পথেরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত

ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় বিরোধ

রাউজান প্রতিনিধি | রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ৬:১৩ পূর্বাহ্ণ

রাউজানের নোয়াপাড়া পথেরহাটের এক ব্যবসায়ীকে তার দোকানের ভেতর ছুরিকাঘাত করা হয়েছে। এই ঘটনা ঘটেছে গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে। ছুরিকাহত ওই ব্যবসায়ীর নাম মোহাম্মদ মুরাদ (৩৩)। তিনি নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া গ্রামের ব্যবসায়ী সামশুল আলমের পুত্র। আহত ব্যবসায়ীকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেয়াকে কেন্দ্র করে নিজ পাড়ার মোহাম্মদ শফির ছেলে মোহাম্মদ সাব্বিরের (৩৪) সাথে ব্যবসায়ী মুরাদের বিরোধ চলে আসছিল। এই বিরোধের সূত্র ধরে এই ঘটনা ঘটে।

স্থানীয় জনসাধারণ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার আগে ব্যবসায়ী মুরাদ পথেরহাটে খায়েজ মার্কেটের ভেতর ছিলেন। সেখানে তাকে আক্রমণ করার চেষ্টা করলে তিনি আত্মরক্ষার্থে দৌঁড়ে পার্শ্ববর্তী আমীর মার্কেটে তার দোকান মৌসুমী স্টোরের দিকে আসেন। তখন আক্রমণকারী তাকে ধরে ফেলে মারধর শুরু করে। পরে মুরাদ নিজের দোকানে ঢুকে পড়লে আক্রমণকারী সেখানে তাকে ছুরিকাঘাত করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুরাদ মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারী পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে আহত মুরাদকে নগরের একটি হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনা দেখে পথেরহাটে আতংক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ পৌঁছার আগেই আহত ব্যবসায়ীকে নগরীর একটি হাসপাতালে নিয়ে গেছে বলে জেনেছি। হামলাকারী পুলিশ আসার আগেই পালিয়ে গেছে। তিনি বলেন, খবর নিয়ে জানতে পেরেছি ফেসবুকে দেয়া একটি পোস্টকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এই ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের
পরবর্তী নিবন্ধলঘুচাপ রূপ নিল সুস্পষ্ট লঘুচাপে