চট্টগ্রামের রাউজানে বিয়ের ৪ মাস ৪ দিনের মাথায় রিমা দে নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টায় রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সৎসঙ্গ মন্দিরসংলগ্ন শ্বশুরবাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিমা ফটিকছড়ি উপজেলার ২ নম্বর কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টেকবাড়িয়া চা-বাগানসংলগ্ন এলাকার খোকন দে ও প্রভা রাণী দের মেয়ে।
জানা যায়, চার মাস চার দিন আগে রিমা দের সঙ্গে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সৎসঙ্গ মন্দিরসংলগ্ন এলাকার খাস্তগীর বাড়ির অশোক খাস্তগীরের ছেলে অয়ন দের (২৬) বিয়ে হয়।
রিমার মা প্রভা রাণী দে আজাদীকে বলেন, শনিবার বিকেল ৩টার দিকে সিঁড়ি থেকে পড়ে তাঁর মেয়ে আঘাত পেয়েছেন এবং তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছে জানিয়ে ফোন করা হয়। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চৌধুরীহাট হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে খোঁজ করেও তাঁদের পাননি।
পরে রাউজানে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে তাঁর মরদেহ পান। মরদেহ পাওয়ার পর তাঁদের জানানো হয়, তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন। মেয়ের নাকের পাশে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি করেন তিনি।
মেয়েকে নির্যাতনের পর বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন প্রভা রাণী দে।
স্থানীয় রাজনীতিক ও সমাজসেবক শাহাদাত মির্জা বলেন, এলাকায় হইচইয়ের খবর পেয়ে তিনি সেখানে যান। গিয়ে দেখেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে। যাঁরা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছিলেন, তাঁরা নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে তাঁকে জানিয়েছেন। পরে নিহতের ঘরের আসবাবপত্রও ভাঙচুর অবস্থায় দেখতে পান বলে জানান তিনি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা জানা যাবে। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগ:
স্লাগ- চট্টগ্রাম – হত্যা-রাউজান।












