দেশের অভ্যন্তরীণ নৌপরিবহন রুটে চলাচলকারী লাইটারেজ জাহাজ সেক্টরে অস্থিরতা দেখা দিয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে লাইটারেজ জাহাজ পরিচালনায় গঠিত বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেলের (বিডব্লিউটিসিসি) কমিটি গঠন নিয়ে এই অস্থিরতা। পাল্টাপাল্টি কমিটি গঠনসহ প্রশাসনিক ও নেতৃত্বের বিরোধে তৈরি হচ্ছে সংকট।
একদিকে সরকারের জারি করা নীতিমালা, অন্যদিকে জাহাজ মালিকদের তিন সংগঠনের সমঝোতাকে কেন্দ্র করে দুটি কমিটি গঠিত হয়েছে। জাহাজ মালিকদের কমিটির নেতা নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালককে উকিল নোটিশ প্রেরণ, অন্যদিকে ওই নেতার বিরুদ্ধে জাহাজ মালিকদের টাকা আত্মসাৎসহ নানা আর্থিক কেলেংকারির ঘটনা নিয়ে অভ্যন্তরীণ নৌ পরিবহন সেক্টরে আলোচনা চলছে। অপরদিকে আজ থেকে টানা পাঁচ দিন ডিজি শিপিং জাহাজ মালিকদের তিনটি সংগঠন, পণ্যের এজেন্ট এবং লোকাল এজেন্টদের সাথে বৈঠক আহ্বান করেছেন।
জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়লা, সিমেন্ট ক্লিংকার, স্ক্র্যাপ, গম, ডাল, সার, লবণ, পাথর, স্ল্যাগ, স্টিল, এইচআর কয়েল, সয়াবিন ভূষি, কোপ্রা, উডপাল্পসহ বিপুল পরিমাণ পণ্য নিয়ে প্রতিদিন বড় বড় মাদার ভ্যাসেল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে। বড় আকৃতির এসব জাহাজের অধিকাংশ বেশি ড্রাফটের কারণে সরাসরি জেটিতে ভিড়তে পারে না। ফলে বহির্নোঙরেই গ্র্যাব ও ক্রেনের মাধ্যমে মাদার ভ্যাসেল থেকে লাইটারেজ জাহাজে পণ্য স্থানান্তর করা হয়। পরে কর্ণফুলী নদীর ১৬টি ঘাটসহ দেশের ৩০টির বেশি গন্তব্যে নৌপথে এসব পণ্য পৌঁছে দেওয়া হয়। এটি অভ্যন্তরীণ সেক্টরে পণ্য সরবরাহ নেটওয়ার্কের সবচেয়ে বড় মাধ্যম। লাইটারেজ জাহাজ সেক্টরে সংকট তৈরি হলে পুরো সরবরাহ নেটওয়ার্কে গোলমাল শুরু হয়। শিল্প কারখানার উৎপাদনে ধস ছাড়াও বাজার ব্যবস্থায় অস্থিতিশীলতা তৈরি হয়। এভাবে বছরে ১০ কোটি টনের বেশি আমদানি পণ্য বহির্নোঙর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা হয়। এই কর্মযজ্ঞে প্রায় ১ হাজার ৮০০ লাইটারেজ জাহাজ নিয়োজিত রয়েছে। একটি মাদার ভ্যাসেল থেকে একসঙ্গে চারটি পর্যন্ত লাইটারেজ জাহাজে পণ্য খালাস করতে পারে।
চট্টগ্রাম বন্দর থেকে লাইটারেজ জাহাজ চলাচলে সমন্বয় করার জন্য জাহাজ মালিকদের সংগঠন বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স এসোসিয়েশন (কোয়াব), কোস্টাল শিপ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (বিসিভোয়া) এবং ইনল্যান্ড ভ্যাসেল ওনার্স এসোসিয়েশন অফ চিটাগাং (আইভোয়াক) মিলে গঠন করা হয় বিডব্লিউটিসিসি। চট্টগ্রামের আগ্রাবাদে অফিস স্থাপন করে বিডব্লিউটিসিসির কার্যক্রম পরিচালিত হচ্ছে। জাহাজ মালিকদের প্রতিনিধি হিসেবে লোকাল এজেন্ট এবং আমদানিকারকদের প্রতিনিধি হিসেবে পণ্যের এজেন্টরা বিডব্লিউটিসিসি থেকে জাহাজ বরাদ্দ নিয়ে পণ্য পরিবহন করেন। কিন্তু দীর্ঘদিন ধরে জাহাজ বরাদ্দ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় জাহাজ মালিকদের তিন সংগঠনের বিরোধও হয়। ভেঙে যায় ওয়াটার ট্রান্সপোর্ট সেল। এতে ব্যাহত হয় দেশব্যাপী পণ্য পরিবহন।
