৬০ বছরের স্মৃতি-ঐতিহ্য, উৎসবের অপেক্ষায় চবি

হীরকজয়ন্তী কাল, যাতায়াতে ৫০টি বাস

মো. শামীম হোসাইন, চবি | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ৬:১৮ পূর্বাহ্ণ

পাহাড়ঘেরা সবুজ ক্যাম্পাসে উৎসবের আমেজ। বর্ণিল আলোকসজ্জা, সাজসজ্জা আর নানা আয়োজনের মধ্য দিয়ে ৬০ বছরের গৌরবময় পথচলা উদযাপনের অপেক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও হীরকজয়ন্তী উদযাপন। দিনব্যাপী এ আয়োজনে অংশ নিতে ক্যাম্পাসে সমবেত হবেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীসহ দেশ–বিদেশে ছড়িয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থীরা। তাঁদের যাতায়াত নির্বিঘ্ন করতে শহর থেকে ক্যাম্পাসে ৫০টি বাস, বিশেষ শাটল ট্রেনের সময়সূচি এবং ক্যাম্পাসের অভ্যন্তরে বিনামূল্যে ই–কার সার্ভিসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হীরকজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। আলোচনা সভা ও হীরকজয়ন্তীর মূল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌–ফোরকান। এ ছাড়া বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন এবং উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

যাতায়াতে ৫০টি বাস : হীরকজয়ন্তীতে নিবন্ধনকারী প্রাক্তন শিক্ষার্থীদের যাতায়াতের জন্য চট্টগ্রাম শহরের বিভিন্ন পয়েন্ট থেকে মোট ৫০টি বাস চলাচল করবে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে এসব বাস ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে। বড়পোল মোড়ের ইস্টার্ন ব্যাংকের সামনে থেকে সকাল ৭টা ৩০ মিনিটে একটি বাস ছেড়ে আগ্রাবাদ ২ নম্বর গেট (কর্ণফুলী কমপ্লেঙ) হয়ে ক্যাম্পাসে আসবে। আগ্রাবাদ বাদামতলী মোড়ের সোনালী ব্যাংকের সামনে থেকে সকাল ৭টা ৪৫ মিনিটে একটি এবং সকাল ৮টায় আরেকটি বাস ছাড়বে। নিউমার্কেট থেকে মোট সাতটি বাস ক্যাম্পাসে আসবে। এর মধ্যে সকাল ৭টা ৩০ মিনিটে একটি, ৭টা ৪৫ মিনিটে তিনটি এবং সকাল ৮টায় তিনটি বাস ছেড়ে যাবে। ওয়াসার মোড় (জমিয়াতুল ফালাহ) থেকে ১৫টি এবং ষোলশহর শপিং কমপ্লেঙ থেকে ২৫টি বাস চলাচল করবে। এ দুটি পয়েন্ট থেকে সকাল ৭টা ৩০ মিনিট থেকে যাত্রীপূর্ণ হওয়া সাপেক্ষে বাস ছাড়তে শুরু করবে। সর্বশেষ বাস ছাড়বে সকাল ৮টার মধ্যে। শহরের বিভিন্ন পয়েন্ট থেকে ছেড়ে আসা বাসে আসন খালি থাকা সাপেক্ষে নিবন্ধনকারী প্রাক্তন শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আগ্রাবাদ ২ নম্বর গেট (কর্ণফুলী কমপ্লেঙ), পলিটেকনিক মোড় ও শেরশাহ লিংকরোড মোড় থেকেও বাসে উঠতে পারবেন।

বিকেলে শহরে ফেরার ব্যবস্থা : অনুষ্ঠান শেষে শহরে ফেরার জন্যও বিশেষ বাসের ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে প্রতি ১৫ মিনিট অন্তর পাঁচটি করে মোট ২০টি বাস শহরের উদ্দেশে ছেড়ে যাবে। এসব বাস যাত্রীপূর্ণ হওয়া সাপেক্ষে ছাড়বে। অবশিষ্ট বাসগুলো অনুষ্ঠান শেষে রাত ৯টায় শহীদ মিনার থেকে ছেড়ে যাবে।

