ফটিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহতের এক সপ্তাহ পর মোহাম্মদ বারেক আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বারেক আলী ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা এলাকার রমজান আলী সিকদার বাড়ির মোহাম্মদ মুছার ছেলে। গত মাসের ১৪ তারিখ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি।
জানা গেছে, গত ৭ নভেম্বর উপজেলার লেলাং ইউনিয়নের চাড়ালিয়া হাটের দক্ষিণ পাশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিসান নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন বারেক আলী। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর গতকাল সকালে তার মৃত্যু হয়।
বারেক আলীর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মাত্র এক মাস আগে বিবাহিত জীবনে পা রাখা এই যুবকের মৃত্যুতে শোকাহত স্বজনেরা।












