সকল বাঙালি পাঠকের মনে ধ্রুবতারাটির মতো জ্বলজ্বল করছেন যে সাহিত্যিক, তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। জেনারেশনের ডিজিটাল স্রোতের প্রাবল্যেও এমন কোনো বাঙালি বাড়ি বোধকরি আজও খুঁজে পাওয়া যাবে না, যে বাড়িতে শরৎবাবুর একটিও বই নেই। এই সেপ্টেম্বরেই পূর্ণ হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মের সার্ধশতবর্ষ। সেই সঙ্গে ‘পথের দাবী’ উপন্যাসের প্রথম প্রকাশের শতবর্ষ। শতবর্ষ আগে বিংশ শতকের তৃতীয় দশকের ভারতেও স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষিতে দেশ সম্পর্কে ধারণা, জাতীয়তা এবং আন্তর্জাতিকতার নানা বিতর্ক উঠেছিল। সেই সময়ের চিহ্ন এবং সময়ের দাবি সবচেয়ে বেশি জড়িয়ে ছিল এই উপন্যাসটিতে। স্বদেশ এবং প্রত্যক্ষ রাজনীতি সম্পর্কে শরৎচন্দ্রের ভাবনা সবচেয়ে বেশি সরাসরি এসেছে পথের দাবিতেই। সে উপন্যাসের রাজনীতিবোধও একটি নির্দিষ্ট পরিস্থিতি ও সময় থেকেই জন্ম নিয়েছিল।
১৩২৯ বঙ্গাব্দের ফাল্গুন থেকে ১৩৩৩ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা বঙ্গবাণী পত্রিকায় পথের দাবীর প্রথম প্রকাশ। ফাল্গুন ১৩২৯ মানে ইংরেজি ১৯২৩। গণআন্দোলনের যুগ শুরু হলো ১৯২০–এ। ১৯২১–এ হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি হয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। যে বছর সুভাষচন্দ্র বসু কংগ্রেসে যোগ দিয়েছিলেন। ততদিনে শরৎচন্দ্র যথেষ্ট প্রতিষ্ঠিত কথাসাহিত্যিক। প্রকাশিত হয়ে গিয়েছে তাঁর শ্রীকান্ত, দেবদাস, চরিত্রহীন। তবু সাহিত্য ছেড়ে অসহযোগ আন্দোলনের বান ডাকা দিনে তিনি ঝাঁপিয়ে পড়লেন ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ে।
শরৎচন্দ্রের রাজনীতিতে আসা মহাত্মা গান্ধী এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রেরণায়। তাঁদেরই আদর্শে খদ্দের পরা এবং চরকা কাটা শুরু করেছিলেন। দেশবন্ধুই তাঁকে হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি পদে বসিয়েছিলেন।
শরৎচন্দ্র ‘শিক্ষার বিরোধে’ লিখলেন, ‘এমন দৃষ্টান্তও ইতিহাসে দুর্লভ নয়, যখন বিজেতাই পরাজিতের কাছে কি বিদ্যা, কি ধর্ম, কি সভ্যতা, কি ভদ্রতা সমস্তই শিক্ষা করে আর একদিন মানুষ হয়ে গিয়েছিল। কিন্তু কে বলেছে সত্যকার বিষয় যদি কিছু তার থাকে, তা শিখতে হবে না? কে বলেছে তার দ্বার পশ্চিমমুখো থাকলে তাকে অহিন্দু বলে বয়কট করতে হবে? কি পদার্থবিদ্যা, কি রসায়নশাস্ত্র, কি ধনবিজ্ঞান এই সকল পশ্চিমি বিদ্যা শেখবার আবশ্যক নেই বলে কে বিবাদ করছে? বিবাদ যদি কিছু থাকে, সে তার বিদ্যার উপরে নয় সে তার শেখানোর ভান করার উপর, শিক্ষার বদলে কুশিক্ষার আয়তনের উপর। এতকাল এই তামাশায় যোগ দিয়ে পাগলের মতো সবাই নেচে বেড়াচ্ছিল, এখন হঠাৎ জনাকয়েক লোকের চৈতন্য হওয়ায় তারা পিছিয়ে দাঁড়িয়ে এই ফাঁকিটাকে কেবল আঙুল দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছেন।’
শরৎচন্দ্রের ‘শিক্ষার বিরোধ’ রবীন্দ্রনাথকে এতটাই আলোড়িত করল যে তিনি ‘সত্যের আহ্বান’ প্রবন্ধে সরাসরি গান্ধিজির সমালোচনা করে লিখলেন, “তিনি ডাক দিলেন একটি মাত্র সংকীর্ণ ক্ষেত্রে, তিনি বললেন কেবলমাত্র সকলে মিলে সুতো কাটো, কাপড় বোনো, এই ডাক কি নবযুগের মহাসৃষ্টির ডাক?”
