বাংলাদেশের ঋণের বোঝা কমাতে বিকল্প অর্থায়নের উৎস বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ডলার বন্ড ছাড় করা, হংকংয়ে বাংলাদেশভিত্তিক ইক্যুইটি ফান্ড গঠন এবং সামুরাই ও পান্ডা বন্ড ছাড়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে স্থানীয় মুদ্রায় সুকুক বন্ড এবং বিদেশি মুদ্রায় বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করতে চায় সরকার।
ঋণের ব্যয় কমাতে বিভিন্ন উৎসের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ পোর্টফোলিও গড়ে তোলার কথাও বলছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল রোববার কক্সবাজারে দুই দিনের ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ’–এর উদ্বোধনী পর্ব শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি সরকারের পরিকল্পনা তুলে ধরেন। অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে সরকারি ও বেসরকারি অর্থায়নের কাঠামোতেও পরিবর্তন আসছে। ফলে ঋণ ব্যবস্থাপনায় বিকল্প অর্থায়নের উৎস খুঁজে বের করা জরুরি হয়ে উঠেছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় ঋণের ওপর নির্ভর না করে অর্থায়নের বিকল্প উৎস তৈরি করতে হবে। নিউ ইয়র্কে ডলার বন্ড ইস্যু, হংকংয়ে বাংলাদেশভিত্তিক ইক্যুইটি ফান্ড গঠন, সামুরাই বন্ড, পান্ডা বন্ড এবং স্থানীয় সুকুক বন্ড ছাড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয় ও বিদেশি–দুই বাজার থেকেই বন্ড ছাড় করার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রমে বিদেশি মুদ্রার প্রয়োজন হয়। কেবল স্থানীয় বন্ড ইস্যু করে সেই চাহিদা মেটানো সম্ভব নয়। এজন্য দুই ধরনের বন্ডের সমন্বয়ে অর্থ সংগ্রহ করতে হবে। খবর বিডিনিউজের।
ঋণের ব্যয় কমাতে ইক্যুইটি, স্থানীয় বন্ড ও বিদেশি বন্ডের মধ্যে ভারসাম্য রাখার ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, কতটুকু ইক্যুইটি, কতটুকু বন্ড, কতটুকু স্থানীয় এবং কতটুকু বিদেশি বন্ড থেকে অর্থ সংগ্রহ করা হবে, তা বিবেচনায় নিয়ে ঋণের পোর্টফোলিও সাজাতে হবে। কেবল ব্যাংক থেকে ঋণ নেওয়া কিংবা একটি উৎসের ওপর নির্ভর করলে চলবে না মন্তব্য করে তিনি বলেন, বিভিন্ন উৎসের সমন্বয় করতে হবে, যাতে ঋণের সামগ্রিক ব্যয় কমিয়ে আনা যায়। তবে শুধু অর্থ সংগ্রহ করলেই হবে না, সেই অর্থ মানসম্মত প্রকল্পে বিনিয়োগ হচ্ছে কি না এবং সেখান থেকে যথাযথ মুনাফা বা সুফল আসছে কি না তা নিশ্চিত করাও দরকার বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ঋণ : ঋণের পরিমাণ যেন অর্থনৈতিক প্রবৃদ্ধির তুলনায় বেশি বেড়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, অর্থনীতির আকার বাড়লে ঋণের পরিমাণও বাড়বে। তবে প্রবৃদ্ধির তুলনায় ঋণ বেশি বেড়ে গেলে তা সঠিক হবে না। ঋণের সুদ ও আসল পরিশোধের সক্ষমতার সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধির সামঞ্জস্য থাকতে হবে। ঋণের পরিমাণের চেয়ে এর গুণগত মান বেশি গুরুত্বপূর্ণ মন্তব্য করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঋণের অর্থ বিনিয়োগ করে যথাযথ মূল্য পাওয়া যাচ্ছে কি না, বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয় আসছে কি না, কর্মসংস্থান তৈরি হচ্ছে কি না এবং পরিবেশগত বিষয়গুলো বিবেচনায় রাখা হচ্ছে কি না, সেগুলো নিশ্চিত করতে হবে।