পরে বিষয়টিতে নজর দেয় নৌপরিবহন মন্ত্রণালয়ের নৌপরিবহন অধিদপ্তর। সংস্থার মহাপরিচালক বিভিন্ন সময় জাহাজ মালিকদের বিরোধ মেটানো থেকে শুরু করে নানাভাবে ওয়াটার ট্রান্সপোর্ট সেলকে সচল রাখার চেষ্টা করেছেন। এরই ধারাবাহিকতায় সরকার ২০২৪ সালে গেজেটের মাধ্যমে ‘নৌপরিবহন অধিদপ্তর হতে অনুমতিপ্রাপ্ত লাইটার জাহাজের মাধ্যমে বাংলাদেশের সমুদ্রবন্দরসমূহে পণ্য পরিবহন নীতিমালা’ প্রণয়ন করে। বছর দুয়েক এই নীতিমালার মাধ্যমে বিডব্লিউটিসিসি পরিচালিত হলেও সম্প্রতি জাহাজ মালিকদের তিন সংগঠন নীতিমালার বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেরাই সমঝোতা স্মারক স্বাক্ষর এবং আলাদা কমিটি গঠন করে। নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকও একটি কমিটি গঠন করে দেন। পাল্টাপাল্টি কমিটি গঠন এবং অতীতের আর্থিক অনিয়মের অভিযোগ মিলিয়ে প্রতিষ্ঠানটি চ্যালেঞ্জের মুখে পড়েছে।
সূত্র বলেছে, ৮ নভেম্বর চট্টগ্রাম চেম্বারে তিনটি জাহাজ মালিক সংগঠনের উদ্যোগে ১৭ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন এবং এর দুদিন পর ১০ নভেম্বর নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের আদেশে পৃথক তদারকি কমিটি গঠনের ঘটনায় বিরোধ দেখা দিয়েছে।
বিদ্যমান সরকারি নীতিমালা অনুযায়ী বিডব্লিউটিসিসির কার্যক্রম তদারকির দায়িত্ব নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের ওপর ন্যস্ত। ফলে বেসরকারি সংগঠনগুলোর সমঝোতার ভিত্তিতে গঠিত কমিটির প্রশাসনিক ক্ষমতা কতটুকু আর সরকারি আদেশে গঠিত কমিটির কর্তৃত্ব কতটুকু–এ প্রশ্ন তোলার পাশাপাশি এতে সংগঠনটি অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছে কি না তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
নীতিমালার আওতায় বিডব্লিউটিসিসিকে লাইটার জাহাজ মালিক সংগঠন, আমদানিকারক–রপ্তানিকারক, পণ্যের এজেন্ট, লোকাল এজেন্ট এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে নির্ধারণ করা হয়। নীতিমালা অনুযায়ী, মাদার ভেসেল থেকে পণ্য বোঝাই, গন্তব্যে পণ্য খালাস, লাইটার জাহাজ বরাদ্দ ও পরিচালনা, কর্মী নিয়োগ, প্রশাসনিক কার্যক্রম, হিসাব নিরীক্ষা, পরিবহন ভাড়া, ডেমারেজ–ডেসপ্যাচ নির্ধারণ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরোধ নিষ্পত্তিসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব এই সংগঠনের ওপর ন্যস্ত। তবে প্রতিষ্ঠানটিকে কোনো একক জাহাজ মালিক সংগঠনের নিয়ন্ত্রণে পরিচালনার সুযোগ না রেখে সরকারি তদারকির আওতায় রাখার বিধানও রয়েছে।
নীতিমালার ৬.১ ধারায় নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক অথবা তার মনোনীত প্রতিনিধির সভাপতিত্বে একটি তদারকি কমিটি গঠনের কথা বলা হয়েছে। এতে নৌপরিবহন অধিদপ্তর, নৌ–বাণিজ্য দপ্তর, সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, কাস্টমস এবং জাহাজ মালিক সংগঠনের প্রতিনিধিত্ব রাখার বিধান রয়েছে। অন্যদিকে দৈনন্দিন কার্যক্রম তদারকির জন্য এক বা একাধিক উপ–কমিটি গঠনের ক্ষমতাও মহাপরিচালককে দেওয়া হয়েছে। বিডব্লিউটিসিসির কার্যক্রমে স্টেকহোল্ডারদের প্রতিনিধিত্ব থাকলেও সার্বিক সরকারি তদারকি ও প্রশাসনিক নিয়ন্ত্রণের বিষয়টি নীতিমালায় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
