পথেরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টাকারী সাব্বির গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

রাউজানের নোয়াপাড়া পথেরহাটের ব্যবসায়ী মোহাম্মদ মুরাদ (৩৩) কে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টাকারী মোহাম্মদ সাব্বির (৩৪)কে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বিকালে স্থানীয় জনসাধারণের সহায়তায় তাকে হাটহাজারী উপজেলার বাড়িঘোনা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মোহাম্মদ আনিস।

স্থানীয় জনসাধারণ সূত্রে জানা যায়, ঘটনা ঘটিয়ে সাব্বির বাড়িঘোনায় আত্মগোপন করেছে জানতে পেরে এলাকার লোকজন সেখানে গিয়ে তাকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

উল্লেখ্য, নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ শফির ছেলে সাব্বির একই বাড়ির ব্যবসায়ী সামশুল আলমের পুত্র নোয়াপাড়া পথেরহাটের ব্যবসায়ী মুরাদকে গত ১৪ নভেম্বর শনিবার সন্ধ্যায় পথেরহাট বাজারে ছুরিকাঘাত করে। ফেসবুকে তাকে জড়িয়ে একটি পোস্ট দেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বর্তমানে আহত মুরাদ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সাব্বিরের বিরুদ্ধে মামলা রুজ করে গতকাল আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার মামলায় পুনর্বিচারের সুযোগ নেই : প্রধান কৌঁসুলি