বিশেষ শাটল ট্রেনের সময়সূচি : হীরকজয়ন্তী উপলক্ষে ১৮ নভেম্বরের জন্য বিশেষ শাটল ট্রেনের সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্ধারিত সূচি অনুযায়ী, চট্টগ্রাম বটতলী স্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিট, সকাল ৭টা ৪০ মিনিট, দুপুর ২টা ৩০ মিনিট, বিকেল ৩টা ৩০ মিনিট, বিকেল ৫টা, রাত ৮টা ৩০ মিনিট ও রাত ৯টায় ট্রেন ছেড়ে আসবে। অন্যদিকে ষোলশহর স্টেশন থেকে সকাল ৯টা ৩০ মিনিট, সকাল ১০টা ১৫ মিনিট এবং সকাল ১১টা ৩০ মিনিটে ট্রেন ছাড়বে। বিশ্ববিদ্যালয় রেলস্টেশন থেকে ষোলশহর পর্যন্ত সকাল ৮টা ৪০ মিনিট, সকাল ৯টা ৫ মিনিট ও সকাল ১০টা ৩০ মিনিটে ট্রেন ছেড়ে যাবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে দুপুর ১টা, দুপুর ২টা, বিকেল ৩টা ৩৫ মিনিট, বিকেল ৪টা ৪০ মিনিট, সন্ধ্যা ৬টা ২০ মিনিট, রাত ৯টা ৪৫ মিনিট ও রাত ১০টা ২০ মিনিটে ট্রেন ছাড়বে।

ক্যাম্পাসে চলবে বিনা মূল্যে ই–কার : ক্যাম্পাসের অভ্যন্তরে যাতায়াত সহজ করতে বিনা মূল্যে ই–কার সার্ভিস চালু থাকবে। ছয়টি ই–কার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রকৌশল দপ্তর থেকে শহীদ মিনার পর্যন্ত চলাচল করবে। তবে র‌্যালি চলাকালে এ পথে ই–কার চলাচল বন্ধ থাকবে। বাকি ছয়টি ই–কার কাটাপাহাড় রাস্তার মুখ থেকে জীববিজ্ঞান অনুষদ পর্যন্ত প্রয়োজন অনুযায়ী চলাচল করবে।

হীরকজয়ন্তীর র‌্যালি সকাল ১০টায় শহীদ মিনার থেকে শুরু হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হবে। কেন্দ্রীয় খেলার মাঠে স্থাপিত বুথে সকাল ৮টা থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হবে। শহর থেকে বাসে আসা প্রাক্তন শিক্ষার্থীরা নিরাপত্তা দপ্তরের মোড়ে নেমে নিবন্ধন সম্পন্ন করে বিনা মূল্যের ই–কারে শহীদ মিনারে যেতে পারবেন। চাইলে সরাসরি শহীদ মিনারে গিয়ে র‌্যালিতে অংশ নিয়ে পরে মাঠেও নিবন্ধন করতে পারবেন।

গাড়ি পার্কিং ও চলাচলে বিশেষ নির্দেশনা : বাসগুলো জিরো পয়েন্ট, সোহরাওয়ার্দী মোড়, নিরাপত্তা মোড় ও সমাজবিজ্ঞান অনুষদ–বাণিজ্য অনুষদ হয়ে শহীদ ফরহাদ হোসেন হলের সামনের মাঠ অথবা শহীদ আবদুর রব হলের মাঠে পার্কিং করবে। ব্যক্তিগত ছোট গাড়ি জিরো পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী হল মোড় হয়ে আলাওল হল, এ এফ রহমান হলের মাঠ, কেন্দ্রীয় মসজিদের সামনের স্থান ও সোহরাওয়ার্দী হল মাঠে পার্কিং করবে। এসব স্থানে জায়গার সংকুলান না হলে পরবর্তী সময়ে শহীদ আবদুর রব হল হয়ে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের সামনে এবং শহীদ ফরহাদ হোসেন হলের মাঠে গাড়ি পার্কিং করা হবে। সকালে রিজার্ভ সিএনজি ও ব্যক্তিগত গাড়িগুলো জিরো পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী হলের মোড় হয়ে যাত্রী নামিয়ে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট দিয়ে বেরিয়ে যাবে। এ ছাড়া দুপুর ২টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সোহরাওয়ার্দী মোড়, নিরাপত্তা মোড় ও ২ নম্বর গেট থেকে কেন্দ্রীয় খেলার মাঠমুখী গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরের অর্জন, ঐতিহ্য ও স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ হীরকজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে নেওয়া হয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে ফিরে আসার অপেক্ষায় থাকা প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রজন্মের মিলনমেলায় ৬০ বছরের গৌরবগাথা নতুন করে উদযাপনের অপেক্ষায় পুরো ক্যাম্পাস।

পূর্ববর্তী নিবন্ধনাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালাচল শুরু হচ্ছে আজ