্যবয়স্ক এমনকি শিশু–কিশোরদের মধ্যেও টাইপ–২ ডায়াবেটিসের প্রবণতা বাড়ছে। উদ্বেগের বিষয়, অনেকেই কোনো লক্ষণ ছাড়াই দীর্ঘদিন এই রোগে আক্রান্ত থাকেন।
ডায়াবেটিসের বৈশ্বিক ও বাংলাদেশের চিত্র : আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের ২০২৫ সালের ডায়াবেটিস অ্যাটলাস অনুযায়ী, বিশ্বে ২০–৭৯ বছর বয়সী প্রায় ৫৮ কোটি ৯০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশে ২০২৪ সালে এই সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার। আক্রান্তদের প্রায় ৩৯ শতাংশ জানেনই না যে তাঁরা ডায়াবেটিসে ভুগছেন।
দক্ষিণ এশিয়ায় ডায়াবেটিসের ঝুঁকি বেশি কেন: বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার জনগোষ্ঠীর মধ্যে বিশেষ জৈবিক প্রবণতা রয়েছে, যাকে বলা হয় ‘দক্ষিণ এশিয়া ফেনোটাইপ’। তুলনামূলক কম বয়সে এবং অতিরিক্ত স্থূলতা না থাকলেও এ অঞ্চলের মানুষের ডায়াবেটিস হতে পারে। এর পেছনে রয়েছে পেটের ভেতরে চর্বি জমা, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং অগ্ন্যাশয়ের বিটা কোষের কার্যক্ষমতা হ্রাস। এর পাশাপাশি অতিরিক্ত ভাত, পরিশোধিত শর্করা, মিষ্টি, কোমল পানীয়, ফাস্টফুড, শারীরিক নিষ্ক্রিয়তা, অপর্যাপ্ত ঘুম এবং বংশগত প্রবণতা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।
ওজন ও পেটের মেদ : ডায়াবেটিসের গুরুত্বপূর্ণ কারণ : পেটের ভেতরে জমে থাকা অতিরিক্ত চর্বি শরীরের ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়। ফলে তৈরি হয় ইনসুলিন রেজিসট্যান্স, যা পরবর্তী সময়ে টাইপ–২ ডায়াবেটিসের কারণ হতে পারে। দক্ষিণ এশীয়দের ক্ষেত্রে বিএমআই ২৩ বা তার বেশি হলেই বিপাকীয় ঝুঁকি বিবেচনা করা প্রয়োজন। কোমরের মাপ পুরুষের ৯০ সেন্টিমিটার এবং নারীর ৮০ সেন্টিমিটার বা তার বেশি হলে ঝুঁকি বাড়ে।
ডায়াবেটিস প্রতিরোধে করণীয় : টাইপ–২ ডায়াবেটিসের একটি বড় অংশ স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে প্রতিরোধ বা বিলম্বিত করা সম্ভব। ১.স্বাস্থ্যকর খাবার : ভাতের পরিমাণ নিয়ন্ত্রণ, শাকসবজি, ডাল, মাছ, ডিম ও আঁশযুক্ত খাবার গ্রহণ করতে হবে। অতিরিক্ত চিনি, মিষ্টি, কোমল পানীয়, ফাস্টফুড ও ট্রান্স ফ্যাট পরিহার করতে হবে।
২.নিয়মিত ব্যায়াম : সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম, যেমন প্রতিদিন ৩০ মিনিট দ্রুত হাঁটা, অত্যন্ত কার্যকর। ৩.ওজন নিয়ন্ত্রণ : অতিরিক্ত ওজন থাকলে প্রাথমিকভাবে ৫–৭ শতাংশ ওজন কমানোর লক্ষ্য নেওয়া যেতে পারে। ৪. পর্যাপ্ত ঘুম : প্রতিদিন ৭–৯ ঘণ্টা ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ জরুরি। ৫. ধূমপান পরিহার : ধূমপান ও তামাকজাত দ্রব্য ইনসুলিন রেজিস্ট্যান্স এবং হৃদ্রোগের ঝুঁকি বাড়ায়।
ডায়াবেটিস হলে কী করবেন : ডায়াবেটিস ধরা পড়া মানেই জীবন থেমে যাওয়া নয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস, ব্যায়াম, ওষুধ বা ইনসুলিন গ্রহণ এবং নিয়মিত এইচবিএ ১ সি পরীক্ষা করতে হবে। অধিকাংশ প্রাপ্তবয়স্ক রোগীর এইচবিএ১সি ৭ শতাংশের নিচে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়, তবে তা ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে। পাশাপাশি রক্তচাপ, কোলেস্টেরল, কিডনির কার্যক্ষমতা, চোখের রেটিনা এবং পায়ের স্বাস্থ্য নিয়মিত পরীক্ষা করা জরুরি। কারণ ডায়াবেটিসের চিকিৎসা শুধু সুগার নিয়ন্ত্রণ নয়, বরং হৃদ্যন্ত্র, কিডনি, চোখ ও স্নায়ুর জটিলতা প্রতিরোধও এর গুরুত্বপূর্ণ অংশ।
কখন ডায়াবেটিস পরীক্ষা করবেন : বয়স ৩৫ বছর বা তার বেশি, পরিবারের ডায়াবেটিসের ইতিহাস, অতিরিক্ত পেটের মেদ, উচ্চ রক্তচাপ কিংবা শারীরিক নিষ্ক্রিয়তা থাকলে ডায়াবেটিস পরীক্ষা করা উচিত।
ডায়াবেটিস নির্ণয়ের গুরুত্বপূর্ণ মানদণ্ড হলো :
– ফাস্টিং ব্লাড সুগার ৭.০ এমএমওএল বা বেশি।
– ওজিটিটি–এর দুই ঘণ্টা পর ১১.১ এমএমও/এল বা বেশি।
– এইচবিএ১সি ৬.৫ শতাংশ বা বেশি।
শেষ কথা : ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ শুধু ব্যক্তির নয়, পরিবার ও সমাজেরও দায়িত্ব। শিশুদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, খেলাধুলা, হাঁটার উপযোগী পরিবেশ এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও সঠিক চিকিৎসা–এই তিনটি পদক্ষেপই পারে ডায়াবেটিসের জটিলতামুক্ত একটি সুস্থ সমাজ গড়তে।
লেখক : মেডিসিন বিশেষজ্ঞ