এ পরিস্থিতিতে ৮ নভেম্বর চট্টগ্রাম চেম্বারে তিন সংগঠন বৈঠক করে ১৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। এতে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের (কোয়াব) সভাপতি গাজী বেলায়েত হোসেন মিঠুকে কনভেনর করা হয়। কমিটিতে তিনটি জাহাজ মালিক সংগঠনের পাশাপাশি বাংলাদেশ রিভার ট্রান্সপোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের পূর্বানুমোদন ছাড়া এ কমিটি গঠন করা হয়েছে বলে আপত্তি তোলা হয়। নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমিটি গঠনের উদ্যোগকে সরকারি নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক বলে অভিহিত করেন। তদারকি কমিটি ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার উপ–কমিটি গঠনের ক্ষমতা সরকারি নীতিমালায় অধিদপ্তরের ওপর ন্যস্ত। ফলে তিনটি বেসরকারি সংগঠনের পারস্পরিক সমঝোতায় গঠিত কমিটি এবং সরকারি কর্তৃপক্ষের অনুমোদিত কমিটির মধ্যে কর্তৃত্বের প্রশ্ন দেখা দিয়েছে।
৮ নভেম্বরের কমিটি গঠনের পর ১০ নভেম্বর নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক বিডব্লিউটিসিসির দৈনন্দিন কার্যক্রম তদারকির জন্য সাত সদস্যের একটি উপ–কমিটি গঠন করেন। এই কমিটিতে কমিটির কনভেনর করা হয় সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাঈদ আহমেদকে। এতে জাহাজ মালিকদের পক্ষে লোকাল এজেন্টদের সংগঠনের প্রতিনিধি, পণ্যের এজেন্টদের সংগঠন এবং নৌপরিবহন অধিদপ্তরের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়।
নতুন উপ–কমিটি গঠনের পর বিসিভোয়ার সভাপতি হিসেবে গাজী বেলায়েত হোসেনের পক্ষ থেকে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে আইনি নোটিশ দেওয়া হয়। নোটিশে ১০ নভেম্বরের সরকারি আদেশ প্রত্যাহার এবং উপ–কমিটি পুনর্গঠনের দাবি জানানো হয়েছে। ইতোমধ্যে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক ওই লিগ্যাল নোটিশের জবাব দিয়েছেন। এতে কোয়াবের সভাপতি হিসেবে গাজী বেলায়েত হোসেন মিঠুর পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
সবকিছু মিলে বিডব্লিউটিসিসি নিয়ে সংকট প্রকট হচ্ছে। সাধারণ জাহাজ মালিকদের মাঝে বিষয়টি নিয়ে তৈরি হচ্ছে অসন্তোষ। গাজী বেলায়েত হোসেন মিঠুর বিরুদ্ধে অতীতে দায়িত্বে থাকাকালে সাধারণ জাহাজ মালিকদের অর্থ আত্মসাৎসহ নানা আর্থিক কেলেংকারির অভিযোগ রয়েছে। সরকারি তদারকিতে চলা একটি প্রতিষ্ঠানকে সমৃদ্ধ না করে ধ্বংস করার অপচেষ্টার জন্যও জাহাজ মালিকদের কেউ কেউ এই উদ্যোগের বিরোধিতা করছেন। সাধারণ জাহাজ মালিকদের অনেক টাকা আটকা পড়ে রয়েছে। অর্থ আত্মসাৎসহ আর্থিক কেলেংকারি তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ জাহাজ মালিকরা।
কয়েকজন জাহাজ মালিক বিষয়টিতে সরকারি তদারকির দরকার নেই দাবি করে বলেছেন, আমাদের জাহাজ কীভাবে চালাব তার সিদ্ধান্ত আমরাই নেব। সেখানে সরকারি খবরদারি থাকার দরকার কী? আমরা অনিয়ম বা প্রচলিত আইন লংঘন করছি কি না সেটিই নৌপরিবহন অধিদপ্তর দেখবে।
সংকট নিরসনে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক আজ থেকে আগামী ৫ দিন জাহাজ মালিকদের তিনটি সংগঠন এবং লোকাল এজেন্ট ও পণ্যের এজেন্টদের সংগঠনের সাথে আলাদাভাবে বৈঠক আহ্বান করেছেন। সাধারণ জাহাজ মালিকরা বিডব্লিউটিসিসিকে রক্ষা, সিরিয়ালবিহীন জাহাজ চলাচল বন্ধ, জাহাজ মালিকদের আটকে থাকা বকেয়া পরিশোধসহ সেক্টরটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।












