সমপ্রতি দেশের বিভিন্ন স্থানে হিজড়া জনগোষ্ঠীর কিছু সদস্যের বিরুদ্ধে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, জোরপূর্বক অর্থ আদায় এবং বিভিন্নভাবে হয়রানির অভিযোগ বাড়ছে। বিশেষ করে বাসাবাড়ি, দোকানপাট, গণপরিবহন, ট্রাফিক সিগন্যাল ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গিয়ে অনেকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে অশালীন আচরণ, গালিগালাজ কিংবা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে।
একটি সভ্য সমাজে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। হিজড়া জনগোষ্ঠীও আমাদের সমাজেরই অংশ। তাঁদের মানবিক মর্যাদা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি তাঁদের পরিচয় ব্যবহার করে কেউ যেন সাধারণ মানুষকে জিম্মি করতে না পারে, সেটিও নিশ্চিত করতে হবে।
এ অবস্থায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি জোর দাবি জানাচ্ছি জোরপূর্বক অর্থ আদায় ও হয়রানির অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি প্রকৃত অসহায় ও কর্মসংস্থানবঞ্চিত ব্যক্তিদের পুনর্বাসন এবং কর্মসংস্থানের উদ্যোগ নিতে হবে। মানুষের স্বাভাবিক চলাচল, নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
মোহাম্মদ হাসান
বাকলিয়া, চট্টগ্রাম।