এই লেখা জনমনে বিপুল প্রতিক্রিয়ার সৃষ্টি করল। ২৯ আগস্ট ১৯২১–এ ‘সত্যের আহ্বান’ লেখার কয়েক দিন পরে ৬ই সেপ্টেম্বর ১৯২১–এ জোড়াসাঁকোয় গান্ধি–রবীন্দ্রনাথ সাক্ষাৎ হলো।
এই উত্তাল মথিত সময়েই বঙ্গবাণী পত্রিকার সূচনা, ১৩২৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে। ১৩২৯ থেকে ১৩৩৩ উপন্যাস যখন ধারাবাহিক প্রকাশিত হচ্ছে পত্রিকায়, তখন ব্রিটিশ সরকার কোনো ব্যবস্থা নেয়নি। তার একটা কারণ হয়তো পত্রিকা বেরোয় স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে, কিন্তু ব্রিটিশের কড়া নজর ছিল উপন্যাসটির দিকে।
১৯২৬–এর ৩১শে আগস্ট পথের দাবী বই আকারে প্রকাশিত হলো। প্রকাশক উমাপ্রসাদ মুখোপাধ্যায়। বই বাজেয়াপ্ত হলে তার প্রতিবাদ করার জন্য রবীন্দ্রনাথের কাছে অনুরোধ জানালেন শরৎচন্দ্র। রবীন্দ্রনাথ তাঁকে লিখলেন:
‘পথের দাবী’ পড়ে রবীন্দ্রনাথের চিঠি–
কল্যাণীয়েষু,
তোমার ‘পথের দাবী’ পড়া শেষ করেছি। বইখানি উত্তেজক। অর্থাৎ ইংরেজদের শাসনের বিরুদ্ধে পাঠকের মনকে অপ্রসন্ন করে তোলে। লেখকের কর্তব্য হিসাবে সেটা দোষের না হতে পারে কারণ লেখক যদি ইংরেজরাজকে গর্হণীয় মনে করেন, তাহলে চুপ করে থাকতে পারেন না। কিন্তু চুপ করে না থাকার যে বিপদ আছে, সেটুকু স্বীকার করাই চাই। ইংরেজরাজ ক্ষমা করবেন এই জোরের উপরেই ইংরেজরাজকে আমরা নিন্দা করব, সেটাতে পৌরুষ নেই। আমি নানা দেশ ঘুরে এলাম। আমার যে অভিজ্ঞতা হয়েছে তাতে দেখলাম একমাত্র ইংরেজ গভর্নমেন্ট ছাড়া স্বদেশী বা বিদেশী প্রজার বাক্যে বা ব্যবহারে বিরুদ্ধতা আর কোনো গভর্নমেন্ট এতটা ধৈর্যের সঙ্গে সহ্য করবে না। নিজের জোরে নয়, পরন্তু এই পরের সহিষ্ণুতার জোরে যদি আমরা বিদেশী রাজত্ব সম্বন্ধে যথেচ্ছ আচরণের সাহস দেখাতে চাই তবে সেটা পৌরুষের বিড়ম্বনা মাত্র। তাতে ইংরেজরাজের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয়, নিজের প্রতি নয়।
রাজশক্তির আছে গায়ের জোর। তার বিরুদ্ধে কর্তব্যের খাতিরে যদি দাঁড়াতেই হয়, তাহলে অপরপক্ষে থাকা উচিত চারিত্রিক জোর। অর্থাৎ আঘাতের বিরুদ্ধে সহিষ্ণুতার জোর। কিন্তু আমরা সেই চারিত্রিক জোরটাই ইংরেজের কাছে দাবি করি, নিজের কাছে নয়; তাতে প্রমাণ হয় যে, মুখে যাই বলি, নিজের অগোচরে ইংরেজকে আমরা পূজা করি। ইংরেজকে গাল দিয়ে কোনো শাস্তি প্রত্যাশা না করার দ্বারাই সেই পূজার অনুষ্ঠান। শক্তিমানের দিক দিয়ে দেখলে তোমাকে কিছু না বলে তোমার বইকে চাপা দেওয়া প্রায় ক্ষমা। অন্য কোনো প্রাচ্য বা প্রতীচ্য বিদেশী রাজার দ্বারা এটি হতো না। আমরা রাজা হলে যে হতোই না, সে আমাদের জমিদারদের ও রাজন্যদের বহুবিধ ব্যবহারে প্রত্যহ দেখতে পাই। কিন্তু এই বলে কি কলম বন্ধ করতে হবে? আমি তা বলি নে। শক্তিকে স্বীকার করেই কলম চলবে। যে–কোনো দেশেই রাজশক্তিতে প্রজাশক্তিতে সত্যকার বিরোধ ঘটেছে সেখানে এমনই ঘটবে। রাজবিরুদ্ধতা আরামে নিরাপদে থাকতে পারে না, একথাটা নিঃসন্দেহে জেনেই ঘটেছে। তুমি যদি কাগজে রাজবিরুদ্ধ কথা লিখতে, তাহলে তার প্রভাব স্বল্প ও ক্ষণস্থায়ী হতো। কিন্তু তোমার মতো লেখক গল্পচ্ছলে যে কথা লিখবে তার প্রভাব নিয়ত চলতেই থাকবে। দেশে ও কালে তার ব্যাপ্তির বিরাম নেই। অপরিণত বয়সের বালক–বালিকা থেকে আরম্ভ করে বৃদ্ধরা পর্যন্ত তার প্রভাবের অধীনে আসবে। এমন অবস্থায় ইংরেজরাজ যদি তোমার বই প্রচার বন্ধ না করে দিত তাহলে এই বোঝা যেত যে সাহিত্যে তোমার শক্তি ও দেশে তোমার প্রতিষ্ঠা সম্বন্ধে তার নিরতিশয় অবজ্ঞা ও অজ্ঞতা। শক্তিকে আঘাত করলে তার প্রতিঘাত সইবার জন্য প্রস্তুত থাকতে হবে। এই কারণেই সেই আঘাতের মূল্য। আঘাতের গুরুত্ব নিয়ে বিলাপ করলে সেই আঘাতের মূল্য একেবারেই মাটি করে দেওয়া হয়।
ইতি–
তোমাদের
রবীন্দ্রনাথ ঠাকুর
২৭শে মাঘ, ১৩৩৩
তথ্যসূত্র: উপল দে– দেশ, ২ সেপ্টেম্বর ২০২৬ সংখ্যা
লেখক: প্রাবন্ধিক।












