২০২৭ সালে বাংলাদেশের অর্থনীতি কেমন হবে

ড. নারায়ন বৈদ্য | সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

যে কোনো অর্থনীতির পূর্বাভাস প্রদান করা খুবই দুরূহ ব্যাপার। কারণ একটি অর্থনীতির অনেকগুলো চলক একসাথে কাজ করে। আবার একটি চলকের সাথে অন্য চলকের সম্পর্ক রয়েছে। কাজেই ভবিষতব্য অর্থনীতি বিরূপ হবে তা বলা খুবই কঠিন। যেমন– বাংলাদেশের অর্থনীতি অনেকাংশে কৃষি নির্ভর। আবার কৃষির উৎপাদন ব্যবস্থা নির্ভর করে প্রকৃতির ওপর। যে বৎসর আবাহওয়া ভালো থাকে, সেই বৎসর কৃষিতে বাম্পার ফসল উৎপাদন হয়। আবার অতিবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস, খরা ইত্যাদি দেখা দিলে ব্যাপক ফসলের হানি হয়। এ অবস্থায় উৎপাদন হ্রাস পায়। কাজেই ফসলের মাঠে উৎপাদন হ্রাস পেলে এদেশের ব্যাপক জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত খাদ্যের জোগান দেয়া সম্ভব হয় না। এ কারণে সরকারকে জরুরি ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অতিরিক্ত খাদ্য আমদানি করতে হয়। আর খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে জাতীয় আয়ের সিংহভাগ ব্যয় হয়ে গেলে অন্যান্য পণ্য তথা মূলধনী দ্রব্য আমদানি করা যেমন সম্ভব হয় না তেমনি দেশের অভ্যন্তরে উন্নয়ন প্রকল্প হাতে নেয়া সম্ভব হয় না। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আস্তে আস্তে হ্রাস পায়। এ কারণে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে ভবিষ্যৎ বাণী করা সম্ভব হয় না। তবুও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থাগুলো বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি সম্পর্কে ব্যাপক আলোচনা করে ভবিষ্যৎ বাণী করে থাকে। এসব আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংক্ষেপে আইএমএফ (ওগঋ) বিশেষভাবে উল্লেখযোগ্য। এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দুইটি প্রতিবেদন পাওয়া যায়। এই দুই রিপোর্টে বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা সম্পর্কে যেমন বিশ্লেষণ আছে তেমনি আগামী অর্থবছরগুলোর পূর্বাভাসও আছে। কোনো মূল্যায়নই স্বস্তিদায়ক নয়। এমন কি নিকট ভবিষ্যতে ভালো হবে এমন আশাও নেই। প্রবৃদ্ধির পূর্বাভাসে বলা হয়েছে ২০২৬–২৭ অর্থ বছরে প্রবৃদ্ধি হবে ৩.২ শতাংশ। ২০২৭–২৮ সালে হবে ২.২ শতাংশ। আর ২০২৮–২৯, ২০২৯–৩০ এবং ২০৩০–৩১ অর্থ বছরে প্রবৃদ্ধি হবে যথাক্রমে ২.৮, ২.৯ এবং ৩.০ শতাংশ। আর আইএমএফ বলেছে, ২০২৬–২৭ অর্থ বছরে মূল্যস্ফীতি হবে ১০.৯ শতাংশ। আন্তর্জাতিক দুইটি সংস্থার প্রতিবেদন থেকে বলা যায়, সামনের অর্থবছরগুলোতে প্রবৃদ্ধি যেমন কমবে তেমনি মূল্যস্ফীতির হার বাড়বে। এর অর্থ হলো মানুষ আরো গরীব হবে। মধ্যবিত্ত টিকে থাকা কঠিন হবে। বিনিয়োগের অভাবে কর্মসংস্থান বৃদ্ধি পাবে না, ব্যবসা বাণিজ্য হবে মন্দা, জনগণের প্রকৃত আয়ও বাড়বে না।

