পারিবারিক বিরোধ, দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা সহ–সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সাতকানিয়ার কেরাণীহাটের ২ নম্বর ব্রিজ এলাকা থেকে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে সাংগঠনিক নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে বান্দরবান জেলা এনসিপির সহ–সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব থেকে তাকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত শনিবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নোটিশে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে মিজানুর রহমান আখন্দকে সাময়িক অব্যাহতি দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী শাহীনা আক্তার বলেন, বিয়ের পর থেকে দীর্ঘদিন ধরে তার স্বামী কোনো খোঁজখবর রাখছিল না। যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পাশাপাশি ভরণপোষণও দিচ্ছিল না। দীর্ঘদিন চেষ্টা করেও কোনো সাড়া না পেয়ে আইনগত অধিকার ও ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন। স্ত্রীর অভিযোগ, তার স্বামী অন্যত্র একাধিক বিয়ে করেছেন এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িত রয়েছেন।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।








