চট্টগ্রামকে একটি পরিপূর্ণ ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, চট্টগ্রামকে পরিপূর্ণ একটি ক্লিন সিটি হিসেবে উপস্থাপন করতে পারিনি। চট্টগ্রামের এই সমস্যাটি সমাধান করতে পারিনি, এটার জন্য নাগরিকদের দায়িত্বশীল যে ভূমিকা দরকার সেটা পালন করতে পারছি না। সিটি কর্পোরেশন একদিকে নগর পরিষ্কার করছে, আরেকদিকে আমরা আমাদের ময়লা, প্লাস্টিক, পলিথিন, ককশিট যত্রতত্র ফেলে শহরটাকে নোংরা করছি। এখানেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদেরকে ‘ওন’ করতে হবে, এই শহরটা শুধু আমার একার শহর নয়, এই শহর আমাদের সবার শহর। এই শহরে আমাদের বাপ–দাদারা ছিল, এখন তারা নেই, কিন্তু শহরটা আছে। এই শহরে এখন আমরা আছি, একদিন আমরাও থাকব না, কিন্তু শহরটা থাকবে। এই শহরে আমার বাচ্চারা, বাচ্চার বাচ্চারা থাকবে, কিন্তু একদিন তারাও থাকবে না। শহর থাকবে। তাই এই শহরটাকে আমাদেরকে ভালোবাসতে হবে, যেভাবে আমরা নিজের ঘরকে ভালোবাসি। তাহলে পরে আমরা একটি পরিপূর্ণ ক্লিন, গ্রিন, হেলদি, সেফ, স্মার্ট সিটি গড়ে তুলতে পারব।
গতকাল নগরের কাজীর দেউড়ির একটি কনভেনশন হলে অনুষ্ঠিত মেয়র ও প্রশাসক হিসেবে নিজ মেয়াদের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
শাহাদাত বলেন, চট্টগ্রামের উন্নয়নকে সবার অভিন্ন লক্ষ্য হিসেবে নিতে হবে। দায়িত্ব গ্রহণের শুরু থেকে একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও স্মার্ট নগর গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। সেই লক্ষ্য পূরণে নগরের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয় এবং নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথম একটা সিটি সেন্টার নগরবাসীকে উপহার দিতে চাই। সেটা সুইমিং পুলসহ। জিয়া জাদুঘরের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ‘জিয়া সিটি সেন্টার’ হবে। সেটা পুরাটাই খোলা থাকবে, ওয়াকওয়ে থাকবে, সবাই সেখানে হাঁটতে পারবে, একটা টাকাও সেখানে দিতে হবে না হাঁটার জন্য। সেখানে মঞ্চ থাকবে, অনুষ্ঠান হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে আমরা সুন্দর একটা লাইব্রেরি করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জাদুঘর আছে সেই জাদুঘরে যেন সহজে সেই রোড দিয়ে ঢোকা যায়, এই অ্যাপ্রোচ রোড সেখানে রাখব। এই ধরনের একটা পরিকল্পনা আমাদের রয়েছে।
দুই বছরের কার্যক্রম তুলে ধরে প্রশাসক বলেন, স্থানীয় সরকার বিভাগের সিটি গভর্ন্যান্স মূল্যায়নে দেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে চট্টগ্রাম প্রথম স্থান অর্জন করেছে। বিমানবন্দর সড়কে পৃথক সাইকেল ট্র্যাক অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী উদ্বোধন করেন।
চসিকের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের ব্যবহার নিয়ে শাহাদাত হোসেন জানান, এতে ২০ হাজার ২৮৭ জন নাগরিক নিবন্ধন করেছেন। সড়ক, মশা, বর্জ্য, সড়কবাতি, নালা–নর্দমা, পাবলিক টয়লেট, অবৈধ স্থাপনা, জলাবদ্ধতা, শিক্ষা ও স্বাস্থ্য–এই ১০টি বিষয়ে নাগরিকেরা অ্যাপের মাধ্যমে আবেদন বা অভিযোগ জানাতে পারছেন। জমা পড়া ৭ হাজার ১২০টি আবেদনের মধ্যে ৪ হাজার ২২২টির সমাধান হয়েছে। বাকি আবেদনগুলো নিষ্পত্তির কাজ চলছে।
