রানি রাসমণি ঘাটে আগুনে পুড়ল ৭০টি জালঘর

জাল, দড়ি হারিয়ে নিঃস্ব জেলে পরিবারগুলো

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ৬:১৯ পূর্বাহ্ণ

নগরীর কাট্টলী রানি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে একে একে পুড়ে যায় ৭০টির বেশি জালঘর, ১৫টি মাছের গদি, চারটি বরফকল ও কয়েকটি দোকান। চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় ব্যবসায়ীদের বছরের পর বছর ধরে গড়ে তোলা সম্পদ। তাদের অভিযোগ এসব জালঘরে ছিল না বিদ্যুৎ সংযোগ। ছিল না গ্যাসের চুলা কিংবা আগুনের কোনো দৃশ্যমান উৎস। গতকাল সোমবার দুপুর পৌনে ১ টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে পুরো জেলে পল্লীর সবগুলো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের সদস্যরা জানান, সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলছে। তাই জেলেদের ব্যস্ততাও নেই। মাছ ধরার জাল, দড়ি ও প্রয়োজনীয় সরঞ্জাম জাল ঘরগুলোতে রেখে বাড়িতে ফিরে গেছেন তারা। এমন সময় হঠাৎ আগুন লাগে দক্ষিণ কাট্টলীর রাসমণি ঘাট এলাকায়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ–সহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, কাট্টলী রাসমণি ঘাট এলাকায় দুপুর পৌনে ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে ঘাট এলাকায় থাকা ছোট ছোট প্রায় ৩০টি জেলেদের ঝুপড়ি ঘর পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুন বিকেল পৌনে তিনটার দিকে নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে। পুড়ে যাওয়া দোকানের সামনে মাছ ব্যবসায়ী জাবেদুল আলম হতাশ মুখে দাঁড়িয়েছিলেন। কথা বলতে চাইলে বলেন, সব শেষ। আমাদের জাল, দড়ি সবই পুড়ে গেছে। জাবেদুল বলেন, আগুন কীভাবে লেগেছে, আমরা কিছুই জানি না। খবর পেয়ে এসে দেখি সবকিছু জ্বলছে। আমাদের জাল, দড়িসহ মাছ ধরার সব মালামাল এখানে ছিল। এখন কিছুই অবশিষ্ট নেই। সবার সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। আরেক গদি ব্যবসায়ী মুহাম্মদ মহসিন বলেন, আমাদের একটি গদিতেই প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার জাল ছিল। এখানে কোনো বিদ্যুৎ সংযোগ নেই, গ্যাসের চুলা বা আগুনের কোনো উৎসও নেই। আগুন লাগল কীভাবে, কেউ জানে না। জাল ঘর গুলোতে তাদের মাছ ধরার জাল, দড়ি হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া জেলে পরিবার গুলোর মধ্যে এখন হাহাকার চলছে। স্থানীয়রা জানান, আগুন দ্রুত আশপাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পূর্ববর্তী নিবন্ধ৬০ বছরের স্মৃতি-ঐতিহ্য, উৎসবের অপেক্ষায় চবি