আইএমএফ এর প্রতিবেদনের পূর্বাভাসে স্পষ্টভাবে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশের অর্থনীতির গতি সবচেয়ে মন্থর হতে পারে। মূল্যস্ফীতির চাপও থাকবে সবচেয়ে বেশি। প্রতিবেদনে আরো দেখা যায় ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নেমে আসতে পারে ২ দশমিক ২ শতাংশে। ১৩ অক্টোবর ২০২৬ তারিখে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট আউটলুক প্রকাশ করেছে আইএমএফ। সেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির পূর্বাভাস প্রকাশ করেছে। প্রবৃদ্ধির এই নিম্নগতি বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপর চাপ বাড়াবে। আর উচ্চ মূল্যস্ফীতি মানুষের ক্রয়ক্ষমতাকে কমিয়ে দেবে। ইতিমধ্যে বিগত ৪ বছরে প্রায় ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। তাছাড়া দরিদ্র হওয়ার ঝুঁকিতে আছে দেশের প্রায় সোয়া ছয় কোটি মানুষ। দুর্বল ব্যাংক খাত, জ্বালানি সংকট, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা ও রাজস্ব আদায়ে ঘাটতি পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। সব মিলিয়ে অর্থনীতির পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের জীবনযাত্রার মান নিয়ে উদ্বেগ ক্রমাগত বাড়ছে। বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে শুধুমাত্র বিশ্বব্যাংক ও আইএমএফ এবং এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)ও একই পূর্বাভাস দিয়েছে। ২০২৬ সালের ৬ সেপ্টেম্বর বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির পূর্বাভাসে যেমন বলেছে যে, ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ২ শতাংশ তেমন এডিবিও বলেছে প্রবৃদ্ধি হতে পারে সর্বাধিক ৪ শতাংশ। আইএমএফ এই দুই সংস্থার তুলনায় আরো কম প্রবৃদ্ধির কথা বলেছে। তবে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বাংলাদেশে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সাড়ে ৩ শতাংশ।