চসিকের আর্থিক অবস্থার বিষয়ে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় সংস্থার দেনা ছিল প্রায় ৫৯৬ কোটি টাকা। দুই বছরে তা কমে প্রায় ৩২৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। বর্তমানে চসিকের ব্যাংকে প্রায় ২০০ কোটি টাকা জমা রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্যাশিত পাওনা আদায় হলে অবশিষ্ট দেনা পরিশোধ করার পরও চসিকের ব্যাংকে অর্থ থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় পৌরকর আদায়ে চসিক আগের রেকর্ড ছাড়িয়েছে বলেও উল্লেখ করেন।
শাহাদাত জানান, গত দুই বছরে নগরের ৪১ ওয়ার্ডের সড়ক ও নালা–নর্দমা উন্নয়নে প্রায় ২ হাজার ৪৯১ কোটি টাকা ব্যয় করা হয়। এর আওতায় ৭৬৯ কিলোমিটার সড়ক উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া নগরের ২ নম্বর ওয়ার্ডে ৮ একর জায়গায় চট্টগ্রামের ইতিহাসে সর্ববৃহৎ ‘কুলগাঁও অক্সিজেন বাস টার্মিনাল’ নির্মাণ করা হচ্ছে, যা আগামী দুই–তিন মাসের মধ্যে চালু হবে।
চরবাকলিয়ায় ‘ওয়ান সিটি টু টাউন’ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে প্রশাসক বলেন, এই প্রকল্পে ১২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র, পাখির অভয়ারণ্য, ইকোপার্ক এবং কেবল কার স্থাপন করা হবে। পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও নগর উন্নয়নে জাপানের সমীক্ষা চলছে, ৩০ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা কনসোর্টিয়ামের প্রস্তাব অনুযায়ী কাজ এগোচ্ছে এবং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
শাহাদাত বলেন, একসময় বহদ্দারহাট, বাকলিয়া, মির্জাপুর ও চকবাজার এলাকায় সামান্য বৃষ্টিতে পানি জমত। কিন্তু সম্প্রতি একদিনে সর্বাধিক ৪২০ মিলিমিটার এবং সাত দিনে ১ হাজার ৪৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হওয়া সত্ত্বেও নগরে বড় ধরনের বন্যা হয়নি। নালা ও খাল পরিষ্কারের জন্য তাৎক্ষণিক ৪৫ কোটি টাকা বরাদ্দ পাওয়ার পাশাপাশি জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে ৪০টি খাল খনন ও উন্নয়নের জন্য ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) করা হচ্ছে।
নগরকে সবুজায়ন করতে ১০ লাখ গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে জানিয়ে বলেন, ইতোমধ্যে ২ লাখ গাছ লাগানো সম্পন্ন হয়েছে। বিমানবন্দর সড়কের মিড আইল্যান্ডসহ পতেঙ্গা থেকে মোহরা পর্যন্ত এবং নগরের প্রতিটি ওয়ার্ডে সবুজায়ন করা হচ্ছে। নিয়োগে স্বচ্ছতা আনতে চসিকের নিজস্ব ডিজিটাল জব পোর্টাল চালু করেছি। দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইতিহাসে প্রথমবারের মতো ১ হাজার ৫৫৭ কর্মচারীকে স্থায়ী করে দিয়েছি।
