সবাইকে নিয়ে সম্প্রীতির দেশ গড়তে চায় বিএনপি

লোহাগাড়ায় ধর্ম প্রতিমন্ত্রী

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেছেন, আমরা সবাই বাংলাদেশি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রায়ই বলেন–ধর্ম যার যার, দেশটা সবার। বিএনপি একটি অসামপ্রদায়িক চেতনার দল। সবাইকে নিয়ে বিএনপি একটি সুন্দর, সমপ্রীতির ও উন্নত দেশ গড়তে বদ্ধপরিকর। ধর্ম যার যার, রাষ্ট্র সবার–নীতিকে সামনে রেখে সরকার কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, তা নিশ্চিত করা বর্তমান সরকারের অঙ্গীকার। সরকার মসজিদের পাশাপাশি মন্দির, গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ের জন্য বরাদ্দ সমানভাবে বন্টনের নীতি অনুসরণ করছে।

গতকাল শুক্রবার রাতে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা শান্তি বিহারে আয়োজিত কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রত্নানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া–সাতকানিয়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্না, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, সদস্য নাজমুল মোস্তফা আমিন প্রমুখ। বিহারের সাধারণ সম্পাদক রাজিব কান্তি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ বিন আখন্দ, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রকৃত শিক্ষা মানুষকে দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে
পরবর্তী নিবন্ধনারীর নিজের সময়: অবসর থেকে মি-টাইম