আইএমএফ এর প্রকাশিত প্রতিবেদনে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল ও মালদ্বীপ এর অর্থনীতি সম্পর্কেও পূর্বাভাস দেয়া হয়েছে। এ পূর্বাভাসে দেখা যায়, ২০২৬–২৭ অর্থবছরে ভারতের সম্ভাব্য প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ, আর মূল্যস্ফীতি হবে ৪ দশমিক ৪ শতাংশ। পাকিস্তানের প্রবৃদ্ধি হবে সাড়ে ৩ শতাংশ। শ্রীলংকার প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৭ শতাংশ। আর মূল্যস্ফীতি হবে ৫ দশমিক ৪ শতাংশ। নেপালের প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৭ শতাংশ ও মূল্যস্ফীতি হবে ৫ দশমিক ৮ শতাংশ। মালদ্বীপের প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৮ শতাংশ ও মূল্যস্ফীতি হবে আড়াই শতাংশ। ভূটানের প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৯ শতাংশ আর মূল্যস্ফীতি হবে সাড়ে ৬ শতাংশ। বাংলাদেশের অর্থনীতিতে ২০২৬–২৭ অর্থবছরে একসঙ্গে কয়েকটি চাপ তৈরি হয়েছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে মানুষের প্রকৃত আয় কমিয়ে দিচ্ছে। বেসরকারি বিনিয়োগ ক্রমাগত হ্রাস পেয়েছে। কর্মসংস্থান দুর্বল হচ্ছে, সর্বোপরি প্রবৃদ্ধি ক্রমাগত কমছে। এসব সমস্যার সাথে যুক্ত হয়েছে ব্যাংক খাতের দুর্বলতা, জ্বালানি সংকট এবং রাজস্ব আয়ে ঘাটতি। এসব বিষয়গুলো অর্থনীতির ঝুঁকি আরো বাড়াচ্ছে। ব্যাংক খাতের দুর্বলতাকে অর্থনীতির অন্যতম বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের বিশ্লেষণে আরো দেখা যায়, উচ্চ মূল্যস্ফীতির কারণে প্রকৃত আয় কমে যাওয়া এবং কর্মসংস্থানে ভাটাসহ নানা কারণে দারিদ্র্যের হার বেড়েছে। গত ৪ বছরে প্রায় ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। আর ২০২৫–২৬ অর্থবছরে প্রায় ২১ লাখ লোক নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। জাতীয় দারিদ্র্যের হার টানা চতুর্থ বছর ধরে বেড়েছে। ২০২২ সালে এ হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। ২০২৫–২৬ অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে প্রায় ২২ দশমিক ৫ শতাংশে উঠেছে। বিশ্বব্যাংক বলেছে যে, চলতি অর্থবছরে অর্থাৎ ২০২৫–২৬ অর্থবছরে তা আরো বেড়ে ২২ দশমিক ৮ শতাংশে যেতে পারে। একই সময়ে আয় বৈষম্য আরো বৃদ্ধি পাবে। ব্যাংক খাতের দুর্বলতাকে বাংলাদেশের অর্থনীতির অন্যতম ঝুঁকি হিসেবে মনে করে বিশ্বব্যাংক। ২০২৪ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের হার ছিল ২০ দশমিক ২ শতাংশ। ২০২৬ সালের জুনে এসে তা দাঁড়ায় ৩৩ দশমিক ২ শতাংশ। বিশ্বব্যাংক মনে করে, ব্যাংক খাতের এরূপ দুর্বলতা অর্থনীতিকে দুর্বল থেকে দুর্বলতর করেছে। তাছাড়া বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিগত ৩৩ বছরের মধ্যে সবচেয়ে কম। গ্যাস ও বিদ্যুতের ঘাটতিতে অনেক কারখানা সক্ষমতার কম উৎপাদন করছে। কোনো কোনো প্রতিষ্ঠান কর্মঘণ্টা কমিয়েছে, অথবা উৎপাদন বন্ধ রেখেছে বা কর্মী ছাঁটাই করেছে। বিদেশি বিনিয়োগ ২০২৫ সালে ১৫ শতাংশ কমেছে। বিশ্বব্যাংক প্রতিবেদনে আরো বলেছে জ্বালানি তেল আমদানি করতে বাংলাদেশকে বাড়তি কয়েক বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে। আবার রাজস্ব আদায়ে খুব বেশি অগ্রগতি নেই। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে পারছে না। ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই, আগস্ট) রাজস্ব আদায়ে ঘাটতি ২৫ হাজার কোটি টাকা ছড়িয়ে গেছে। এভাবে অর্থনীতিতে নানা ধরনের চাপ সৃষ্টি হয়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে যা বলুক না কেন এ কথা সত্য যে, করোনা মহামারি পরবর্তী ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ, বিশ্বব্যাপী পণ্যমূল্য বৃদ্ধি বাণিজ্যে বাধা এরূপ নানা ধাক্কা সামলেছে বিশ্ব অর্থনীতি। এত কিছুর পরও অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি থেমে যায়নি। অনেক দেশে কর্মসংস্থান টিকে আছে, আর্থিক ব্যবস্থাও বড় সংকট এড়িয়েছে মূল্যস্ফীতি আগের সর্বোচ্চ অবস্থান থেকে নেমেছে। একথা বৈশ্বিক প্রতিবেদনে বলেছে আইএমএফ। বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার জায়গা তৈরি হয়েছে, আয়ের পরিমাণ ক্রমাগত হ্রাস পাচ্ছে। কিন্তু ব্যয় কেবল বেড়েই চলছে। কৃচ্ছসাধন হচ্ছে না বললেই চলে। সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হলো। বাংলাদেশ বিমানের জন্য উড়োজাহাজ কেনার চুক্তি হলো। বড় বড় ভবন নির্মাণসহ বিশাল বিশাল অঙ্কের টাকার প্রকল্প নেয়া হলো, ব্যাংকব্যবস্থা থেকে রেকর্ড পরিমাণ ঋণও নেয়া হচ্ছে। এই ঋণের বড় অংশ গেছে চলতি ব্যয়ে। উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে ব্যয় নয়। কাজেই ২০২৭ সালের অর্থনীতিকে সুদৃঢ় করতে হলে খুবই সন্তর্পণে এগুতে হবে। অন্যথায় দারিদ্র্যকে যাদুঘরে নিক্ষেপ করার পরিবর্তে মানুষের সামনে এসে হাজির হবে।

 

লেখক : কলামিস্ট; অবসরপ্রাপ্ত অধ্যক্ষ,

গাছবাড়ীয়া সরকারি কলেজ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধপরীক্ষায় অকৃতকার্যতার হার বাড়লেই কি শিক্ষার মান বাড়ে