বিয়ের মাত্র এক মাস হয়েছে। নতুন সংসার নিয়ে কত পরিকল্পনা ছিল মোহাম্মদ বারেক আলীর। কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় সবকিছু এলোমেলো হয়ে গেল।
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষ পর্যন্ত আর ফেরা হলো না। আজ শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বারেক।
বারেক আলী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা এলাকার রমজান আলী সিকদার বাড়ির মোহাম্মদ মুছার ছেলে। গত ১৪ অক্টোবর বিয়ে করেছিলেন তিনি। বিয়ের এক মাস না পেরোতেই তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। যে বাড়িতে কিছুদিন আগেও ছিল বিয়ের আনন্দ, সেখানে এখন স্বজনদের আহাজারি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর উপজেলার লেলাং ইউনিয়নের চাড়ালিয়া হাটের দক্ষিণ পাশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই বাড়ির জিসান নামের এক যুবক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত হন বারেক আলী। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মেডিক্যাল কলেজে এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন বারেক। তাঁর সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু শনিবার সকালে সেই অপেক্ষার অবসান হয় তাঁর মৃত্যুর মধ্য দিয়ে।
বিয়ের পর নতুন সংসার শুরু করেছিলেন বারেক। কিন্তু স্ত্রীকে নিয়ে জীবন গুছিয়ে নেওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হলো। তাঁর এমন অকালমৃত্যুতে শোকাহত স্বজন ও এলাকাবাসী।










