ফেসবুক স্ট্যাটাস থেকে সংঘর্ষ, শেষ পর্যন্ত প্রাণহানি

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘর্ষে আহত শফিক (২৮) মারা গেছেন। ১১ দিন চিকিৎসাধীন থাকার পর গত রোববার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শফিক উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, স্থানীয় দোকানমালিক কফিল ও মুসলিম নামের দুই ব্যক্তির মধ্যে মনোমালিন্য থেকে ঘটনার সূত্রপাত। এ বিরোধকে কেন্দ্র করে ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস দেওয়া হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে মুসলিম অভিভাবকদের কাছে অভিযোগ করেন। তাঁর অভিযোগে শফিকের নামও আসে। পরে মুসলিম বিষয়টি শফিকের বাবা মোহাম্মদ ইসলাম ওরফে বড় মনুকে জানান। বিষয়টি বাবাকে জানানোর খবর পেয়ে শফিক মুসলিমের কাছে গিয়ে কারণ জানতে চান। এ নিয়ে তাদের মধ্যে প্রথমে কথা–কাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একপর্যায়ে মুসলিম মোটরসাইকেলের চাবি দিয়ে শফিকের মাথায় আঘাত করেন। পরে শফিকের সঙ্গে থাকা কয়েকজন মুসলিমকে মারধর করেন। এ সময় তাকে কিল–ঘুষি ও লাথি মারার অভিযোগও রয়েছে। গত ৬ নভেম্বর আসরের নামাজের সময় রত্নাপালং ইউনিয়নের আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর শফিককে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজারে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে কয়েক দিন আগেই এ ঘটনায় উখিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল।

গতকাল পরিবারের পক্ষ থেকে স্থানীয় মোস্তাক আহমেদ জানান, শফিকের মরদেহ এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মরদেহ গ্রামে পৌঁছাতে রাত হতে পারে।

শফিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পড়াশোনা শেষ করে পরিবারকে ঘিরে নানা স্বপ্ন ছিল তার। স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। বিষয়টি প্রাণহানির মতো পরিণতি পাবে, তা কেউ ভাবেননি। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, এ ঘটনায় প্রকৃত অপরাধ উদ্ঘাটন করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