কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে গভীর নলকূপ স্থাপন করার সময় উদগীরণ হওয়া গ্যাসের আগুন পর্যবেক্ষণে সরকারের ১৫ দিনের সময়সীমা শেষ হয়েছে। এর মধ্যে টানা ১৯ দিন অতিবাহিত হলেও আগুন নিভেনি। ওই স্থানের ভূ–গর্ভে প্রাকৃতিক সম্পদ গ্যাস ও তেল লুকিয়ে থাকার ব্যাপারে মোটামুটি নিশ্চিত হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এবার আগুন নিভিয়ে ভূ–গর্ভের সেই গ্যাস উত্তোলন করার জন্য হাত লাগিয়েছে সরকারি সংস্থাটি।
বাপেক্স বলছে, ১৫ দিনেও গ্যাসের ওই আগুন নিয়ন্ত্রণে আসেনি মানে ধরে নেয়া হচ্ছে– সেখানে ভূ–গর্ভে প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে। এবার সেই গ্যাস নিয়ন্ত্রিতভাবে উত্তোলন করতে কাজ শুরু করেছে তারা। এই লক্ষ্যকে সামনে রেখে ঘটনাস্থলে আনা হয়েছে ভারি যন্ত্রপাতি, পাইপসহ খনন ও গ্যাস উত্তোলনের প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম। গতকাল শনিবার লরি ও ক্রেনের সাহায্যে এসব সরঞ্জাম ওই স্থানে স্থাপন করার কাজ শুরু করা হয়েছে। এর মাধ্যমে নিয়ন্ত্রিত খনন ও কারিগরি কার্যক্রম শুরু হয়েছে।
উখিয়া উপজেলা প্রশাসনের তথ্য মতে, গত ২৭ অক্টোবর সকাল ৭টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইনানী ছোট খাল ব্রিজসংলগ্ন একটি বাড়িতে নলকূপ স্থাপনের কাজ চলছিল। ওই সময় মাটির প্রায় এক হাজার ফুট গভীরে পাইপ প্রবেশ করানোর পর গ্যাস নির্গত হতে শুরু করে। একপর্যায়ে সেই গ্যাসে আগুন ধরে যায়। সেই থেকে এখনো আগুন জ্বলতেই আছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার জানান, ইনানীতে নলকূপ থেকে গ্যাস বেরিয়ে আগুন জ্বলে ওঠার পর থেকেই প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং বিস্ফোরণ ও ভূমিধসসহ সম্ভাব্য ঝুঁকি এড়াতে ঘটনার পরপরই ঘটনাস্থলের দুইশ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়। এরপর থেকে ফায়ার সার্ভিস ও আইনশৃক্সখলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা কার্যক্রম চালিয়ে আসছেন। তিনি সাংবাদিকদের বলেন, বাপেক্সের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছেন। তারা আগুন নিয়ন্ত্রণ, গ্যাসের চাপ ও প্রবাহ, ভূতাত্ত্বিক গঠন এবং নিরাপদে গ্যাস উত্তোলনের সম্ভাব্য পদ্ধতি নিয়ে কাজ করেছেন।
উখিয়ার সর্বোচ্চ প্রশাসনিক এই কর্মকর্তা বলেন, বাপেক্সের একটি বিশেষজ্ঞ দল যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে এসেছেন। তারা প্রাথমিকভাবে আগুনটা নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। আগুন নিয়ন্ত্রণের পর পরীক্ষা–নিরীক্ষা করে কূপ খননের কাজ শুরু করবেন। বিশেষজ্ঞ দলটি কক্সবাজারে অবস্থান করেই তাদের কাজ চালিয়ে যাবেন। তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, খুব শীঘ্রই আরেকটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল ও পরিস্থিতি পর্যবেক্ষণে আসবেন। এই দলে সরকারের জ্বালানি প্রতিমন্ত্রীও থাকতে পারেন। এই দলটি পর্যবেক্ষণের পর হয়তো চূড়ান্ত একটি সিদ্ধান্ত আসতে পারে।
যা বলছেন প্রতিনিধি দল : বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) ভূতত্ত্ববিদ নাসির উদ্দিন জানান, দীর্ঘ পর্যবেক্ষণে গ্যাসের প্রবাহ ও চাপ স্থিতিশীল পাওয়া গেছে। এখন নিরাপত্তা নিশ্চিত করে কিভাবে আগুন নিয়ন্ত্রণে এনে পরবর্তী ধাপে বাণিজ্যিক ভাবে গ্যাস উত্তোলন করা যায়, সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণে আসা বাপেক্সের ৯ সদস্যের প্রতিনিধি দলের প্রধান ও প্রতিষ্ঠানটির সাবেক মহাব্যবস্থাপক (জিএম) হাওলাদার অহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, গ্যাসের প্রবাহ ও চাপের স্থায়িত্ব বুঝতে টানা ১৫ দিন পর্যবেক্ষণ করা হয়েছে। এতে দেখা গেছে, একই গতি ও চাপে গ্যাস বের হচ্ছে। এ অবস্থায় গ্যাস অনিয়ন্ত্রিতভাবে জ্বলতে দেয়া ঝুঁকিপূর্ণ। তাই প্রথমে আগুন নিভিয়ে তারপর গ্যাস ও তেল অনুসন্ধানের কাজ শুরু করা হবে। তিনি বলেন, প্রথম অগ্রাধিকার হচ্ছে জরুরি ভিত্তিতে কূপটি নিরাপদে বন্ধ করা এবং গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনা। কূপটি সফলভাবে নিয়ন্ত্রণে আনার পর ভূতাত্ত্বিক জরিপ ও গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এদিকে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ধারণা, ইনানীর ভূগর্ভে উল্লেখযোগ্য হারে গ্যাসের স্তর থাকতে পারে। টানা প্রায় তিন সপ্তাহ ধরে একই ধরনের চাপ ও প্রবাহে গ্যাস বেরিয়ে আসার বিষয়টি কোনো ক্ষুদ্র গ্যাস পকেটের পরিবর্তে বড় মজুতের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তবে ভূতাত্ত্বিক জরিপ, সিসমিক সমীক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা ছাড়া গ্যাসের প্রকৃত মজুত কিংবা বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।
বর্তমানে বাংলাদেশে সরকারিভাবে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ৩০টি। এর মধ্যে প্রায় ২০টি থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন হচ্ছে। তিতাস, হবিগঞ্জ, বিবিয়ানা, কৈলাশটিলা, রশিদপুর, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, জালালাবাদ, সেমুতাং, বাঙ্গুরা, শাহবাজপুর, সুন্দলপুর, শ্রীকাইল, শাহজাদপুর ও ভোলা নর্থসহ দেশের বিভিন্ন গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, ইনানীতে পর্যাপ্ত গ্যাসের মজুত নিশ্চিত হওয়ার পাশাপাশি বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব হলে এটি হতে যাচ্ছে দেশের সম্ভাব্য ৩১তম গ্যাসক্ষেত্র। শুধু তাই নয়; গ্যাসের সঙ্গে তেল বা কনডেনসেট থাকারও সম্ভাবনা রয়েছে।