তিনি বলেন, আমরা এই সিটিটাকে শান্তি–সম্প্রীতি ও উন্নয়নের একটি রোল মডেল হিসেবে গড়তে চাই। সনাতনী সম্প্রদায়ের জন্য এই দুই বছরে চারটা মহাশ্মশান করতে পেরেছি। বলুয়ার দিঘি, ফিরিঙ্গিবাজার, কাট্টলী এবং সাগরিকা ধোপাপাড়াতে চারটি শ্মশান করে দিয়েছি। সেখানে আমাদের বাজেট অ্যালোকেট করেছি। আমরা বৌদ্ধ সম্প্রদায়ের জন্য, যারা বারবার বলেছিল একটি পদ্মফুল গৌতম বুদ্ধের–সেটা আমরা বৌদ্ধ মন্দিরের সামনে করে দিয়েছি।
তিনি বলেন, আমরা বন্ধ শিশুপার্ক চালু করেছি। সবুজায়ন ও বিনোদন কেন্দ্র উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছি। আগ্রাবাদ শিশুপার্কসহ ওয়াসিম আকরামের নামে আমবাগানে শিশুপার্ক চালু করেছি।
তিনি বলেন, গ্রিন চট্টগ্রাম করার জন্য আমরা একটা গ্রিন ক্লাব করতে যাচ্ছি। ক্লাস ওয়ান থেকে সবাইকে উদ্বুদ্ধ করব, ক্লাস ওয়ান থেকে প্রতিটি বাচ্চা যাতে একটা চারা রোপণ করে, তার নাম দিয়ে। সে যখন এই স্কুল থেকে চলে যাবে এই গাছটি দেখার জন্য সে আসবে এবং এই গাছটি সে পরিচর্যা করতে করতে, নার্সিং করতে করতে দেখা যাবে পুরা শহরে এই ধরনের একটা গ্রিন ক্লাব আমরা করে দিব। যেটার মাধ্যমে পরিপূর্ণভাবে, পরিপক্কভাবে আমরা একটা গ্রিন সিটি চট্টগ্রামবাসীকে উপহার দিতে পারব।
তিনি বলেন, কাজীর দেউড়ির পাশে একটা দিঘি আছে। সেটা আমরা নয়নাভিরাম করতে পারছি না। আমাদের ইচ্ছা হয়, চারদিকে ওয়াকওয়ে করে সেখানে আলোকোজ্জ্বল করে দিয়ে। ফার্নিচারের দোকানগুলো অথবা সেখানে ব্যক্তি মালিকানাধীন সেই দিঘির কারণে আমরা সেটা পারছি না। রেলওয়ে দিঘি, বলুয়ার দিঘি, জোড়ার দিঘি এগুলোকে আরও সৌন্দর্যবর্ধন করে, ওয়াকওয়ে করে দিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারতাম। কিন্তু রেলওয়ে কিংবা বন্দরের হওয়ায় পারছি না। যদি নগর সরকার থাকত তাহলে আমরা একসাথে কাজ করতে পারতাম। একদিকে সমুদ্র, একদিকে পাহাড়, একদিকে নদী, একদিকে উপত্যকা, একদিকে হ্রদ–এই সুন্দর শহরটাকে আরও বেশি পরিকল্পিতভাবে গড়তে পারতাম এবং আমাদের ইকোনমিক জোনগুলোকে আরও বেশি কাজে লাগাতে পারতাম।
শাহাদাত বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতায় গেছে তখনই প্রতিটা নির্বাচন সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য এবং গণতান্ত্রিক হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেখিয়ে দেবে নির্বাচন কীভাবে করতে হয়। গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে প্রতিটা ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশনে ইনশাআল্লাহ একটা ফ্রি, ফেয়ার এবং ডেমোক্রেটিক ইলেকশন, যেখানে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, বলতে পারবে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব–এটাই আমরা চাই।
তিনি বলেন, আমি বলছি না আমাকে আপনারা ভোট দেন। কিন্তু আমি চাই আপনারা আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেন। যাকে খুশি তাকে ভোট দেবেন। আমার কাজ যদি ভালো লাগে আমাকে ভোট দেবেন আর আমার কাজ যদি ভালো না লাগে আমাকে ভোট দেবেন না। কিন্তু যে অধিকার আমরা হারিয়েছি ১৭ বছর, সেই অধিকার ভোট সেন্টারে গিয়ে আপনারা প্রতিষ্ঠা করবেন।











