১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি আবার মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেছেন, রাজপথের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা তাঁদের রয়েছে। তাই রাজপথের বিশৃঙ্খলা সৃষ্টি করে তাঁদের ভয় দেখানোর চেষ্টা করে লাভ হবে না।
আজ শনিবার সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম নগরের লালখান বাজারে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। মীর হেলাল বলেন, ‘আমি মীর হেলাল রাজপথ থেকে উঠে এসে আজ এখানে বসেছি। আমরা কেউ হঠাৎ করে এখানে আসিনি। মঞ্চে যাঁরা আছেন, মঞ্চের সামনে ও আশপাশে যাঁরা আছেন, তাঁরা সবাই রাজপথের পরীক্ষিত সৈনিক। তাই আমাদের রাজপথের বিশৃঙ্খলার ভয় দেখাবেন না। আপনারা যে ধরনের কাজ করতে চাচ্ছেন, সে ধরনের কাজের বহু অভিজ্ঞতা আমাদের রয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, আপনারা সেই যাত্রায় আমাদের সহযাত্রী হোন। আমরা আপনাদের সাদরে সঙ্গে নিয়ে কাজ করার সুযোগ করে দেব। কিন্তু দেশবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র করবেন না। তাহলে জেনে রাখবেন, এই চট্টগ্রামে প্রশাসনের প্রয়োজন হবে না। আমার দলের নেতা-কর্মীরাই এসব বিশৃঙ্খলাকারী ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিরোধ করতে যথেষ্ট।’
নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মীর হেলাল বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা ও দায়িত্ব ক্ষণস্থায়ী। কিন্তু মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক কবর পর্যন্ত। বিভক্তি নয়, ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করতে হবে।
সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ফুটওভারব্রিজটি পার হন। দৃষ্টিনন্দন এই ফুটওভারব্রিজ নির্মাণে সার্বিক সহযোগিতার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনকে ধন্যবাদ জানান তিনি।












